
দেশের ৯৯ শতাংশ জনগোষ্ঠী ফোরজি নেটওয়ার্কের আওতায় এসেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি বলেছেন, বর্তমানে দেশে মোবাইল ফোন সংযোগ দাঁড়িয়েছে ১৮ দশমিক ৮৪ কোটিতে এবং ইন্টারনেট গ্রাহক ১৩ দশমিক ৩৬ কোটি। ফোরজি নেটওয়ার্ক দেশের ৯৯ শতাংশ জনগোষ্ঠী পর্যন্ত পৌঁছেছে। এসব অর্জন প্রমাণ করে যে ডিজিটাল অবকাঠামো এখন জাতীয় উন্নয়নের মূল ভিত্তি।
রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি (বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন) ভবনে আজ রোববার বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন। এ সময় তিনি তথ্যপ্রযুক্তি খাতকে সরকার দেশের প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও রপ্তানি সম্ভাবনার অন্যতম চালিকাশক্তি হিসেবে বিবেচনা করছে বলেও উল্লেখ করেন।
‘ডিজিটাল জীবনধারা: সংযোগে স্থিতি, সহনশীলতায় শক্তি’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল মো. এমদাদ উল বারী। তিনি বলেন, বিশ্বজুড়ে বর্তমানে প্রায় সাড়ে ১৭ লাখ কিলোমিটার সাবমেরিন ফাইবার অপটিক ক্যাবল বিস্তৃত রয়েছে, যার মাধ্যমে বিশ্বের ৯৯ শতাংশ ডেটা ট্রাফিক পরিচালিত হয়। ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় ডিজিটাল অবকাঠামোকে আরও নিরাপদ, শক্তিশালী ও সহনশীল করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ বলেন, মোবাইল গ্রাহকের সংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের শীর্ষ ২০ দেশের মধ্যে রয়েছে। আগামী পাঁচ বছরে সারা দেশে শক্তিশালী ফাইভজি নেটওয়ার্ক ও বিস্তৃত ফাইবার অপটিক অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি ‘এক নাগরিক, এক ওয়ালেট, এক আইডি’, জাতীয় ডেটা ব্যাংক এবং সরকারি সেবায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বৃদ্ধির উদ্যোগ তুলে ধরেন।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, ডিজিটাল জগতে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করা এখন সময়ের গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। মিসইনফরমেশন প্রতিরোধ এবং নিরাপদ ডিজিটাল পরিবেশ গঠনে সমন্বিত উদ্যোগ নেওয়ার ওপর জোর দেন তিনি।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রযুক্তির অগ্রগতি প্রশাসনিক সেবা দ্রুত মানুষের কাছে পৌঁছে দিতে সহায়তা করছে। দেশের বিমানবন্দরগুলোতে আধুনিক ডিজিটাল সুবিধা ও ফ্রি ওয়াইফাই সম্প্রসারণের উদ্যোগ চলমান রয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমি বলেন, ডিজিটাল সংযোগ এখন দেশের অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ ব্যবস্থাপনা ও নাগরিক সেবার অন্যতম ভিত্তি হিসেবে কাজ করছে। এআই, আইওটি, ফাইভজি, ক্লাউড কম্পিউটিং ও বিগ ডেটা প্রযুক্তি ভবিষ্যতের কর্মসংস্থান ও অর্থনীতির নতুন দিগন্ত উন্মোচন করবে বলেও মন্তব্য করেন তিনি।
টেলিযোগাযোগ দিবস উপলক্ষে আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) মহাসচিব ডোরিন বোগডান-মার্টিন ভিডিও বার্তায় বলেন, ডিজিটাল নেটওয়ার্ক এখন মানুষের ‘লাইফলাইন’ হিসেবে কাজ করছে। শক্তিশালী অবকাঠামো, আন্তর্জাতিক সহযোগিতা এবং ডিজিটাল দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন তিনি।
দিবসটি উপলক্ষে তিনটি বিভাগে অনলাইন রচনা প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। পাশাপাশি বিশেষ ক্রোড়পত্র, স্মারক ডাকটিকিট ও প্রযুক্তিভিত্তিক স্মরণিকা প্রকাশ করা হয়। এ ছাড়াও দিবসটি উপলক্ষে ১৭ ও ১৮ মে দুই দিনব্যাপী বিটিআরসি প্রাঙ্গণে আয়োজিত টেলিকম ও প্রযুক্তি মেলায় ৩০টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে।

নতুন গঠিত উপজেলা ও ইউনিয়ন পরিষদ অন্তর্ভুক্ত হওয়ায় ঠাকুরগাঁও-১ সহ ১১টি সংসদীয় আসনের সীমানা নিয়ে নতুন গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এর ফলে কাগজে কলমে আসন সীমানায় সংশোধন হলেও বাস্তবে কোনো পরিবর্তন আসবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা...
২১ মিনিট আগে
মানব পাচার ও অবৈধ অভিবাসনের শিকার বাংলাদেশি নাগরিকদের বিদেশ থেকে দেশে ফেরানোর প্রক্রিয়া আরও কার্যকর ও সমন্বিত করতে রিপ্যাট্রিয়েশন ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম (আরডিএমএস) চালু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
১ ঘণ্টা আগে
গত বৃহস্পতিবার গুম প্রতিরোধ ও প্রতিকার বিল এবং জাতীয় মানবাধিকার কমিশন বিল জাতীয় সংসদে তোলা হয়েছিল। বিল দুটি পরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য যথাক্রমে স্বরাষ্ট্র ও আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।
১ ঘণ্টা আগে
রাজধানীর প্রধান সড়কগুলোয় ই-রিকশা বা ব্যাটারিচালিত রিকশা চলাচল নিয়ে কথা বলেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী জানান, মূল সড়কগুলোয় এ ধরনের যানবাহন চলতে দেওয়া হবে না।
১ ঘণ্টা আগে