৭৫ বছরের ইতিহাসের ঝলক: ৩,১৫০ হীরায় মোড়া নতুন মিস ইউনিভার্স মুকুট

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইউনিভার্স’। এর বিজয়ী ঘোষণার মুহূর্ত কখনোই পূর্ণতা পায় না মাথার সেই কাঙ্ক্ষিত মুকুটটি ছাড়া। চলতি বছর আন্তর্জাতিক এই আসর পা রেখেছে গৌরবময় ৭৫ বছরে। আর এই হীরকজয়ন্তী উদ্যাপনে নতুন বিজয়ীর জন্য তৈরি করা হয়েছে ইতিহাসের অন্যতম জমকালো এক মুকুট, যার নাম দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি। ১২ নভেম্বর পুয়ের্তো রিকোতে চূড়ান্ত পর্বের মাত্র কয়েক দিন আগে এই রাজকীয় মুকুটটি উন্মোচন করে মিস ইউনিভার্স কর্তৃপক্ষ।
নতুন মুকুটের নকশা ও প্রতীকী তাৎপর্য
বিখ্যাত জুয়েলারি ডিজাইনার জর্জ উইটেলস এবং প্যারিসের খ্যাতনামা জুয়েলারি হাউস মেইসন ডি’অরের যৌথ উদ্যোগে মুকুটটি তৈরি করা হয়েছে। ১৮ ক্যারেট হোয়াইট গোল্ডের কাঠামোর ওপর নিখুঁতভাবে বসানো হয়েছে ৩,১৫০টি ব্রিলিয়ান্ট-কাট হীরা। মুকুটটির নকশায় তিনটি বিশেষ হীরা আলাদাভাবে নজর কাড়ে, যা মিস ইউনিভার্সের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের প্রতিনিধিত্ব করে। মিস ইউনিভার্স অর্গানাইজেশনের সিইও রোনাল্ড ডের মতে, এই মুকুট কেবল ইতিহাসের স্মারক নয়; এটি বিশ্বজুড়ে নারীদের গল্প ও প্রভাবের এক জীবন্ত উদ্যাপন।
বাঁ পাশের হীরা: যাঁরা সব বাধা ভেঙে পথ তৈরি করেছেন এবং এই প্রতিযোগিতার ঐতিহ্য গড়ে তুলেছেন, সেই নারীদের প্রতি শ্রদ্ধা জানায়।
ডান পাশের হীরা: বর্তমান সময়ে যাঁরা নিজেদের কাজের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনছেন এবং অন্যদের অনুপ্রাণিত করছেন, তাঁদের উদ্যাপন করে।
মাঝখানের সবচেয়ে বড় হীরা: এটি ভবিষ্যতের প্রতীক, আগামী প্রজন্মের নারীদের এই ঐতিহ্য এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেয়।

৭৫ বছরে ১২টি মুকুট: ইতিহাসের বিবর্তন
১৯৫২ সালে যাত্রা শুরুর পর থেকে এ পর্যন্ত মিস ইউনিভার্সের মুকুট বদলেছে মোট ১২ বার। প্রতিটি মুকুটই নিজ নিজ সময়ের রুচি ও শিল্পকলার ছাপ বহন করে।
শুরুর যুগ (১৯৫২-১৯৬২): ১৯৫২ সালে প্রথম বিজয়ী ফিনল্যান্ডের আরমি কুসেলা পরেছিলেন ১ হাজার ৫২৯টি হীরাখচিত ‘রোমানভ ইম্পেরিয়াল নাপশিয়াল ক্রাউন’। ১৯৫৩ সালে ব্যবহৃত হয় ব্রোঞ্জের মুকুট। এরপর ১৯৫৪-১৯৬০ সাল পর্যন্ত সোনা ও প্লাটিনামের ওপর প্রায় ১ হাজার কালো মুক্তা বসানো ‘স্টার অব দ্য ইউনিভার্স’ এবং ১৯৬১-৬২ সালে ‘রাইনস্টোন ক্রাউন’ ব্যবহৃত হয়।

দীর্ঘস্থায়ী ‘কভেন্ট্রি ক্রাউন’ (১৯৬৩-২০০১): প্রায় চার দশক ধরে মিস ইউনিভার্সের পরিচিত মুখ ছিল এই মুকুট, যার মাঝখানে রাজদণ্ড হাতে এক নারীর অবয়ব ছিল।

মুক্তা ও রত্নপাথরের নতুন যুগ (২০০২-২০১৮): ৫১তম আসরে আসে জাপানের ‘মিকিমোতো ফিনিক্স ক্রাউন’ (৫০০ হীরা ও ১২০টি মুক্তা), যা ২০০২-২০০৮ এবং পরবর্তী সময়ে ২০১৭-১৮ সালেও ব্যবহৃত হয়। মাঝের সময়ে ২০০৮ সালে ভিয়েতনামের ‘সিএও ক্রাউন’, ২০০৯-২০১৩ সালে এইচআইভি/এইডস সচেতনতার প্রতীক ‘ডায়মন্ড নেক্সাস পিস ক্রাউন’ এবং ২০১৪-২০১৬ সালে ম্যানহাটনের আকাশচুম্বী ভবনের আদলে তৈরি ‘ডিআইসি ক্রাউন’ দেখা যায়।

সাম্প্রতিক সময় (২০১৯-২০২৫): ২০১৯-২০২১ সালে ৬২.৮৩ ক্যারেটের সোনালি হীরাসমৃদ্ধ ‘পাওয়ার অব ইউনিটি’ এবং ২০২২-২০২৩ সালে নীলকান্তমণি ও সাদা হীরার ‘ফোর্স ফর গুড’ মুকুট ব্যবহৃত হয়। সর্বশেষ ২০২৪ ও ২০২৫ আসরে ফিলিপিনো ও ফরাসি কারুকার্যে ২৩টি সোনালি সাউথ সি মুক্তা বসানো ‘লুমিয়ের দ্য ল’ইনফিনি’ মুকুট পরানো হয়েছিল।
চূড়ান্ত আসর ও বিতর্কের ছায়া
২৪ নভেম্বর পুয়ের্তো রিকোর সান জুয়ানের হোসে মিগুয়েল অ্যাগ্রেলট কলিসিয়ামে বসছে ৭৫তম মিস ইউনিভার্সের গ্র্যান্ড ফিনালে। এবারের আসরে ১২১টি দেশের প্রতিযোগীর অংশ নেওয়ার কথা থাকলেও শুরু থেকেই নানা বিতর্ক ও জটিলতা ঘিরে ধরেছে আয়োজনটিকে। ভিসা জটিলতা, ব্যক্তিগত ও স্বাস্থ্যগত কারণ ছাড়াও ফ্র্যাঞ্চাইজি স্বত্ব নিয়ে বিরোধের জেরে কয়েকটি দেশ সরে দাঁড়িয়েছে বা বাদ পড়েছে। বিশেষ করে দক্ষিণ-পূর্ব এশিয়ার ছয়টি দেশ। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, লাওস, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের ফ্র্যাঞ্চাইজি চুক্তি বৈধ নয় বলে জানিয়েছে মূল কর্তৃপক্ষ। ফলে এসব দেশের প্রতিযোগীরা এবার অংশ নিতে পারছেন না। সব বিতর্ক ছাপিয়ে ২৪ নভেম্বর কার মাথায় উঠবে ৩,১৫০ হীরার এই ঐতিহাসিক মুকুট, এখন সেটিই দেখার অপেক্ষা।
সূত্র: নিউজ ১৮, ডেইলি ট্রিবিউন









