গত মঙ্গলবার রাত সোয়া ১১টা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পুরাতন ফজিলাতুন নেছা হলের রাস্তা দিয়ে যাচ্ছিলেন এক শিক্ষার্থী। এ সময় হঠাৎ তাঁর পিছু নেওয়া এক ব্যক্তি তাঁকে গলায় দড়ির মতো কিছু একটা দিয়ে পেঁচিয়ে টেনেহিঁচড়ে পাশের জঙ্গলে নিয়ে যায়। করে ধর্ষণচেষ্টা। কয়েকজন ছাত্র ওই দিক দিয়ে যাওয়ার সময় ভুক্তভোগী শিক্ষার্থীর চিৎকার শুনতে পান। তবে তিনি নিজেই পালিয়ে আসতে সক্ষম হন। ছাত্ররা অন্ধকার জঙ্গলে অভিযুক্ত ব্যক্তিকে খোঁজার চেষ্টা করেও পাননি, তাঁরা ভুক্তভোগী শিক্ষার্থীকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে যান। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
আজকের পত্রিকায় এমন একটি খবর প্রকাশিত হওয়ার পর নিশ্চয়ই পাঠকদের মনে প্রশ্ন জাগতে পারে, এখনো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো একটি নামকরা শিক্ষাপ্রতিষ্ঠান এতটা অনিরাপদ কেন? বহু ধর্ষণের ঘটনা এই জাবি ক্যাম্পাসে আগেও হয়েছে। তাহলে এখনো কেন নিরাপত্তার ঘাটতি থাকবে সেখানে?
জাবি ক্যাম্পাসটি এর নৈসর্গিক সৌন্দর্যের জন্য বরাবরই বহিরাগত ব্যক্তিদের আকর্ষণের তালিকায় রয়েছে। সেখানে শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সাধারণের আনাগোনা হয় প্রচুর। ক্যাম্পাসের ভেতর গাছপালায় ঘেরা নিরিবিলি অনেক জায়গা থাকায় সেখানে অপরাধও কম হয় না। সেসব অপরাধে কখনো জড়িত থাকে শিক্ষার্থীরা, কখনো বহিরাগত ব্যক্তিরা। ধর্ষণ কিংবা ধর্ষণচেষ্টার মতো ঘটনাগুলো সবচেয়ে বেশিই হয়তো হয়েছে জাবির জঙ্গলে। এ নিয়ে নানা সময় সচেতন শিক্ষার্থীরা গলা ফাটিয়ে প্রতিবাদ করলেও কোনো প্রতিকার মেলেনি। পঞ্চাশোর্ধ্ব বিশ্ববিদ্যালয়টি যেন অপরাধের সংস্কৃতি বয়ে বেড়াচ্ছে বছরের পর বছর। এমন অবস্থায় কোনো মা-বাবা তাঁদের সন্তানকে এই প্রতিষ্ঠানে জ্ঞান অর্জনের জন্য পাঠাতে চাইবেন?
অনেকের মনে পড়ে যেতে পারে, ১৯৯৮ সালে ছাত্রলীগের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জসিমউদ্দিন মানিক ১০০ নারী ধর্ষণ উদ্যাপন করেছিলেন। পরে ক্যাম্পাসে শুরু হয় ধর্ষণ ও যৌন হয়রানির সংস্কৃতির বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীদের বিক্ষোভ। বছরব্যাপী আন্দোলনের পর ক্যাম্পাসের অভ্যন্তরে অসংখ্য ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত জসিমউদ্দিন মানিক এবং তাঁর সশস্ত্র ক্যাডারদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়। ব্যস, এটুকুই হয়েছিল তাঁদের শাস্তি।
উপযুক্ত বিচার না হলে কিংবা বিচারহীনতার সংস্কৃতি কায়েম হলে দুষ্ট লোকেরা তো বারবার অপরাধের পথেই হাঁটবে। যেমনটা মানিক গং করত আন্দোলনকারীদের নানাভাবে হেনস্তা করে। এসব ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তো কিছুতেই দায় এড়াতে পারে না, এমনকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিচার বিভাগের স্বচ্ছতা নিয়েও সন্দেহ করা যায়।
বর্তমানে পুরো বিশ্ববিদ্যালয়ে এত এত সিসিটিভির নজরদারি থাকতেও কোন সাহসে সেখানে কেউ অপরাধ করতে যায়, তা এক রহস্য বটে। সাম্প্রতিক ঘটনাটিতেও সিসিটিভি ফুটেজে অপরাধীর মুখশ্রী দেখা গেছে, কিন্তু তাঁর পরিচয় পাওয়া যায়নি। আমরা আশা করব, এই ‘গুণধর’ যে-ই হোন না কেন, তাঁকে দ্রুত আইনের আওতায় এনে বিধি অনুযায়ী দণ্ড দেওয়া হবে। নয়তো মানিকদের মতো তিনিও বীরদর্পে চলাফেরা করতে পারবেন।

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০৩ সালে ইরাক যুদ্ধে জড়িয়েছিলেন। তার আগে ইরাকের হাতে ‘গণবিধ্বংসী’ অস্ত্র আছে দাবি করে ব্যাপক প্রচার চালিয়েছিল মার্কিন প্রশাসন ও সংবাদমাধ্যম। সেই দাবি কতটা সত্য ছিল, আজ সারা বিশ্ব জানে। তবে সেই যুদ্ধের একটি বিশেষ দিক ছিল, ইরাকে দীর্ঘদিনের...
১৭ ঘণ্টা আগে
ভারতের জাতীয় এবং তামিলনাড়ুর রাজনীতিতে সাবেক অভিনেতা জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয়ের উত্থান চমকের সৃষ্টি করেছে। অবশ্য তামিল রাজনীতিতে অভিনেতা থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া নতুন কোনো বিষয় নয়। বিজয়ের আগে এমজিআর—এমজি রামাচন্দ্রন এবং জয়ললিতা জয়রাম সিনেমার জগৎ থেকে এসে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন।
১৮ ঘণ্টা আগে
হরমুজ প্রণালি ঘিরে বর্তমান ভূরাজনৈতিক অস্থিরতা এখন শুধু জ্বালানি সংকটেই সীমাবদ্ধ নেই; এটি ধীরে ধীরে একটি সম্ভাব্য বৈশ্বিক খাদ্যসংকটে রূপ নিচ্ছে। এই প্রণালি দিয়ে বিশ্বের উল্লেখযোগ্য অংশের তেল, গ্যাস এবং সার পরিবাহিত হয়। ফলে এর ব্যাঘাত সরাসরি কৃষি উৎপাদন ও খাদ্য সরবরাহ ব্যবস্থাকে প্রভাবিত করছে।
১৮ ঘণ্টা আগে
‘মোহিনী’ অর্থ যে নারী সবাইকে মুগ্ধ করে। আর ‘আট্টম’ মানে নৃত্য। এই মোহিনী আর আট্টম শব্দ দুটি এক হয়ে নাম হয়েছে ভারতের কেরালা রাজ্যের একটি ঐতিহ্যবাহী ও সুপ্রসিদ্ধ শাস্ত্রীয় নৃত্যকলার—মোহিনীয়াট্টম। তাহলে শব্দযুগলটির অর্থ দাঁড়ায়, মুগ্ধকারিণীর নৃত্য! বোঝাই যাচ্ছে, এই নাচ শুধু নারীরাই পরিবেশন করেন।
১৮ ঘণ্টা আগে