Ajker Patrika

ময়মনসিংহ বোর্ডে ১৯ প্রতিষ্ঠানে শতভাগ ফেল, এমপিও বাতিলের হুঁশিয়ারি

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২৬, ২১: ৫১
ময়মনসিংহ বোর্ডে ১৯ প্রতিষ্ঠানে শতভাগ ফেল, এমপিও বাতিলের হুঁশিয়ারি
ঈশ্বরগঞ্জ উপজেলার কোনাপাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ। ছবি: আজকের পত্রিকা

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেননি। এসব প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১০২ জনই অকৃতকার্য হয়েছেন। এ ঘটনায় প্রতিষ্ঠানপ্রধানদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে শিক্ষা বোর্ড। জবাব সন্তোষজনক না হলে শিক্ষকদের বেতন-ভাতাসহ এমপিও বাতিলের ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বোর্ডের অধীনে ৩১৫টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৭৩ হাজার ৪২০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেন। তাঁদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩৬ হাজার ৩৫৪ জন। পাসের হার ৫১ দশমিক ৪৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ১৩৭ জন।

জেলাভিত্তিক হিসাবে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি ময়মনসিংহে। এ জেলার সাতটি প্রতিষ্ঠানের ৪৩ জন পরীক্ষার্থীর কেউ পাস করেননি। এ ছাড়া নেত্রকোনার ছয়টি প্রতিষ্ঠানের ৩৩ জন, জামালপুরের চারটি প্রতিষ্ঠানের ১৮ জন এবং শেরপুরের দুটি প্রতিষ্ঠানের আটজন পরীক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ময়মনসিংহের তারাকান্দা উপজেলার এইচ. এ. ডিজিটাল কলেজে। প্রতিষ্ঠানটি থেকে ২৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই ফেল করেছেন। নেত্রকোনার পূর্বধলা উপজেলার এমবিশন মডেল কলেজের ১৬ পরীক্ষার্থীরও কেউ পাস করতে পারেননি।

ময়মনসিংহের সাতটি প্রতিষ্ঠানের মধ্যে ঈশ্বরগঞ্জের কোনাপাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে ছয়জন এবং চরজিথর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে একজন পরীক্ষার্থী ছিলেন। এ ছাড়া হালুয়াঘাটের বাঘাইতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে পাঁচজন, ত্রিশালের আউলিয়া নগর কলেজে পাঁচজন, নান্দাইলের অ্যাডভোকেট আব্দুল হাই কলেজে দুজন এবং বেরীলা কে. এ. হাই স্কুল অ্যান্ড কলেজে একজন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই অকৃতকার্য হয়েছেন।

এর মধ্যে তারাকান্দার এইচ. এ. ডিজিটাল কলেজের কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠেছে। সরেজমিনে নির্ধারিত ঠিকানায় গিয়ে কোনো শিক্ষা কার্যক্রমের অস্তিত্ব পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, একসময় ভাড়া করা জায়গায় কলেজটির কার্যক্রম চললেও বর্তমানে সেখানে পাঠদান হয় না।

ঈশ্বরগঞ্জের চরজিথর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. সেলিম জানান, কাগজে-কলমে কলেজটিতে ১০ জন শিক্ষক ছিলেন। তাঁদের মধ্যে তিনজন অন্যত্র চলে গেছেন। বর্তমানে সাতজন শিক্ষক থাকলেও কেউ কলেজে আসেন না। কলেজ শাখাটি এমপিওভুক্ত না হওয়ায় তাঁরা বেতন পান না। প্রায় ১০ বছর বিনা পারিশ্রমিকে পাঠদান করার পর শিক্ষকেরা কার্যক্রম থেকে সরে গেছেন। এবার প্রতিষ্ঠানটির একমাত্র পরীক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন। শিক্ষকদের বারবার নোটিশ দিয়েও ফেরাতে পারেননি জানিয়ে তিনি কলেজ শাখার নিবন্ধন বাতিলের আবেদন করার কথা জানান।

অন্যদিকে, কোনাপাড়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল লতিফ বলেন, এ বছর প্রথমবারের মতো কলেজটি থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিয়েছেন। ছয়জনের কেউ পাস করতে পারেননি। কলেজ শাখায় তিনজন শিক্ষক রয়েছেন। স্কুল শাখার আরও দুজন শিক্ষক অতিরিক্ত দায়িত্বে ক্লাস নিয়েছেন। শুরুতে কিছুটা সমস্যা হলেও আগামীতে ভালো ফলের আশা করছেন তাঁরা।

নেত্রকোনার অন্য পাঁচটি প্রতিষ্ঠানের মধ্যে জুবাইদা জহুর উদ্দিন সরকার মহিলা কলেজে ছয়জন, খালিশাপুর উচ্চমাধ্যমিক বিদ্যালয় ও ভাষাসৈনিক আবুল হোসেন কলেজে চারজন করে, কলমাকান্দা মহিলা কলেজে দুজন এবং কেন্দুয়ার গোপালপুর মডেল কলেজে একজন পরীক্ষার্থী ছিলেন। জামালপুরের গোয়ালচর উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে সাতজন, শ্রীপুর কুমারিয়া নাসুবা আকন্দ গার্লস স্কুলে ছয়জন, নলবেছা উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজে চারজন এবং এস. এম. শিক্ষা মুখলেছুর রহমান কলেজে একজন পরীক্ষার্থী অংশ নেন। শেরপুরের মনমথ দে কলেজে সাতজন এবং আলহাজ এস. এম. এ. ওয়ারেজ নঈম মডেল কলেজে একজন পরীক্ষার্থীও পাস করতে পারেননি।

ঈশ্বরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. বেলায়েত হোসেন বলেন, আমি গত সেপ্টেম্বর থেকে অতিরিক্ত দায়িত্ব পালন করছি। প্রতিষ্ঠান দুটির বিষয়ে বিস্তারিত তথ্য আমার জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখব।

ময়মনসিংহ শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ. জ. ম. রেজাউল করিম খান বলেন, শতভাগ অকৃতকার্য ১৯টি প্রতিষ্ঠানের বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে। ইতিমধ্যে প্রতিষ্ঠানপ্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তাঁদের জবাব সন্তোষজনক না হলে প্রয়োজনে শিক্ষকদের বেতন-ভাতাসহ এমপিও বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত