Ajker Patrika

বর্ষায় মেঝের জন্য কোন পাপোশ সেরা

ফিচার ডেস্ক 
আপডেট : ২০ জুলাই ২০২৬, ১৩: ৪৬
বর্ষায় মেঝের জন্য কোন পাপোশ সেরা

বর্ষার দিনগুলো মনে প্রশান্তি আনলেও ঘরের পরিচ্ছন্নতা এবং মেঝে সুরক্ষিত রাখার জন্য বড় চ্যালেঞ্জ। বৃষ্টির দিনে মেঝেতে ভেজা জুতা এবং কাদার দাগ উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায়। এই সময়ে মেঝে রোজ মপ করা হলেও স্যাঁতসেঁতে ভাব বজায় থাকে। ফলে সঠিক পাপোশ ব্যবহার না করলে ঘরে উৎকট গন্ধ হতে পারে। এই ধরনের পরিস্থিতি এড়িয়ে চলতে একটি ভালো পাপোশ নির্বাচন করা খুব জরুরি।

মেঝের সুরক্ষার জন্য বাজারে হরেক রকমের ম্যাট পাওয়া যায়। তবে বর্ষার জন্য বিশেষ কিছু ডিজাইন আপনার জন্য হতে পারে সেরা। যেমন—

রাবার-ব্যাকড শোষণকারী ম্যাট

বর্ষা দিনের জন্য এটি অন্যতম জনপ্রিয়। এই পাপোশগুলোর ওপরের স্তরটি নরম কাপড়ে তৈরি হয়, যা বৃষ্টির ছাটে ভিজে গেলেও দ্রুত পানি শুষে নিতে পারে। আবার এগুলোর নিচের অংশে থাকে নন-স্লিপ রাবার কোটিং। রাবারের এই স্তর পাপোশকে মেঝের এক জায়গায় শক্ত করে ধরে রাখে এবং যেকোনো কারণে ভিজে গেলেও পানি চুইয়ে নিচে মেঝের সংস্পর্শে যেতে বাধা দেয়। তা ছাড়া এই ম্যাট বাসার দরজা এবং ওয়াশরুমের জন্য উপযোগী।

কাদা পরিষ্কারে নারকেলের ছোবড়ার ম্যাট

নারকেলের প্রাকৃতিক আঁশ দিয়ে তৈরি ম্যাট ঘরের বাইরে বা দরজার ঠিক মুখে ব্যবহারের জন্য সেরা। এর খসখসে ও রুক্ষ টেক্সচার জুতা থেকে কাদা, বালু ও ময়লা চেঁছে ফেলতে সহায়ক। তবে এগুলো কাপড়ের মতো পানি শোষণ করতে পারে না। তাই সেরা ফল পেতে দরজার বাইরে একটি নারকেলের ছোবড়ার ম্যাট এবং দরজার ভেতরে একটি পানি শোষণকারী কাপড়ের ম্যাট ব্যবহার করে ‘টু-স্টেপ’ সুরক্ষা ব্যবস্থা তৈরি করা উচিত।

মাইক্রোফাইবার ম্যাট ও ওয়াটারহগ

অতিরিক্ত আর্দ্রতাসম্পন্ন পরিবেশের জন্য ওয়াটারহগ ম্যাট দারুণ কার্যকর। এগুলোর ওপরের অংশে উঁচু-নিচু খাঁজকাটা প্যাটার্ন থাকে, যা জুতার তলার পানি শুষে নিতে বিশেষভাবে সহায়তা করে। অন্যদিকে, মাইক্রোফাইবার ম্যাট তার ওজনের চেয়ে কয়েক গুণ বেশি পানি শোষণ করার ক্ষমতার জন্য পরিচিত। এটি সাধারণ সুতি পাপোশের চেয়ে দ্রুত শুকায়। ফলে ঘরে ভ্যাপসা গন্ধ বা ছত্রাক জন্মাতে পারে না। এগুলো গোসলখানা বা বারান্দার দরজার সামনে রাখা যেতে পারে।

হেভি ডিউটি কমার্শিয়াল ম্যাট

বড় পরিবার কিংবা প্রতিষ্ঠানের মতো বড় জায়গায় কমার্শিয়াল গ্রেডের ম্যাট ব্যবহার করা উচিত। এগুলোর বর্ডার বা ধারগুলো শক্ত রাবার দিয়ে সুরক্ষিত থাকে এবং এর ভেতরের অংশ পর্যাপ্ত পানি এবং কাদা সামলাতে পারে। দীর্ঘস্থায়ী ব্যবহারের জন্য এটি চমৎকার বিনিয়োগ।

ড্রেনেজ সুবিধাযুক্ত অ্যান্টি-ফাটিগ ম্যাট

গ্যারেজ, বারান্দা বা ঘরের বাইরের খোলা অংশে, যেখানে পানি জমে যাওয়ার আশঙ্কা থাকে, সেখানে ফুটো বা পারফোরেশনযুক্ত রাবারের অ্যান্টি-ফাটিগ ম্যাট ব্যবহার করা ভালো। এ ধরনের ম্যাটের ছিদ্রগুলোর মধ্য দিয়ে পানি সহজে নিচে নেমে যায় এবং পাপোশের ওপরের অংশটি পিচ্ছিল না হয়ে নিরাপদ থাকে।

বর্ষায় পাপোশ নির্বাচনের কিছু টিপস—

  • নন-স্লিপ ব্যাকলিংক আবশ্যক: পাপোশ কেনার সময় অবশ্যই দেখে নেবেন, তার নিচে রাবার বা ল্যাটেক্সের নন-স্লিপ ব্যাকলিংক আছে কি না। যেসব পাপোশ মেঝেতে পিছলে যায় অথবা কুঁচকে থাকে, সেগুলো সুরক্ষার চেয়ে বেশি বিপদ ডেকে আনে।
  • সঠিক আকার ও সঠিক অবস্থান: পাপোশের আকার ছোট হলে তা কার্যকর হয় না। পাপোশটি এমন বড় আকারের হওয়া উচিত, যেন ঘরের ভেতরে ঢোকার সময় একজন মানুষ অন্তত দুই পা তার ওপর ফেলতে পারেন।
  • বর্ষাকালীন রক্ষণাবেক্ষণ: বর্ষায় পাপোশগুলো নিয়মিত ঝেড়ে পরিষ্কার করা, ভ্যাকুয়াম করা কিংবা ধুয়ে নেওয়া উচিত। ভেজা ভাব দূর করতে কড়া রোদে অথবা ফ্যানের বাতাসে ভালোভাবে শুকিয়ে নেওয়া জরুরি। নইলে ঘরজুড়ে দুর্গন্ধ ছড়িয়ে পড়তে পারে।

সূত্র: পারসোনালাইজড ডোর ম্যাটস

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত