Ajker Patrika

এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট, অসহিষ্ণু হলে চলবে না—হাসনাতকে স্পিকার

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১০ এপ্রিল ২০২৬, ২১: ০৯
এটা শাহবাগ নয়, এটা পার্লামেন্ট, অসহিষ্ণু হলে চলবে না—হাসনাতকে স্পিকার
ছবি: ভিডিও থেকে

‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ বিল সংশোধিত আকারে পাস হওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক সমঝোতা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগ এনে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধী দলের সদস্যরা সংসদকক্ষ ত্যাগ করেন।

ওয়াকআউটের আগে শফিকুর রহমান বলেন, ‘আজ আমরা দুঃখ নিয়ে সংসদ থেকে ওয়াকআউট করছি।’

এর আগে মাগরিবের বিরতির আগে বিলটি নিয়ে আলোচনা শুরু হয়। বিশেষ কমিটি অধ্যাদেশটি হুবহু অনুমোদনের সুপারিশ করলেও সরকারের নিয়ন্ত্রণ বাড়ে, এমন তিনটি সংশোধনী এনে বিলটি পাস করা হয়। এ নিয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম প্রতিবাদ জানালে সরকারি দল ও বিরোধী দলের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়।

বক্তব্য দেওয়ার সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ অতীতের সংসদ ও বর্তমান সংসদের তুলনা করেন। অতীতের তুলনায় বর্তমান সংসদকে সুশৃঙ্খল, প্রাণবন্ত ও কার্যকর বলেও অভিহিত করেন।

স্পিকারের বক্তব্যের সময় কুমিল্লা-৪ আসনের এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ দাঁড়িয়ে হইচই করলে স্পিকার বলেন, ‘এত অসহিষ্ণু চলে চলবে না, মিস্টার আবদুল্লাহ। দিস ইজ নট শাহবাগ স্কয়ার। দিস ইজ পার্লামেন্ট। এখানে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। শুনতে হবে।’

স্পিকারের এই মন্তব্যের পর সংসদে জোরে চিৎকার-চেঁচামেচি শোনা যায়। এর মধ্যে স্পিকার কথা বলতে থাকেন। তিনি বলেন, ‘এখানে (সংসদে) মৌখিক কথা বলার স্কোপ খুবই কম। নোটিশ দেবেন। আমরা তা আমলে নেব।’

বিল পাসের পর নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংশোধনীর মাধ্যমে রাজনৈতিক সমঝোতা ভঙ্গ করা হয়েছে এবং ছলচাতুরীর মাধ্যমে বিলটি পাস করা হয়েছে। জবাবে আইনমন্ত্রী বলেন, সংশোধনী একজন বেসরকারি সদস্য এনেছেন, সরকার নয়; প্রয়োজনে ভবিষ্যতে বিলটি সংশোধন করা যেতে পারে।

আইনমন্ত্রীর এমন বক্তব্যের পর বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, ‘বেসরকারি সদস্য বিল আনলে তো মন্ত্রী সেটা গ্রহণ না করলেও পারতেন। এটি ছিল দিনদুপুরে একটা ছলচাতুরী, জোচ্চুরির মাধ্যমে বিল সংশোধনীসহ পাস করে নেওয়া হয়েছে।’ তিনি বলেন, সরকারি দলের সংখ্যাগরিষ্ঠতা আছে, তারা চাইলে যেকোনো আইন পাস করতে পারে, কিন্তু বিরোধী দলের ভূমিকা যদি শুধু হাত তোলায় সীমাবদ্ধ করে দেওয়া হয়, তাহলে সংসদে থাকার অর্থ থাকে না।

বিষয়টি নিয়ে সরকারি দল ও বিরোধী দলের সঙ্গে বিতর্কের একপর্যায়ে সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলের সংসদ সদস্যরা।

অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ সংশোধিত আকারে অনুমোদন করে জাতীয় সংসদ। সংশোধনী এনে সংস্কৃতিমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে এই জাদুঘরের পর্ষদের সভাপতি করা এবং জনস্বার্থে সরকারকে যেকোনো সময় যেকোনো সদস্যের মনোনয়ন বাতিলের ক্ষমতা যুক্ত করা হয়েছে। অধ্যাদেশটি সংসদে হুবহু ঠিক রেখে বিল আনা হয়েছিল। তবে এই বিলে তিনটি সংশোধনী প্রস্তাব দেন সরকারি দলের সংসদ সদস্য আনিসুর রহমান। তাঁর তিনটি সংশোধনী প্রস্তাবই গৃহীত হয়।

আনিসুর রহমান সংশোধনী আনার প্রস্তাব দেওয়ার পর এ বিষয়ে বিরোধী দলের সদস্যরা আপত্তি জানান। তবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, আইন প্রণয়নপ্রক্রিয়ার এই পর্যায়ে এসে এভাবে আপত্তি জানানোর সুযোগ নেই। বিরোধী দলের সদস্যদের আগেই সংশোধনী প্রস্তাব দেওয়া উচিত ছিল। পরে সরকারি দলের সদস্যের আনা সংশোধনী প্রস্তাব তিনটিই গ্রহণ করা হয় এবং কণ্ঠভোটে বিলটি সংসদে পাস হয়।

অধ্যাদেশে পর্ষদের সভাপতির বিষয়ে বলা ছিল, সরকার কর্তৃক নির্ধারিত শর্তে নিযুক্ত শিক্ষা, ইতিহাস, সাহিত্য বা সংস্কৃতির ক্ষেত্রে কোনো প্রথিতযশা বিশেষজ্ঞ একজন ব্যক্তি পর্ষদের সভাপতি হবেন। এখানে সংশোধনী এনে সংস্কৃতিমন্ত্রী বা প্রতিমন্ত্রীকে পর্ষদের সভাপতি করার বিধান করা হয়েছে।

অধ্যাদেশে বলা ছিল, ‘পর্ষদের কোনো সদস্য যেকোনো সময় সরকারের উদ্দেশে স্বাক্ষরযুক্ত পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারবেন।’ এখানে সংশোধনী এনে বলা হয়েছে, পর্ষদের কোনো সদস্য বা সভাপতি যেকোনো সময় সরকারের উদ্দেশে পত্রের মাধ্যমে পদত্যাগ করতে পারবেন। অথবা সরকার জনস্বার্থে যেকোনো সময় যেকোনো সদস্যের মনোনয়ন বাতিল করতে পারবে।

অধ্যাদেশে বলা আছে, পর্ষদের সভাপতি মনোনয়নের তারিখ থেকে তিন বছর পদে থাকবেন এবং অনধিক এক মেয়াদের জন্য পুনমনোনয়নের যোগ্য হবেন। এটা বাদ দেওয়ার জন্য সংশোধনী প্রস্তাব দেন সরকারি দলের ওই সদস্য। এটিও গৃহীত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলার জয়যাত্রা, শারজা বন্দরে ফিরে যাচ্ছে

আপনার জিজ্ঞাসা: হজের সময় ঋতুস্রাব শুরু হলে নারীদের করণীয়

৪০ দিনের যুদ্ধে ইসরায়েলের খরচ কত, ক্ষতিপূরণের আবেদনই পড়েছে ২৮২৩৭টি

ছেলেকে নিয়োগ দিতে সুন্দরগঞ্জে মাদ্রাসা সুপারের জালিয়াতি

ইসলামাবাদে সাজ সাজ রব: ত্রিমাত্রিক সুরক্ষা বলয়, দুই দিনের ছুটি ও ভিসামুক্ত প্রবেশাধিকার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত