
জীবন যখন একঘেয়ে মনে হয়, সব অর্জন আর সম্পর্ক অর্থহীন হয়ে ওঠে, তখন মনে হতে পারে, আপনি হয়তো বিষণ্নতায় ভুগছেন। কিন্তু আধ্যাত্মিক বিজ্ঞানের ভাষায় এর নাম ‘ডার্ক নাইট অব দ্য সোল’ বা আত্মার অন্ধকার সময়। এটি কোনো মানসিক রোগ নয়, বরং অন্তরের গভীরে জমে থাকা ধুলোবালি ঝেড়ে ফেলে নিজেকে নতুন করে চেনার এক দুঃসহ অথচ অত্যন্ত প্রয়োজনীয় প্রক্রিয়া। এটি মানুষের আধ্যাত্মিক ও মানসিক রূপান্তরের এক অত্যন্ত গভীর ও যন্ত্রণাদায়ক পর্যায়। ষোলো শতকের স্প্যানিশ মরমি সাধক এবং কবি সেন্ট জন অব দ্য ক্রস তাঁর বিখ্যাত একটি কবিতায় প্রথম এই শব্দগুচ্ছ ব্যবহার করেন।
ডার্ক নাইট অব দ্য সোল আসলে কী
এটি মূলত অহং বা ইগোর মৃত্যু এবং প্রকৃত সত্তা বা আত্মার জাগরণের একটি প্রক্রিয়া। আমরা আমাদের পদবি, ক্যারিয়ার, সামাজিক পরিচয় বা ধর্মীয় বিশ্বাসের ওপর ভিত্তি করে জীবনের অর্থ খুঁজে পাই। কিন্তু ঠিক সেই সময় প্রিয়জনের মৃত্যু, বিচ্ছেদ বা ক্যারিয়ারের পতনের মতো কোনো বড় বিপর্যয় সেই সাজানো কাঠামোকে ধসিয়ে দিতে পারে। এই শূন্যতার সময়টিই হলো আত্মার অন্ধকার রাত। নেলসন ম্যান্ডেলার ২৭ বছরের কারাবাস বা সেন্ট জনের বন্দিজীবন—সবই ছিল তাঁদের ব্যক্তিগত ডার্ক নাইট। এই অন্ধকার সময় আসলে একটি ফিল্টার বা ছাঁকনি; যা আমাদের জীবনের সব মিথ্যা ও ভণ্ডামি দূর করে দেয়। ডার্ক নাইট শেষে মানুষ যখন ফিরে আসে, তখন তিনি আর আগের মানুষটি থাকেন না; হয়ে যান প্রজ্ঞাবান, শান্ত এবং সচেতন সত্তা।
লক্ষণগুলো চিনবেন যেভাবে
মনোবিজ্ঞানী কার্ল ইয়ুংয়ের মতে, এটি নিছক কোনো মানসিক রোগ নয়। বিষণ্নতায় মানুষ সাধারণত কর্মক্ষমতা হারায় এবং তাদের ভালো লাগার অনুভূতি চলে যায়। কিন্তু ডার্ক নাইটে মানুষের মধ্যে একটি আধ্যাত্মিক ক্ষুধা তৈরি হয়। ব্যক্তি বুঝতে পারে, জাগতিক কোনো কিছু তাকে আর শান্তি দিতে পারছে না। এটি একটি আধ্যাত্মিক সংকট, যা মানুষকে সত্যের সন্ধানে বাধ্য করে। অনেকে এই অবস্থাকে সাধারণ বিষণ্নতা ভেবে ভুল করেন। তবে ডার্ক নাইটের কিছু সুনির্দিষ্ট লক্ষণ আছে। সেগুলো হলো—
অপরিচিত জীবন
মনে হবে, আপনি যে জীবন যাপন করছেন, তা আপনার নয়। আপনি একজন অচেনা মানুষের অভিনয় করছেন। যেসব লক্ষ্য আপনাকে আগে তাড়া করে বেড়াত, সেগুলো এখন আর আপনাকে টানে না।
অর্থহীনতা
কাগজে-কলমে সব ঠিক থাকলেও মনের ভেতর গভীর শূন্যতা ও উদ্দেশ্যহীনতা কাজ করে।
গভীর বিষাদ
কোনো কারণ ছাড়াই একধরনের ভারী দুঃখবোধ আপনাকে চেপে ধরে। আপনি নিজের বিশ্বাস, অতীত ইতিহাস এবং নিজের পরিচয় নিয়ে প্রতিনিয়ত প্রশ্ন করতে শুরু করেন।
পরিশোধন
পুরোনো অভ্যাস, অকেজো সম্পর্ক বা অপ্রয়োজনীয় জিনিসপত্র ত্যাগ করার তীব্র ইচ্ছা জাগে।
বাহ্যিক মোহে অনীহা
সামাজিক স্বীকৃতি বা দামি জিনিসের প্রতি আকর্ষণ হারিয়ে যায়। আপনি আর অন্যদের প্রত্যাশা অনুযায়ী চলতে চান না। সব ধরনের কৃত্রিমতা থেকে মুক্তি পেতে চান।
অতীতের স্মৃতি
হঠাৎ অবদমিত পুরোনো স্মৃতি বা শৈশবের ট্রমা স্বপ্নে বা ভাবনায় ফিরে আসে।
একা থাকার আকুতি
কোলাহল থেকে দূরে গিয়ে নিভৃতে নিজের সঙ্গে কথা বলতে ইচ্ছা করে। মানুষের ভিড়েও আপনি একা থাকতে চান। কারণ, এই একাকিত্বই আপনার ভেতরের প্রসেসিংয়ে সাহায্য করে।
সংশয়
এত দিন যা সত্য বলে বিশ্বাস করতেন, তা নিয়ে সন্দেহ তৈরি হয়।

উত্তরণের ৪ পর্যায়
ডার্ক নাইট অব দ্য সোল সাধারণত একটি চক্র অনুসরণ করে—
বিপর্যয়: বাহ্যিক কোনো ঘটনায় সাজানো জীবনের অর্থ ভেঙে পড়ে।
অন্ধকার পথ: শূন্যতা ও যন্ত্রণার স্তরে প্রবেশ। এখানে মানুষ তার শ্যাডো বা মনের অন্ধকার দিকগুলোর মুখোমুখি হয়।
আত্মসমর্পণ: যখন মানুষ নিজের ইগো ছেড়ে দেয় এবং পরিস্থিতি মেনে নেয়।
পুনর্জন্ম: নতুন এক চেতনার জাগরণ, যেখানে জীবন অনেক বেশি অর্থপূর্ণ এবং জগতের সঙ্গে যুক্ত মনে হয়।
সময়টি পার করবেন যেভাবে
সেন্ট জন অব দ্য ক্রস এবং আধুনিক মনোবিজ্ঞানীদের মতে, এর থেকে পালানোর চেষ্টা না করে একে অনুভব করা জরুরি। যন্ত্রণা স্বীকার করলেই তা মুক্তি দিতে শুরু করে। নিজের ভেতরের কণ্ঠস্বর শোনার জন্য শান্ত সময় কাটান। এটি আপনার অবচেতন মনের জট খুলতে সাহায্য করবে। সবকিছু নিয়ন্ত্রণের চেষ্টা বন্ধ করুন। জীবন যেভাবে চলছে, সেভাবেই মেনে নিন। ধৈর্য ধরুন। রাত যত গভীর হয়, ভোরের আলো তত কাছে আসে। মনে রাখবেন, এটি আপনার ধ্বংসের জন্য নয়, বরং আপনার প্রকৃত রূপটি বের করে আনার জন্য ঘটছে।
কার্ল ইয়ুংয়ের ভাষায়, ‘বেদনা ছাড়া চেতনার উন্মেষ ঘটে না।’ ডার্ক নাইট অব দ্য সোল হলো সেই অগ্নিপরীক্ষা, যা আপনার ভেতরের খাদটুকু পুড়িয়ে সোনা বের করে আনে। তাই এই অন্ধকার সময়কে ভয় না পেয়ে একে আলিঙ্গন করুন। কারণ, এটিই আপনার সত্য সত্তার জন্মের মুহূর্ত।
সূত্র: সাইকোলজি টুডে, সাইকিয়াট্রিক টাইমস, মিডিয়াম

অনেক সময় কোনো আড্ডায় গিয়ে হঠাৎ নীরবতা নেমে আসে কারও কারও। আবার অন্যরা কথা বলতে অনীহা দেখালে কিংবা নিজের আচরণ অন্যের মধ্যে অস্বস্তি তৈরি করছে টের পেলে মনে আত্মসংশয় দেখা দেওয়া স্বাভাবিক। অনেকে জন্মগত বা পরিস্থিতিগত কারণে সামাজিক মেলামেশায় আড়ষ্ট বা সংকোচবোধ করেন। এই সামাজিক আড়ষ্টতা কোনো অপরাধ নয়...
১ ঘণ্টা আগে
দাম্পত্যজীবনে ভালো ঘুম নিশ্চিত করতে একই বিছানায় আলাদা কাঁথা ও কম্বল ব্যবহারই এখন অনেকের আগ্রহের কারণ। এর নাম স্ক্যান্ডিনেভিয়ান স্লিপ মেথড। এতে স্বামী-স্ত্রী একই বিছানায় থাকেন, কিন্তু প্রত্যেকে নিজের জন্য আলাদা কম্বল বা কাঁথা ব্যবহার করেন। ডেনমার্ক, নরওয়ে, সুইডেনসহ স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোতে...
৪ ঘণ্টা আগে
আজ ১ সেপ্টেম্বর। আন্তর্জাতিক চিঠি দিবস। মিলেনিয়ালরা চিঠির দিনগুলোর কথা ভেবে আজও নস্টালজিয়ায় ভোগেন। আহা, প্রিয় মানুষের হাতের লেখায় একটা চিঠি পাওয়া জন্য কত অপেক্ষা, কত চোখের জল আর কত আকুতি। প্রয়োজন, প্রেম, চাওয়া-পাওয়া সবটাই তখন লেখা হলো কাগজের বুকে।
৮ ঘণ্টা আগে
পায়েস, ক্ষীর বা ফিরনি তৈরিতে দুধের ব্যবহার আমাদের দেশে বেশ পরিচিত। তবে সেই পরিচিত দুধ দিয়ে তৈরি করা যায় ভিন্ন স্বাদের এক মিষ্টি পদ। এমনই একটি মজার পদ হলো স্পেনের ঐতিহ্যবাহী ল্যাচে ফ্রিতা। এর বাংলা অর্থ ভাজা দুধ। মচমচে আর ভেতরে নরম ও ক্রিমি বিদেশি স্বাদের এই মিষ্টি খাবার হতে পারে আপনার বিকেল বা...
১০ ঘণ্টা আগে