
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এর প্রভাব পড়েছে দেশেও। সরকারের তরফ থেকে জ্বালানির পর্যাপ্ত মজুত আছে বলে আশ্বস্ত করা হলেও দেশজুড়ে ফিলিং স্টেশনগুলোয় চাপ কমছে না। আতঙ্কিত হয়ে তেল কিনতে অনেকেই ভিড় করছেন রিফুয়েলিং স্টেশনগুলোয়। দেশের বিভিন্ন স্থানে ফিলিং স্টেশনগুলোয় আজ শনিবারও যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। অনেক জায়গায় তেল না পেয়ে ভোগান্তিতে পড়েন চালক ও সাধারণ গ্রাহকেরা।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করে। জবাবে ইরানও পাল্টা হামলা শুরু করে। এতে তেলসমৃদ্ধ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ছড়িয়ে পড়ে। ইরান হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন আটকে দিয়েছে। হামলার কারণে কাতারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) উৎপাদন বন্ধ রয়েছে। ফলে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়তে শুরু করেছে।

সংকট ও অতিরিক্ত চাহিদা মোকাবিলায় গতকাল শুক্রবার জ্বালানি তেল সরবরাহের ওপর নির্দিষ্ট সীমা নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। নতুন নির্দেশনায় একটি মোটরসাইকেলে দিনে সর্বোচ্চ দুই লিটার পেট্রল বা অকটেন দেওয়া হচ্ছে। ব্যক্তিগত গাড়ির জন্য ১০ লিটার এবং মাইক্রোবাসের জন্য ২০ থেকে ২৫ লিটার তেল নির্ধারণ করা হয়েছে।
আজ বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘আমি আগেও বলেছি, গতকালকেও বলেছি, আজকেও বলছি, তেল নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নাই। আমরা রেশনিংটা করেছি এই জন্যই যে যুদ্ধ শেষ হওয়া নিয়ে একটা অনিশ্চয়তা আছে। সে জন্য আমরা একটা রেশনিং করেছিলাম। কিন্তু মানুষ এই রেশনিংটাকে ভয় পেয়ে স্টক করা শুরু করেছে। আসলে আমাদের তেলের কোনো অভাব নাই।’ তিনি আরও বলেন, ‘৯ মার্চ আরও দুটা জাহাজ আসছে। সুতরাং, তেলের কোনো সমস্যা নাই।’
এরপরও আজ শনিবার রাজধানীসহ বিভিন্ন জেলার ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, মোটরসাইকেল, প্রাইভেট কার ও গণপরিবহনের চালকেরা তেল সংগ্রহের জন্য দীর্ঘ লাইনে অপেক্ষায় আছেন। অনেক পেট্রলপাম্পে যানবাহনের চার-পাঁচ স্তরের জটলা তৈরি হয়েছে। কোনো কোনো মোটরসাইকেলচালককে দুই ঘণ্টারও বেশি সময় অপেক্ষা করে কোটায় নির্ধারিত তেল নিতে দেখা গেছে। কিছু ফিলিং স্টেশনে নির্ধারিত সময়ের পর তেল বিক্রি বন্ধ রাখছে। এর আগেও গত বৃহস্পতি ও শুক্রবারও একই চিত্র দেখা গেছে।
ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, স্বাভাবিক সময়ের তুলনায় হঠাৎ করে চাহিদা বেড়ে যাওয়ায় অনেক স্টেশনেই জ্বালানি তেলের মজুত দ্রুত শেষ হয়ে যাচ্ছে। ফলে কিছু সময়ের জন্য বিক্রি বন্ধ রাখতে হচ্ছে।
পেট্রল ও অকটেন বিক্রির সীমা নির্ধারণ করায় বিপাকে পড়েছেন রাইড শেয়ারিং চালকেরা। নির্ধারিত পরিমাণের বেশি তেল না পাওয়ায় সারা দিন কাজ করতে গিয়ে সমস্যায় পড়ছেন তাঁরা। রাইড শেয়ারিং মোটরসাইকেলচালক আরিফ বলেন, ‘সারা দিন যাত্রী পরিবহন করতে গেলে কয়েকবার তেল নিতে হয়। কিন্তু পাম্পে লাইনে দাঁড়িয়ে সীমিত তেল পাওয়ায় সময় ও আয়—দুটোই কমে যাচ্ছে।’
রাজশাহীতে পুলিশ পাহারায় তেল বিক্রি
রাজশাহীর হজরত শাহমখদুম বিমানবন্দরের সামনে একটি ফিলিং স্টেশনে তেল নেওয়াকে কেন্দ্র করে হট্টগোলের ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং পুলিশের উপস্থিতিতেই তেল বিক্রি করা হয়।
এদিকে যশোরে পেট্রল, অকটেন ও ডিজেলের চাহিদা কয়েক গুণ বেড়ে গেছে। কিছু পেট্রলপাম্প আংশিক বা পুরোপুরি বন্ধ রাখার অভিযোগও উঠেছে। পাম্প কর্তৃপক্ষ বলছে, তিন দিনে স্বাভাবিকের তুলনায় প্রায় চার গুণ বেশি চাহিদা দেখা দিয়েছে।
মৌলভীবাজারে অতিরিক্ত দামে পেট্রল ও অকটেন বিক্রির অভিযোগ উঠেছে। কোথাও লিটারপ্রতি ১৩০ থেকে ১৩৫ টাকায় বিক্রি হচ্ছে। স্থানীয় বাসিন্দা রাহিন আহমেদ বলেন, ‘বেশির ভাগ পাম্প বন্ধ। বেশি টাকা দিলে তেল পাওয়া যায়।’
ডিজেল সরবরাহে সুনির্দিষ্ট নির্দেশনা না থাকায় কুড়িগ্রামে জেরিকেন ও ড্রামে তেল বিক্রি বন্ধ রেখেছে ফিলিং স্টেশনগুলো। এতে বোরো মৌসুমে সেচের জন্য ডিজেল না পেয়ে বিপাকে পড়েছেন কৃষকেরা। ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের বড়াইটারী গ্রামের কৃষক শরিফুল জানান, গ্রামে বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় এলাকার বেশির ভাগ কৃষক তেলচালিত অগভীর সেচপাম্প চালান। আজ সকালে স্থানীয় একটি ফিলিং স্টেশন থেকে ডিজেল না দিয়ে তাঁকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায় এবং রেঞ্জ ও ডিআইজি পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে বিসিএস (পুলিশ) ক্যাডারের উচ্চপদস্থ ১১ কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে।
৭ মিনিট আগে
হলফনামায় প্রার্থীর নির্ভরশীলদের আয়কর তথ্য দেওয়া ও জামিনে মুক্ত থাকলে আদালতের সত্যায়িত অনুলিপি দেওয়া ‘ঐচ্ছিক’ করা হয়েছে। আর আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন অভিযুক্ত হওয়ার বিষয়টি স্পষ্ট করা হয়েছে।
১৩ মিনিট আগে
আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র ও সাংবিধানিক আইনের শাসনের জন্য লড়াই করা প্রায় ৭০০ মানুষ গুমের শিকার হয়েছেন। বিএনপির সঙ্গে সম্পৃক্ত ছয় মিলিয়নের বেশি মানুষ রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন বলেও দাবি করেন তিনি।
১ ঘণ্টা আগে
দুদক সূত্র জানায়, আসিফ মাহমুদের বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার, সরকারি পদে নিয়োগ ও পদায়নে অর্থ লেনদেন, টেন্ডার-বাণিজ্য এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়মের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এসব অভিযোগের তথ্য-উপাত্ত যাচাইয়ের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি ও নথিপত্রের বিষয়ে অনুসন্ধান চলছে।
১ ঘণ্টা আগে