Ajker Patrika

ভূত চতুর্দশীর চৌদ্দ শাক

ফিচার ডেস্ক
ভূত চতুর্দশীর চৌদ্দ শাক
ছবি: আফরোজা খানম মুক্তা

পশ্চিমা দেশগুলোয় অক্টোবরের শেষ দিন পালিত হয় হ্যালোইন। এটি তাদের পূর্বপুরুষদের আত্মার মুক্তির জন্য প্রার্থনার দিন। হ্যালোইনে সাধারণত মিষ্টিজাতীয় খাবার, কুমড়া ও আপেল দিয়ে তৈরি ঐতিহ্যবাহী কিছু বিশেষ খাবার খাওয়া হয়। শীত আসার আগে পরদেশি ভূত নিয়ে মেতে থাকলে চলবে? আমাদের বুঝি ভূত উৎসব নেই? পঞ্জিকা অনুযায়ী কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিকে বলা হয় ভূত চতুর্দশী। বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গে কালীপূজার আগের দিন এই তিথি বিশেষ আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্‌যাপিত হয়। লোকবিশ্বাসে দিনটি জীবিত ও মৃতের জগতের এক বিশেষ সংযোগের ক্ষণ। তাই প্রয়াত পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানো এবং অশুভ শক্তিকে দূরে রাখার উদ্দেশ্যে নানা আচার পালনের রীতি গড়ে উঠেছে।

ভূত চতুর্দশী ও চৌদ্দ শাক খাওয়ার রীতি

হ্যালোইন উৎসবে কুমড়ার পাই, স্য়ুপ ও ভৌতিক সাজে বিভিন্ন ধরনের খাবার খাওয়া হয়। আর বাংলার ভূত চতুর্দশীতে পরিচিত রীতি চৌদ্দ শাক ও চৌদ্দ প্রদীপ। লোকবিশ্বাসে মানুষের শরীরের চৌদ্দটি জায়গায় নাড়ির অবস্থান, অর্থাৎ মানুষের প্রাণের অস্তিত্ব অনুভব করা যায় এই জায়গাগুলোতে। তাই ১৪ পদের শাক খাওয়াকে শরীর ও মনের শুদ্ধির প্রতীক হিসেবে দেখা হয়। শাস্ত্রীয় চৌদ্দটি শাক হলো ওলশাক, কেঁউশাক, বেতোশাক, কালকাসুন্দাশাক, নিমপাতা, সরিষাশাক, শালিঞ্চাশাক, জয়ন্তীপাতা, গুলঞ্চশাক, পলতাশাক, ঘেঁটু বা ভাঁটপাতা, হিঞ্চেশাক, শুষনিশাক এবং শেলুশাক। তবে অঞ্চল, পরিবার ও প্রাপ্যতার ওপর উপকরণ বদলে যায়। এককথায় স্থানীয়ভাবে যে চৌদ্দ ধরনের শাক পাওয়া যায়, সেগুলো দিয়েই তৈরি হয় দিনের বিশেষ পদ। অনেক পরিবারে আবার বাজারে পাওয়া শাকের সঙ্গে বাড়ির বাগানের শাকও যোগ করা হয়। শহরে সবাই হয়তো চৌদ্দ রকম শাক সংগ্রহ করেন না, কিন্তু এখনো বহু পরিবার প্রতীকীভাবে কয়েক ধরনের শাক রান্না করেন এবং সন্ধ্যায় প্রদীপ জ্বালান।

যেভাবে চৌদ্দ শাক রান্না হয়

প্রথমে শাকগুলো ভালোভাবে বেছে ধুয়ে নিতে হয়। এরপর শাক কুচি করে কেটে কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে শুকনো মরিচ ও সামান্য পাঁচফোড়ন দেওয়া হয়। ফোড়নের গন্ধ বের হলে শাক দিয়ে নেড়ে সামান্য লবণ দিয়ে অল্প আঁচে রান্না করা হয়।

আরও যেসব খাবার

ভূত চতুর্দশীর খাবার হিসেবে বাঙালি বাড়িতে ভোজে থাকে ভাত, ডাল, শাক এবং নানা নিরামিষ পদ। কোথাও তেতো দিয়ে খাবার শুরুর রীতি রয়েছে, কোথাও আবার মাছ-মাংস বাদ দিয়ে সম্পূর্ণ নিরামিষ আহার করা হয়।

ভূত চতুর্দশীতে চৌদ্দ শাক আর চৌদ্দ প্রদীপের ঐতিহ্য এখনো বাংলার খাদ্যসংস্কৃতির এক অনন্য অধ্যায় হয়ে আছে। কারণ, ভূত চতুর্দশী শুধু অশরীরী আত্মার উৎসব নয়; এটি ঋতু, বিশ্বাস এবং খাবারের মাধ্যমে প্রজন্ম থেকে প্রজন্মে বয়ে চলা এক সংস্কৃতিও। এ ছাড়া চৌদ্দ শাক খাওয়ার রয়েছে স্বাস্থ্যগত ও ঋতুগত কারণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত