কিস্তির টাকা চাইতে গিয়ে মারধরের শিকার এনজিও কর্মী

সাতক্ষীরার তালায় ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে এনজিওর এক মাঠকর্মীকে মারধর ও তাঁর কাছ থেকে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাগরণী চক্র ফাউন্ডেশনের তালা শাখার মাঠকর্মী ভুক্তভোগী মো. গিয়াস উদ্দীন থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আটারই গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত সুমন সরদার (৩৬) আটারই গ্রামের মৃত বাবলু সরদারের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৩ ফেব্রুয়ারি সুমন সরদারের স্ত্রী খাদিজা বেগম জাগরণী চক্র ফাউন্ডেশন থেকে ১৮ মাস মেয়াদে ৯৯ হাজার টাকা ঋণ নেন। চুক্তি অনুযায়ী, প্রতি মাসের ৭ তারিখে ৬ হাজার ৬৩৩ টাকা করে কিস্তি পরিশোধের কথা ছিল। তবে নিয়মিত কিস্তি না দিয়ে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছিলেন বলে অভিযোগ করেন মাঠকর্মী গিয়াস উদ্দীন।
অভিযোগে বলা হয়, অক্টোবর মাসের কিস্তি বকেয়া থাকায় আজ সকালে টাকা চাইতে সুমনের বাড়িতে যান গিয়াস উদ্দীন। এ সময় সুমন তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে তাঁকে কিল-ঘুষি ও লাথি মারেন। একপর্যায়ে তাঁর বাম হাতে কামড় দেন। এতে শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও জখম হয়। এ সময় তাঁর কাছে থাকা নগদ ৩০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।
এ ছাড়া ভবিষ্যতে কিস্তির টাকা চাইতে গেলে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন গিয়াস উদ্দীন।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তের স্ত্রী খাদিজা বেগম। তিনি বলেন, আগামী ৪ নভেম্বর কিস্তির টাকা দেবেন বলে জানালে গিয়াস উদ্দীন ক্ষিপ্ত হন। একপর্যায়ে তাঁকে ঝাড়ু দিয়ে মারধর করেন। ঘটনার সময় তাঁর স্বামী সুমন বাড়িতে ছিলেন না বলেও দাবি করেন তিনি।
জাগরণী চক্র ফাউন্ডেশনের তালা শাখার ব্যবস্থাপক কামরুজ্জামান বলেন, ‘আমার কর্মীকে মারধর করা হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।’
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম বলেন, ‘এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’









