
সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন নারী অধিকারকর্মীরা। একই সঙ্গে সংসদে নারীর কার্যকর ও শক্তিশালী অংশগ্রহণ নিশ্চিত করারও আহ্বান জানিয়েছেন তারা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ শনিবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত এক প্রতিবাদ কর্মসূচি থেকে এসব দাবি জানানো হয়।
আন্তর্জাতিক নারী দিবস উদ্যাপন কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মসূচির মূল বিষয় ছিল—‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সংসদে নারীর প্রতিনিধিত্ব: বাস্তবতা ও প্রত্যাশা’। এতে বক্তারা বলেন, সাম্প্রতিক নির্বাচনে নারীদের অংশগ্রহণ কমে যাওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে। রাজনৈতিক দলগুলো খুব কমসংখ্যক নারীকে মনোনয়ন দিয়েছে এবং সরাসরি নির্বাচনে জয়ী হওয়া নারীর হারও কম।
প্রতিবাদ কর্মসূচির সমন্বয়ক ও নারীপক্ষের সদস্য তামান্না খান পপি বলেন, গত কয়েকটি নির্বাচনে কিছু ব্যতিক্রম ছাড়া সরাসরি আসনে নারীদের অংশগ্রহণ ধীরে ধীরে বাড়ছিল। তবে সর্বশেষ নির্বাচনে মনোনয়ন ও নির্বাচিত হওয়ার ক্ষেত্রে বড় ধরনের পতন দেখা গেছে।
ব্রেকিং দ্য সাইলেন্সের সদস্য লায়লা আরিফা খানম বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে দেশে গণতান্ত্রিক চর্চা পুনরুজ্জীবিত হবে এবং রাজনীতিতে নারীর অংশগ্রহণ বাড়বে—এমন প্রত্যাশা ছিল। নারী সংস্কার কমিশন রাজনৈতিক দলগুলোকে অন্তত ৫০ শতাংশ আসনে নারী মনোনয়ন দেওয়ার সুপারিশ করেছিল। অন্যদিকে নারী আন্দোলনের পক্ষ থেকে দাবি ছিল কমপক্ষে ৩৩ শতাংশ। কিন্তু বাস্তবে নারীরা গড়ে মাত্র ৩ দশমিক ৯৮ শতাংশ মনোনয়ন পেয়েছেন। নারী অধিকার সংগঠনগুলো দীর্ঘদিন ধরে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবি জানিয়ে আসছে। তাদের মতে, দলীয় মনোনয়নের পরিবর্তে সরাসরি নির্বাচনের মাধ্যমে সংরক্ষিত আসনের সদস্য নির্বাচন করা হলে নারীদের গণভিত্তি ও জবাবদিহি বাড়বে।
বক্তারা বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী হলেও সংসদে সেই অনুপাতে তাদের প্রতিনিধিত্ব নেই। তাই নারী সংসদ সদস্যদের সংসদীয় কার্যক্রম, স্থায়ী কমিটি এবং বিভিন্ন নেতৃত্বমূলক পদে আরও শক্তিশালী অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন।
পাশাপাশি সংরক্ষিত আসনের প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে স্বচ্ছ নীতিমালা প্রণয়ন ও জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। এ ছাড়া নারী সংসদ সদস্যদের দক্ষতা বৃদ্ধি, রাজনৈতিক দলগুলোর ভেতরে নারীদের জন্য প্রশিক্ষণ এবং সাইবার বুলিং ও ডিজিটাল হয়রানিসহ নারীর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
কর্মসূচিতে উইমেন উইথ ডিজঅ্যাবিলিটিজ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, কর্মজীবী নারী, শক্তি ফাউন্ডেশন, অ্যাকশনএইড বাংলাদেশ, ব্রতী, ব্রেকিং দ্য সাইলেন্স, গণস্বাস্থ্য কেন্দ্র, ব্র্যাক, কেয়ার বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন, ব্লাস্ট, ডিজঅ্যাবল চাইল্ড ফাউন্ডেশন ও নারীপক্ষসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বজুড়ে জ্বালানি তেল ও গ্যাসের সরবরাহ বিঘ্নিত হচ্ছে। এর প্রভাব পড়েছে দেশেও। সরকারের তরফ থেকে জ্বালানির পর্যাপ্ত মজুত আছে বলে আশ্বস্ত করা হলেও দেশজুড়ে ফিলিং স্টেশনগুলোয় চাপ কমছে না। আতঙ্কিত হয়ে তেল কিনতে অনেকেই ভিড় করছেন রিফুয়েলিং স্টেশনগুলোয়।
১ ঘণ্টা আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পরিকল্পিতভাবে যাকাত বণ্টন করা গেলে দারিদ্র বিমোচনে বড় ভূমিকা রাখা সম্ভব। এ লক্ষ্যে যাকাত ব্যবস্থাপনাকে আরও কার্যকর করতে সরকার পরিকল্পনা নিচ্ছে এবং এ ক্ষেত্রে আলেম-ওলামাদের সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিক্ষা, অর্থনীতি ও রাজনীতিসহ সব ক্ষেত্রে নারীর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। নারীর ক্ষমতায়ন ও নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
৩ ঘণ্টা আগে
পশ্চিমাঞ্চল ট্রেনের পাশাপাশি পূর্বাঞ্চলের ট্রেনের মধ্যে ঢাকা–সিলেট, ঢাকা–চট্টগ্রাম, ঢাকা–কক্সবাজার ও ঢাকা–জামালপুর রুটের ট্রেনগুলোর বেশির ভাগ আসন ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে...
৪ ঘণ্টা আগে