সোনার সন্ধান যেভাবে বদলে দিয়েছিল পৃথিবীর ইতিহাস

অঞ্জন দত্তের ‘কাঞ্চনজঙ্ঘা’ শিরোনামের গানটি যাঁরা শুনেছেন, তাঁরা জানেন, প্রিয়জন ছেড়ে গ্রাম থেকে শহরে চলে আসার কষ্ট কতখানি। অঞ্জন গেয়েছেন,
সোনার খোঁজে কেউ কত দূরদেশে যায়/ আমি কলকাতায়/ সোনার স্বপ্ন খুঁজে ফিরি একা একা/
তোমাদের ধর্মতলায়।
কলকাতার ধর্মতলায় সোনার খনি ছিল না, কিন্তু একটু ভালো থাকার জন্য পাহাড় ছেড়ে কলকাতার মতো একটি কসমোপলিটন শহরে চলে আসা এবং সেখানে বেঁচে থাকার যুদ্ধ গ্রাম থেকে আসা যুবকটির কাছে সোনার খোঁজে দূরদেশে যাওয়া মানুষদের চেয়ে কম ছিল না। বিশ শতকে অঞ্জন দত্ত যখন এই গান গাইছেন, তার প্রায় শখানেক বছর আগে সোনার খোঁজে পরিবার-পরিজন আর দেশ ছেড়ে দূরদেশে যাওয়ার এক ঐতিহাসিক উন্মাদনা ঘটে গেছে পৃথিবীতে। তার নাম গোল্ড রাশ বা সোনার সন্ধান। এই উন্মাদনা বদলে দিয়েছিল জনবসতির মানচিত্র, অর্থনীতি, রাজনীতি, যোগাযোগব্যবস্থা; এমনকি মানুষের স্বপ্ন দেখার ধরন! সেই ঘটনার অভিঘাতে তৈরি হয়েছে নতুন শহর, নতুন অর্থনীতি, নতুন সংস্কৃতি আর নতুন জীবনধারা।

সোনা যে মানুষের কাছে হাজার হাজার বছর ধরে আকর্ষণীয়, তা প্রাচীন মিসর, মেসোপটেমিয়া ও বলকান অঞ্চলের প্রত্নতাত্ত্বিক নিদর্শনেই স্পষ্ট। কিন্তু সোনাকে কেন্দ্র করে লাখো মানুষের একযোগে দেশান্তরি হওয়ার ঘটনা বিশেষভাবে আলোচনায় আসে উনিশ শতকে। তখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে একের পর এক স্বর্ণ ভান্ডারের সন্ধান পাওয়া যায়। খবর ছড়িয়ে পড়তেই শুরু হয় মানুষের অভূতপূর্ব অভিবাসন।
কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, নাবিক, অভিযাত্রী, এমনকি তরুণেরা পর্যন্ত সবকিছু ছেড়ে ছুটতে থাকেন সোনার সন্ধানে। তাঁদের কেউ রাতারাতি ধনী হয়েছেন, কেউ হারিয়েছেন সর্বস্ব। আবার তাঁদের আগমনে গড়ে উঠেছে নতুন শহর, বিস্তৃত হয়েছে রেলপথ, জন্ম নিয়েছে নতুন অর্থনৈতিক কেন্দ্র। তৈরি হয়েছে নতুন সংস্কৃতি ও জীবনযাপনের ধারা।
গোল্ড রাশ কী
গোল্ড রাশ বলতে কোনো একটি অঞ্চলে সোনা আবিষ্কারের খবর ছড়িয়ে পড়ার পর বিপুলসংখ্যক মানুষের সেখানে স্বর্ণ অনুসন্ধান ও উত্তোলনের উদ্দেশ্যে ছুটে যাওয়াকে বোঝায়। সাধারণত কোনো নতুন স্বর্ণ ভান্ডার অর্থাৎ সোনার খনি আবিষ্কারের পর দ্রুত সম্পদ অর্জনের আশায় মানুষের ঢল নামে। এই ঢলে শুধু খনিশ্রমিকেরাই থাকেন না; থাকেন ব্যবসায়ী, পরিবহনকর্মী, খাদ্য সরবরাহকারী, হোটেল ব্যবসায়ী, জুয়াড়ি, সাংবাদিক এবং নানা ধরনের উদ্যোক্তা।
গোল্ড রাশের ইতিহাসে আলোচিত ঘটনাগুলোর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ, অস্ট্রেলিয়ার গোল্ড রাশ এবং কানাডার ক্লনডাইক গোল্ড রাশ। এসব ঘটনা উনিশ শতকে বিশ্ব অর্থনীতি এবং অভিবাসনের ইতিহাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছিল।

ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ: একটি সোনার টুকরো থেকে যে উন্মাদনার শুরু
১৮৪৮ সালের ২৪ জানুয়ারি। স্যাক্রামেন্টোর কাছে আমেরিকান নদীর দক্ষিণ শাখায় একটি করাতকল নির্মাণের কাজ চলছিল। সুইস অভিবাসী জন সাটারের জমিতে করাতকলটি তৈরি করছিলেন তাঁর কর্মচারী জেমস ডব্লিউ মার্শাল। কাজের একপর্যায়ে নদীর পানিতে তিনি চকচকে একটি ধাতব টুকরো দেখতে পান। পরীক্ষা করে নিশ্চিত হন, সেটি সোনা।
মার্শাল ও সাটার প্রথমে আবিষ্কারের খবর গোপন রাখার চেষ্টা করেন; কিন্তু খবর বেশি দিন চাপা থাকেনি। দ্রুত ছড়িয়ে পড়ে এই সংবাদ। শুরু হয় ক্যালিফোর্নিয়ামুখী মানুষের ঢল। গোল্ড রাশের ইতিহাসে এটিই প্রথম বড় আলোড়ন তৈরি করে।
১৮৪৮ সালের শেষ দিকে মার্কিন প্রেসিডেন্ট জেমস কে পোল্ক কংগ্রেসে ক্যালিফোর্নিয়ায় সোনা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এরপর সংবাদটি যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলসহ পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে পড়ে।
১৮৪৯ সালে হাজার হাজার মানুষ ক্যালিফোর্নিয়ার উদ্দেশে রওনা হন। তাঁরা পরিচিতি হয়ে ওঠেন ফর্টি-নাইনার্স নামে। কেউ স্থলপথে দুর্গম প্রান্তর পাড়ি দেন, কেউ জাহাজে করে দক্ষিণ আমেরিকার কেপ হর্ন ঘুরে আসেন, আবার কেউ পানামার সরু ভূখণ্ড পেরিয়ে প্রশান্ত মহাসাগরীয় জাহাজে ওঠেন ক্যালিফোর্নিয়ায় যাওয়ার জন্য।
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিসের তথ্য অনুযায়ী, ১৮৪৯ সালে প্রায় ২৫ হাজার মানুষ ক্যালিফোর্নিয়ায় পৌঁছান। ১৮৪৯ থেকে ১৮৫৪ সালের মধ্যে শুধু ক্যালিফোর্নিয়া ট্রেইল দিয়েই আনুমানিক ১ লাখ ৪০ হাজার অভিবাসী সেখানে উপস্থিত হন।
এই অভিবাসনের প্রভাব ছিল নাটকীয়। ১৮৫০ সালে ক্যালিফোর্নিয়ার জনসংখ্যা বেড়ে দাঁড়ায় প্রায় ৯২ হাজার ৬০০; ১৮৪৮ সালের আগে যা ছিল মাত্র ১৮ হাজারের মতো। সানফ্রান্সিসকো দ্রুত বন্দর ও বাণিজ্যিক নগরীতে পরিণত হয়। ১৮৫০ সালে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্রের ৩১তম অঙ্গরাজ্য হিসেবে স্বীকৃতি পায়।
