Ajker Patrika

পয়লা বৈশাখের তপ্ত রোদ আর ঘাম সইতে আপনার ত্বক তৈরি তো?

ফিচার ডেস্ক
পয়লা বৈশাখের তপ্ত রোদ আর ঘাম সইতে আপনার ত্বক তৈরি তো?
চালের গুঁড়োর প্রধান উপাদান হলো ‘স্টার্চ’, যা ত্বকের প্রাকৃতিক তেল না কমিয়েই অতিরিক্ত তৈলাক্ত ভাব শুষে নেয়। ছবি: পেক্সেলস

সামনেই আসছে খরতপ্ত গরম। আর তার হাত ধরেই বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ। উৎসবের দিনটিতে উজ্জ্বল ও সতেজ থাকতে আমরা কত কী-ই না করি! কিন্তু রোদে পোড়া ভাব, ঘাম আর তৈলাক্ত ত্বকের বিড়ম্বনায় উৎসবের আনন্দ মাটি হতে কতক্ষণ? অথচ আমাদের হাতের কাছেই, রান্নাঘরের চালের গুঁড়ার মধ্যেই লুকিয়ে আছে হাজার বছরের এশীয় রূপচর্চার রহস্য। চীন, জাপান বা কোরিয়ার নারীদের কাচের মতো স্বচ্ছ ত্বকের পেছনে এই চালের গুঁড়ার ভূমিকা কিন্তু অস্বীকার করার উপায় নেই। তবে সাধারণ রূপচর্চা আর ‘স্মার্ট’ রূপচর্চার মধ্যে পার্থক্য আছে।

কেন চালের গুঁড়া

গরমকালে ত্বকের প্রধান শত্রু হলো অতিরিক্ত তেল বা সিবাম এবং সূর্যের অতিবেগুনি রশ্মি। চালের গুঁড়ার প্রধান উপাদান হলো ‘স্টার্চ’, যা ত্বকের প্রাকৃতিক তেল না কমিয়েই অতিরিক্ত তৈলাক্ত ভাব শুষে নেয়। এ ছাড়া এতে থাকা ফেরুলিক অ্যাসিড এবং ফাইটিক অ্যাসিড ত্বককে ভেতর থেকে উজ্জ্বল করে এবং রোদে পোড়া দাগ কমাতে সাহায্য করে। যদিও অনেকে মনে করেন, চালের গুঁড়া সরাসরি সানস্ক্রিন হিসেবে কাজ করে। তবে চর্মরোগ বিশেষজ্ঞরা বলছেন, এটি সরাসরি রোদ আটকাতে না পারলেও রোদে পোড়া ত্বকের প্রদাহ কমাতে অতুলনীয়। এতে থাকা অ্যালানটোইন ত্বকের যেকোনো লালচে ভাব বা ইরিটেশন কমিয়ে প্রশান্তি দেয়। বিজ্ঞাপন বা ইউটিউব টিউটোরিয়াল দেখে নয়, বরং নিজের ত্বকের ভাষা বুঝে প্রাকৃতিকভাবে যত্ন নিন। পয়লা বৈশাখের উৎসবে রোদের সঙ্গে পাল্লা দিয়ে আপনার ত্বকও হাসুক প্রাণবন্ত আভা নিয়ে। এই গরমে ঘরোয়া টোটকাতেই খুঁজে নিন আপনার সেরা রূপ।

ত্বকের ধরন অনুযায়ী বৈশাখী ফেসপ্যাক

গরমের এই সময়ে কেবল চালের গুঁড়া ঘষলেই হবে না, বরং আপনার ত্বকের প্রয়োজন বুঝে প্যাক তৈরি করতে হবে।

তৈলাক্ত ত্বকের জন্য

যাদের মুখ কিছুক্ষণ পরপরই তেলতেলে হয়ে যায়, তারা ২ টেবিল চামচ চালের গুঁড়ার সঙ্গে ২ টেবিল চামচ মুলতানি মাটি এবং পরিমাণমতো গোলাপজল মিশিয়ে প্যাক তৈরি করুন। এটি ১০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। বৈশাখের প্রচণ্ড গরমেও আপনার ত্বক থাকবে ম্যাট ও ফ্রেশ।

রোদে পোড়া দাগ বা ট্যান দূর করতে

উৎসবের সকালে ত্বকে প্রাকৃতিক আভা আনতে ২ টেবিল চামচ চালের গুঁড়ার সঙ্গে এক চিমটি হলুদ এবং দুধ বা টক দই মিশিয়ে নিন। এই প্যাক ত্বকের মৃত কোষ সরিয়ে নিমেষেই উজ্জ্বলতা ফিরিয়ে আনবে।

খেয়াল রাখবেন, গুঁড়ো যেন একদম মিহি হয়। সব সময় হালকা হাতে ম্যাসাজ করুন এবং সপ্তাহে দুইবারের বেশি স্ক্রাবিং করবেন না। ছবি: পেক্সেলস
খেয়াল রাখবেন, গুঁড়ো যেন একদম মিহি হয়। সব সময় হালকা হাতে ম্যাসাজ করুন এবং সপ্তাহে দুইবারের বেশি স্ক্রাবিং করবেন না। ছবি: পেক্সেলস

সংবেদনশীল বা সেনসিটিভ ত্বকের জন্য

রোদ থেকে আসার পর যদি ত্বক জ্বালাপোড়া করে, তবে ২ টেবিল চামচ চালের গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে প্যাকটি লাগিয়ে রাখুন। টক দইয়ের কুলিং ইফেক্ট আর চালের গুঁড়ার অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ত্বককে শান্ত করবে।

শুষ্ক ত্বকের জন্য

১ টেবিল চামচ চালের গুঁড়ার সঙ্গে ১ টেবিল চামচ মধু এবং অল্প একটু চটকানো অ্যাভোকাডো বা অলিভ অয়েল মিশিয়ে নিন। এটি ত্বককে এক্সফোলিয়েট করার পাশাপাশি আর্দ্রতাও বজায় রাখবে।

স্ক্রাবিংয়ে সতর্কতা

চালের গুঁড়া একটি চমৎকার ন্যাচারাল এক্সফোলিয়েটর। তবে খেয়াল রাখবেন, গুঁড়া যেন একদম মিহি হয়। খুব বেশি দানাদার গুঁড়া দিয়ে জোরে ঘষলে ত্বকের টিস্যুতে সূক্ষ্ম আঁচড় পড়তে পারে। তাই সব সময় হালকা হাতে ম্যাসাজ করুন এবং সপ্তাহে দুবারের বেশি স্ক্রাবিং করবেন না।

সূত্র: হেলথ লাইন, হেলথ শর্টস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত