হেঁটে কিংবা সাইকেলে চেপে অনেকেই পাড়ি দিয়েছেন পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। আবার কেউ পাড়ি দিয়েছেন একেবারে আটলান্টিক আর অ্যান্টার্কটিকাও। সমতলের তুলনায় উত্তরের মেরুপথ পাড়ি দেওয়ার গল্পে ভিন্নতা আছে। ফলে এ গল্পের চরিত্রগুলোও ভিন্ন মানসিক গড়নের হয়ে থাকে। এমনই দুজন অভিযাত্রী অ্যান ব্যানক্রফট ও লিভ আর্নেসেন।
অ্যান ব্যানক্রফট আর্কটিক ও অ্যান্টার্কটিকা অভিযান সম্পন্ন করা প্রথম নারী। এমনকি হেঁটে ও স্লেজে উত্তর মেরু পৌঁছানো প্রথম নারীর খেতাবও তাঁরই ঝুলিতে। অন্যদিকে লিভ আর্নেসেন এককভাবে দক্ষিণ মেরুতে অভিযান করা প্রথম নারী। লিভ ৭৪৫ মাইল স্কি করে ৫০ দিনে দক্ষিণ মেরু পৌঁছেছিলেন।
১৯৫৩ সালের ১ জুন নরওয়েতে জন্মেছিলেন লিভ আর্নেসেন। সেখানেই বেড়ে উঠেছেন। ছোটবেলা থেকে তাঁর মা-বাবা তাঁকে ক্রস কান্ট্রি স্কিইং সম্পর্কে আগ্রহী করে তোলেন। এটি স্কিইংয়ের একটি ফর্ম, যেখানে স্কাইয়াররা স্কি লিফট বা অন্যান্য সাহায্য ছাড়াই তুষার আচ্ছাদিত ভূখণ্ড অতিক্রম করেন। আর্নেসেন স্কিংয়ের মধ্যেই বড় হয়েছেন বলা চলে। তাঁর জীবনে অ্যাডভেঞ্চারের অনুপ্রেরণা ছিলেন দক্ষিণ মেরুতে অভিযানকারী রোয়াল্ড আমুন্ডসেন।
অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের মিনেসোটার মেন্ডোটা হাইটসে ১৯৫৫ সালের ২৯ সেপ্টেম্বর জন্মেছিলেন অ্যান ব্যানক্রফট। তাঁর ২ বছর কেটেছে কেনিয়ায়। ৮ বছর বয়স থেকে কাজিনদের সঙ্গে মরুভূমি অভিযানের নেতৃত্ব দিতেন তিনি। ১৯৮৬ সালে উইল স্টেগার ইন্টারন্যাশনাল নর্থ পোল এক্সপিডিশনে অংশগ্রহণের জন্য তিনি শিক্ষকতা পেশা ছেড়ে দেন। স্লেজ গাড়িতে ৫৬ দিন চলার পর পাঁচ সদস্যের সঙ্গে উত্তর মেরুতে পৌঁছান এই আমেরিকান পোলার এক্সপ্লোরার। ১৯৯২-৯৩ সালে দক্ষিণ মেরুতে চার নারীকে নিয়ে অভিযানের নেতৃত্ব দেন ব্যানক্রফট। এই অভিযানটি ছিল দক্ষিণ মেরু অভিযানকারী নারীদের প্রথম দল।
অ্যান ব্যানক্রফট ও লিভ আর্নেসেন একসঙ্গে বেশ কিছু অভিযানে অংশ নিয়েছিলেন। তাঁরা ইতিহাসের প্রথম দুই নারী, যাঁরা অ্যান্টার্কটিকা অভিযান করেছিলেন স্কি করে। ২০০১ সালের এই অভিযানে তাঁরা ১ হাজার ৭১৭ মাইল বা ২ হাজার ৭৪৭ কিলোমিটারের ট্র্যাক সম্পন্ন করেছিলেন ৯৪ দিনে। এরপর ২০০৫ সালে লিভ ও অ্যান আর্কটিক মহাসাগর পাড়ি দেওয়ার একটি ঐতিহাসিক অভিযাত্রায় নেমেছিলেন। কিন্তু সে বছর আর্কটিক মহাসাগরে অভিযানে নিষেধাজ্ঞা দেওয়া হয় বলে সে প্রচেষ্টা বাতিল করতে বাধ্য হন তাঁরা।
২০০৭ সালের মার্চ মাসে অ্যান ও লিভ আবারও আর্কটিক মহাসাগর পাড়ি দেওয়ার পরিকল্পনা করেন। এর উদ্দেশ্য ছিল, বৈশ্বিক উষ্ণতার সমস্যার প্রতি দৃষ্টি আকর্ষণ করা। তবে পরে অভিযানটি বাতিল করা হয়েছিল প্রচণ্ড ঠান্ডায় তাঁদের কিছু ইলেকট্রনিক সরঞ্জাম নষ্ট হয়ে যাওয়া এবং তুষারপাতে লিভের পায়ের তিনটি আঙুলে সমস্যা দেখা দেওয়ায়।
অ্যান ব্যানক্রফট ও লিভ আর্নেসেনের মতো মানুষেরা শুধু মেরু অভিযানে নিজেদের সীমাবদ্ধ রাখেননি, তাঁরা জলবায়ু ও পরিবেশ নিয়েও প্রতিনিয়ত মানুষকে সচেতন করে তোলার কাজ করেন। তাঁরা দুজনই মোটিভেশনাল স্পিকার, শিক্ষক এবং অ্যাডভেঞ্চার গাইড। বলে বেড়ান বেঁচে থাকার গল্প, অনুপ্রেরণা আর অ্যাডভেঞ্চারের কথা। আবার এটাও বলেন, কীভাবে ধ্বংস হচ্ছে বৈশ্বিক আবহাওয়া ও জলবায়ু।

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, প্রাকৃতিক দুর্যোগ, প্রাণঘাতী বন্যা ও ভয়াবহ ভূমিধসের কারণে দেশটির বিভিন্ন ঝুঁকিপূর্ণ এবং পাহাড়ি এলাকায় ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে কাঠমান্ডুস্থ বাংলাদেশ দূতাবাস...
২ ঘণ্টা আগে
ঘুমের সময় ঘাড়, কাঁধ বা পিঠে ব্যথা হলে অনেকেই বিছানা বা গদির দিকে নজর দেন। কিন্তু সমস্যার কারণ হতে পারে বালিশও। ঘুমের ধরন, কাঁধের প্রস্থ, গদির নরম-শক্তভাব—এসব বিবেচনা করেই নিজের জন্য উপযুক্ত বালিশ বেছে নেওয়া উচিত বলে জানিয়েছেন ম্যানচেস্টার স্কুল অব ফিজিওথেরাপির সহযোগী অধ্যাপক ও ফিজিওথেরাপিস্ট
৬ ঘণ্টা আগে
কথায় আছে, বিড়ালের নয় জীবন। কিন্তু ভূমধ্যসাগরের দুই খুদে দ্বীপে গেলে মনে হবে, নয় জীবন নয়; একেবারে রাজ্য গড়ে সেখানে রাজত্ব করছে হাজার হাজার বিড়াল। একটি হলো ভূমধ্যসাগরের পূর্ব কোণের দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। অন্যটি স্পেনের ছোট্ট দ্বীপ নুয়েভা তাবারকা। মানুষের চেয়ে বিড়ালের দাপট যেখানে বেশি...
৬ ঘণ্টা আগে
অনেক সময় দেখা যায়, ক্যানসার ধরা পড়ে চতুর্থ স্টেজে গিয়ে। তখন কারও কারও ক্ষেত্রে কিছুই করার থাকে না। অথচ জীবনের শুরু থেকে সুস্থ ও সুন্দর জীবনযাপন মেনে চললে যেকোনো ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি কমানো সম্ভব।
১২ ঘণ্টা আগে