তবে সোনা খুঁজতে যাওয়া সবার ভাগ্য বদলায়নি। অনেকেই দীর্ঘ পথ পাড়ি দিয়ে খনিতে পৌঁছে সামান্য সোনাও পাননি; বরং তাঁদের অনেকের জন্য লাভজনক হয়ে ওঠে খনিশ্রমিকদের খাবার, পোশাক, যন্ত্রপাতি ও থাকার ব্যবস্থা বিক্রির ব্যবসা। অর্থাৎ, সোনা উত্তোলনের চেয়ে সোনাসন্ধানীদের ঘিরে গড়ে ওঠা ব্যবসায় অনেকের ভাগ্য খুলেছিল।
অস্ট্রেলিয়ার গোল্ড রাশ: বদলে গেল একটি মহাদেশের জনসংখ্যার মানচিত্র
ক্যালিফোর্নিয়ার গোল্ড রাশের কয়েক বছরের মধ্যে পৃথিবীর অন্য প্রান্তে শুরু হয় স্বর্ণের বড় আরেকটি উন্মাদনা। ১৮৫১ সালে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়া অঞ্চলে সোনার সন্ধান পাওয়া যায়। ফলে বিশেষ করে ব্যালারাট, বেন্ডিগো ও আশপাশের স্বর্ণক্ষেত্রগুলোতে হাজার হাজার মানুষ উপস্থিত হন।

অস্ট্রেলিয়ার জাতীয় জাদুঘরের তথ্য অনুযায়ী, ১৮৫১ থেকে ১৮৭১ সালের মধ্যে দেশটির জনসংখ্যা প্রায় ৪ লাখ ৩০ হাজার থেকে বেড়ে দাঁড়ায় ১৭ লাখে। ব্রিটেন, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, জার্মানি, চীনসহ বিভিন্ন দেশ থেকে মানুষ সোনার সন্ধানে উপস্থিত হন অস্ট্রেলিয়ায়।
এই অভিবাসনের একটি উল্লেখযোগ্য দিক ছিল চীনা জনগোষ্ঠীর অংশগ্রহণ। চীন থেকে বিপুলসংখ্যক মানুষ অস্ট্রেলিয়ার স্বর্ণক্ষেত্রে কাজ করতে চলে আসেন। এতে তাঁদের প্রতি বৈষম্য, বর্ণবাদ ও সহিংসতা ছড়িয়ে পড়তে থাকে। ল্যাম্বিং ফ্ল্যাটে চীনা খনিশ্রমিকদের ওপর হামলা ছিল সেই বৈরিতার ভয়াবহ উদাহরণ।
অন্যদিকে খনিশ্রমিকদের সঙ্গে ঔপনিবেশিক সরকারের বিরোধ বাড়তে থাকে। খনিতে কাজ করার জন্য লাইসেন্স ফি, প্রশাসনের দুর্নীতি ও অন্যায্য আচরণের প্রতিবাদে ১৮৫৪ সালে ব্যালারাটে সংঘটিত হয় ইউরেকা স্টকেড বিদ্রোহ। ব্রিটিশ ঔপনিবেশিক কর্তৃপক্ষের বিরুদ্ধে খনিশ্রমিকদের এই আন্দোলন অস্ট্রেলিয়ার গণতান্ত্রিক ও শ্রমিক অধিকার আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ ঘটনা হয়ে আছে।
স্বর্ণ আবিষ্কার শুধু অর্থনৈতিক সমৃদ্ধি আনেনি; এটি অস্ট্রেলিয়ার সমাজ ও রাজনীতিতেও নতুন চিন্তার জন্ম দিয়েছিল। গোপন ব্যালট, আট ঘণ্টার কর্মদিবস এবং শ্রমিক সংগঠনের বিকাশের মতো পরিবর্তনের পেছনেও গোল্ড রাশ যুগের সামাজিক আন্দোলনের ভূমিকা ছিল।
ক্লনডাইক গোল্ড রাশ: বরফের পাহাড় পেরিয়ে সোনার সন্ধানে
উনিশ শতকের শেষ দিকে গোল্ড রাশের আরেকটি বিস্ময়কর অধ্যায় শুরু হয় উত্তর আমেরিকার কানাডার ইউকন অঞ্চলে। ১৮৯৬ সালের আগস্টে স্কুকুম জিম ম্যাসন, ডসন চার্লি এবং জর্জ ওয়াশিংটন কারম্যাক ক্লনডাইক নদীর একটি উপনদীর কাছে সোনা আবিষ্কার করেন।
প্রথমদিকে খবরটি স্থানীয় খনিশ্রমিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু ১৮৯৭ সালে বিপুল সোনা নিয়ে কিছু অভিযাত্রী সিয়াটলে পৌঁছালে সংবাদটি আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ে। পত্রপত্রিকায় প্রকাশিত হয় সোনার গল্প। শুরু হয় ক্লনডাইক গোল্ড রাশ।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল পার্ক সার্ভিসের হিসাব অনুযায়ী, প্রায় এক লাখ মানুষ ক্লনডাইকে যাওয়ার চেষ্টা করেছিলেন। তাঁদের মধ্যে অনেকে সিয়াটল হয়ে উত্তরে রওনা হন। কিন্তু শেষ পর্যন্ত মাত্র ৩০ হাজারের মতো মানুষ স্বর্ণক্ষেত্রে পৌঁছাতে পেরেছিলেন বলে জানা যায়।
এই যাত্রা ছিল ভয়াবহ কষ্টের। অভিযাত্রীদের আলাস্কার স্ক্যাগওয়ে বা ডাইয়া থেকে চিলকুট পাস অতিক্রম করতে হতো। বরফে ঢাকা পাহাড়ি পথে নিজেদের খাবার, তাঁবু, পোশাক ও খনির সরঞ্জাম বহন করতে হতো। কানাডীয় কর্তৃপক্ষ প্রত্যেক অভিযাত্রীর কাছে এক বছরের খাদ্য ও প্রয়োজনীয় সরঞ্জাম থাকার শর্ত দিয়েছিল, যাতে সেখানে গিয়ে অনাহার ও বিশৃঙ্খলা তৈরি না হয়।
অনেকে নিজেদের মালপত্র নিয়ে পাহাড়ি পথটি একাধিকবার অতিক্রম করেছিলেন। ঘোড়া ও খচ্চর দিয়ে মালপত্র বহনের চেষ্টা করা হয়েছিল। কিন্তু দুর্গম পথ, তুষারপাত, রোগ ও দুর্ঘটনায় মানুষ ও পশু উভয়েই মারা যায়।
এই গোল্ড রাশের ফলে স্ক্যাগওয়ে, ডাইয়া ও ডসন সিটির মতো জনপদ দ্রুত প্রসারিত হয়। সিয়াটলও হয়ে ওঠে উত্তরাঞ্চলের স্বর্ণ অনুসন্ধানীদের অন্যতম প্রধান সরবরাহকেন্দ্র।
দক্ষিণ আফ্রিকার স্বর্ণ আবিষ্কার: জন্ম নিল জোহানেসবার্গ

১৮৮৬ সালে দক্ষিণ আফ্রিকার ট্রাভেল অঞ্চলের উইটওয়াটারস্র্যান্ডে বিপুল স্বর্ণ ভান্ডারের সন্ধান পাওয়া যায়। এর আগে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন অঞ্চলে সোনা পাওয়া গেলেও এই আবিষ্কার ছিল সম্পূর্ণ ভিন্ন মাত্রার। এখানে ছিল পৃথিবীর অন্যতম বড় স্বর্ণ ভান্ডার।
সোনার সন্ধানে অল্প সময়ের মধ্যে হাজার হাজার মানুষ সেখানে যেতে শুরু করেন। এসব মানুষের হাত ধরে গড়ে ওঠে জোহানেসবার্গ শহর। কয়েক বছরের মধ্যেই এটি হয়ে ওঠে দক্ষিণ আফ্রিকার অর্থনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান কেন্দ্র।
তবে সেখানকার সোনা ক্যালিফোর্নিয়া বা ক্লনডাইকের মতো সহজে নদীর বালু থেকে সংগ্রহ করা যেত না। সেখানে সোনা ছিল ভূগর্ভের গভীরে পাথরের স্তরে আটকে। ফলে উত্তোলনের জন্য প্রয়োজন হয় বড় বিনিয়োগ, উন্নত যন্ত্রপাতি, বিস্ফোরক ও বিপুল শ্রমিকের।
খনির মালিকানা ও নিয়ন্ত্রণ ধীরে ধীরে বড় বড় কোম্পানির হাতে চলে যায়। এর ফলে দক্ষিণ আফ্রিকার অর্থনীতি, শ্রমব্যবস্থা ও রাজনীতিতে গভীর পরিবর্তন আসে। ব্রিটিশ সাম্রাজ্য ও বোয়ার প্রজাতন্ত্রের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বও তীব্র হয়।
গোল্ড রাশের অন্ধকার দিক: কারা হারিয়েছিল নিজেদের ভূমি
গোল্ড রাশের ইতিহাসকে শুধু সম্পদ অর্জনের রোমাঞ্চকর গল্প হিসেবে দেখলে এর একটি বড় অংশ আড়ালে থেকে যায়। সোনা খুঁজতে আসা মানুষের ঢলে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল অনেক অঞ্চলের আদিবাসী জনগোষ্ঠী।
ক্যালিফোর্নিয়ায় স্বর্ণসন্ধানীদের আগমনে স্থানীয় আদিবাসীদের ভূমি, খাদ্য ও পানির ওপর চাপ তৈরি হয়। খনি সম্প্রসারণ, বসতি স্থাপন এবং সম্পদের নিয়ন্ত্রণ নিয়ে সংঘাত বাড়তে থাকে। রোগ, সহিংসতা, জোরপূর্বক বাস্তুচ্যুতি ও হত্যাকাণ্ডের কারণে আদিবাসী জনগোষ্ঠীর ভয়াবহ ক্ষতি হয়। ক্যালিফোর্নিয়া গোল্ড রাশের ইতিহাসে এই মানবিক বিপর্যয় অন্যতম বেদনাদায়ক অধ্যায়।
ক্লনডাইকেও একই ধরনের পরিবর্তন ঘটে। সেখানে ত্লিঙ্গিত জনগোষ্ঠী বহু শতাব্দী ধরে চিলকুট ট্রেইলকে বাণিজ্যপথ হিসেবে ব্যবহার করত। স্বর্ণ অনুসন্ধানকারীদের ব্যাপক আগমনে এই পথের ওপর তাদের নিয়ন্ত্রণ ও স্থানীয় জীবনযাত্রা চাপের মুখে পড়ে। বন উজাড়, বর্জ্য, নদী ও ভূমির পরিবর্তন পরিবেশের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।
অস্ট্রেলিয়াতেও আদিবাসীদের ঐতিহ্যবাহী ভূমিতে খনির বিস্তার ঘটে। অন্যদিকে চীনা অভিবাসীদের বিরুদ্ধে বর্ণবাদী বৈষম্য ও সহিংসতা স্বর্ণক্ষেত্রগুলোকে অনেক সময় সংঘাতের কেন্দ্রে পরিণত করে।
গোল্ড রাশ যেভাবে বদলে দিয়েছিল পৃথিবীর অর্থনীতি
গোল্ড রাশের প্রভাব শুধু খনির সীমায় বদ্ধ ছিল না, এর প্রভাব ছড়িয়ে পড়েছিল কয়েকটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে।
নতুন শহর ও জনপদের জন্ম
সোনার সন্ধানে আসা মানুষের প্রয়োজনে গড়ে উঠেছিল বাজার, হোটেল, রেস্তোরাঁ, হাসপাতাল, ব্যাংক ও পরিবহন কেন্দ্র। ক্যালিফোর্নিয়ার সানফ্রান্সিসকো, কানাডার ডসন সিটি এবং দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ এর উল্লেখযোগ্য উদাহরণ।
যোগাযোগ ও পরিবহনব্যবস্থার উন্নয়ন
স্বর্ণক্ষেত্রে মানুষ ও মালপত্র পৌঁছে দিতে নতুন সড়ক, রেলপথ, বন্দর ও নৌপথ তৈরি হয়। ক্লনডাইক গোল্ড রাশের সময় চিলকুট ও হোয়াইট পাস অঞ্চলে পরিবহনব্যবস্থার বিকাশ ঘটে। ক্যালিফোর্নিয়ায় নতুন স্থল ও সমুদ্রপথ জনপ্রিয় হয়ে ওঠে। এসব অবকাঠামো পরবর্তী সময়ে বাণিজ্য ও জনবসতি সম্প্রসারণে ভূমিকা রাখে।
আন্তর্জাতিক অভিবাসনের নতুন ধারা
গোল্ড রাশ মানুষকে নিজ দেশের সীমানা ছাড়িয়ে অন্য মহাদেশে যেতে উৎসাহিত করেছিল। ইউরোপ, চীন, উত্তর ও দক্ষিণ আমেরিকা থেকে মানুষ নতুন জীবনের আশায় স্বর্ণক্ষেত্রগুলোতে পৌঁছান। ফলে বিভিন্ন ভাষা, সংস্কৃতি ও জনগোষ্ঠীর মানুষের মধ্যে যোগাযোগ বাড়ে। একই সঙ্গে অভিবাসন ঘিরে বর্ণবাদ, বৈষম্য ও শ্রমিক অধিকারের প্রশ্নও সামনে আসে।
ব্যাংকিং ও বাণিজ্যের প্রসার
স্বর্ণ উত্তোলন, পরিবহন, পরিশোধন এবং বিক্রির জন্য প্রয়োজন হয় আর্থিক প্রতিষ্ঠান, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের। খনির পাশাপাশি গড়ে ওঠে সরঞ্জাম সরবরাহ, পরিবহন, খাদ্য, পোশাক ও আবাসন ব্যবসা। অনেক ক্ষেত্রে খনিশ্রমিকের চেয়ে এসব ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিরাই বেশি লাভবান হন।
রাষ্ট্রীয় ক্ষমতা ও ভূরাজনীতিতে পরিবর্তন
স্বর্ণসম্পদের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন রাষ্ট্র, ঔপনিবেশিক শক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা তৈরি হয়। দক্ষিণ আফ্রিকার উইটওয়াটারস্র্যান্ডের স্বর্ণ ভান্ডার ব্রিটিশ সাম্রাজ্য ও বোয়ারদের দ্বন্দ্বকে আরও তীব্র করেছিল। অন্যদিকে ক্যালিফোর্নিয়ায় সোনা আবিষ্কার যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে সম্প্রসারণ ও নতুন অঙ্গরাজ্য গঠনের প্রক্রিয়া ত্বরান্বিত করে।
এক টুকরো সোনা, হাজার মানুষের স্বপ্ন
সোনা মানুষের কাছে মূল্যবান ধাতু হয়ে উঠেছিল হাজার হাজার বছর আগে। কিন্তু উনিশ শতকের গোল্ড রাশ দেখিয়েছে, একটি মূল্যবান প্রাকৃতিক সম্পদ কীভাবে মানুষের সম্মিলিত কল্পনা, আকাঙ্ক্ষা এবং অর্থনৈতিক আচরণ বদলে দিতে পারে।
কেউ সোনা পেয়েছেন, কেউ পাননি। কেউ নতুন শহর গড়েছেন, কেউ নতুন দেশে স্থায়ী হয়েছেন। আবার কেউ নিজের বাড়িঘর, পরিবার ও জীবন হারিয়েছেন। গোল্ড রাশের ইতিহাস তাই শুধু সোনা পাওয়ার ইতিহাস নয়; এটি মানুষের উচ্চাকাঙ্ক্ষা, অভিবাসন, পুঁজির বিস্তার, ঔপনিবেশিকতা ও সামাজিক পরিবর্তনের ইতিহাস।
একসময় মানুষ সোনার খোঁজে অজানা মহাদেশে পাড়ি জমাত। আজও সোনা নিয়ে মানুষের আগ্রহ কমেনি। পার্থক্য শুধু এই যে, এখন সোনার খোঁজে পাহাড় পেরোনোর পাশাপাশি গভীর খনি, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক আর্থিক বাজারের ওপর নির্ভর করতে হয়।
তথ্যসূত্র: ন্যাশনাল পার্ক সার্ভিস, ইউএসএ, ‘দ্য ক্যালিফোর্নিয়া গোল্ড রাশ’ ও ‘ক্লনডাইক গোল্ড রাশ’এবং ন্যাশনাল মিউজিয়াম অব অস্ট্রেলিয়া












