Ajker Patrika

কীভাবে কাটাবেন মেঘলা দিনের আমেজ, জেনে নিন

ফিচার ডেস্ক, ঢাকা 
আপডেট : ২৮ এপ্রিল ২০২৬, ১৭: ৪২
কীভাবে কাটাবেন মেঘলা দিনের আমেজ, জেনে নিন
মেঘলা দিনে ঘরে সৃজনশীল কাজ করে কাটাতে পারেন সারা দিন। প্রতীকী ছবিটি এআই দিয়ে তৈরি।

মেঘলা দিনকে উপেক্ষা করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে যাঁদের অফিসে যেতে হয়, তাঁদের কপাল মন্দ। অন্যদিকে ঘুম থেকে উঠেই জানালা খোলার পর বৃষ্টিভেজা বা বৃষ্টির আগমনী সুরে ঘেরা বাতাস যাঁদের গা ছুঁয়ে যায়; আর কোনো তাড়াহুড়ো ছাড়াই যাঁরা একটা স্লো মর্নিং শুরু করতে পারেন, তাঁদের ভাগ্য়বানই বলা চলে। ঘরে ঠান্ডা হাওয়া বইতে দিয়ে স্পিকারে পছন্দের গান শুনতে শুনতে যাঁরা ভাবছেন, কী করে কাটাবে এই মেঘলা দিনের আমেজ, তাঁরা ঘরেই সুন্দরভাবে দিনটি উপভোগের এই উপায়গুলো দেখে নিতে পারেন।

একটু অন্যরকম সকালের নাশতা তৈরি করুন

মন কেমন করা মেঘলা দিনটি শুরু করতে পারেন অন্যভাবে। রোজকার একঘেয়ে সকালের নাশতা না বানিয়ে তৈরি করতে পারেন ভিন্ন স্বাদের কিছু। রুটি বা পরোটা তৈরির পরিবর্তে প্যানকেক আর ফল দিয়ে সকালের নাশতাটা সারতে পারেন। আর দেরি করে ঘুম থেকে ওঠার কারণে যাঁরা একবারে লাঞ্চ সারতে চাইছেন, তাঁরা খিচুড়ি, ডিম ভাজা আর আচার দিয়ে সেরে ফেলুন খাওয়ার পাট। এরপর মসলা-চা ভর্তি মগ নিয়ে বারান্দায় বসে উপভোগ করুন আবহাওয়া।

সন্ধ্যায় বন্ধুদের গেট টুগেদারের আয়োজন করুন। প্রতীকী ছবি: পেক্সেলস
সন্ধ্যায় বন্ধুদের গেট টুগেদারের আয়োজন করুন। প্রতীকী ছবি: পেক্সেলস

সন্ধ্যায় গেট টুগেদারের আয়োজন করুন

মেঘলা দিনে যখন সুবাতাস বইছে, তখন মন আড্ডা দিতে উদ্‌গ্রীব হতেই পারে। সন্ধ্যায় বন্ধু ও প্রিয়জনদের বাড়িতে ডাকতে পারেন। স্ন্যাকস প্রয়োজন পড়লে বাইরে থেকে অর্ডার করে নিন। তবে সবাই মিলে মিনিমালিস্টিক একটা ডিনার তৈরি করে ফেলুন বাড়িতেই। আড্ডা, গান, খাওয়াদাওয়া সব মিলিয়ে দিনটা সম্পূর্ণ হোক আনন্দে।

বাড়ির সবার জন্য নিরীক্ষাধর্মী পানীয় তৈরি করুন

বিভিন্ন ধরনের কফি, চা, মকটেল বা জুস নিরীক্ষা করার ভালো দিন এটি। পরিবারের বিভিন্ন সদস্যের পছন্দের পানীয় তৈরি করে চমকে দিতে পারেন। তারপর সবাই মিলে বসতে পারেন কোনো ইনডোর গেম খেলতে বা টিভিতে প্রিয় কোনো সিরিজ দেখতে।

অনলাইনে বাজার করুন

ব্যস্ততার কারণে চলতি মাসে শুকনো বাজারগুলো করা হয়ে উঠছে না, তাই তো? তাহলে এই বৃষ্টিময় দিনে রান্নাঘর ঘুরে টুকে নিন মসলা, চিনি, চাল, ডালসহ কী কী কিনতে হবে। সাবান, শ্যাম্পু, ডিটারজেন্ট লাগবে কি না, তাও একবার দেখে নিন স্নানঘর থেকে। ফ্রিজে ডিম, মাছ বা মাংস আছে কি না, সে খোঁজও নিন। তারপর তালিকা নিয়ে বসুন। একে একে সব অর্ডার করে নিন। একটা কাজ এগিয়ে থাকল।

বাড়ি সাজান নতুন রূপে

আলস্য কাটাতে এই মেঘলা বা বৃষ্টিময় দিনটিকে কাজে লাগাতে পারেন ভালোভাবে। পুরো বাড়ি নতুন করে সাজিয়ে তুলতে পারেন। আপনার বিছানা, সোফা বা ডাইনিং টেবিল সরিয়ে ভিন্ন জায়গায় বসিয়ে দেখুন কেমন লাগে। মাঝে মাঝে অদলবদল করে নিলে একঘেয়েমি কাটে।

বই পড়ার একটি তালিকা তৈরি করুন

যদি আপনার আগে থেকে এমন কোনো তালিকা না থাকে, তবে অবসরে পড়ার মতো বইয়ের একটি তালিকা তৈরি শুরু করুন। সম্ভব হলে বইগুলো অনলাইনে অর্ডার করে নিন। তাহলে আসছে বর্ষায় আপনার পড়া বইয়ের সংখ্যাও কিন্তু বাড়বে অনেক।

স্পা নিন ঘরেই

কোনো অভিজাত স্পা-তে গিয়ে টাকা খরচের ইচ্ছে নেই, তাই তো? তাহলে মেঘলা দিনের স্নিগ্ধতাকে সঙ্গী করে ঘরেই স্পার ব্যবস্থা করতে পারেন। করোনা-পরবর্তীকালে অনেক প্রতিষ্ঠান হয়েছে, যারা দক্ষ বিউটিশিয়ানদের মাধ্য়মে ঘরেই পারলার সার্ভিস দেয়। এসব প্রতিষ্ঠানে সার্ভিস বুকিং দিয়ে রাখতে পারেন। নয়তো নিজেই করুন। যেভাবেই হোক, নিজের যত্ন নেওয়ার এই দিন আপনাকে দারুণভাবে সতেজ করে তুলবে। মুখে একটি হাইড্রেটিং ফেস মাস্ক লাগিয়ে নিন এবং বৃষ্টির টুপটাপ শব্দকে সুদিং মিউজিক হিসেবে সঙ্গী করে নিন।

বেকিংয়ে সময় পার

কুকি, ব্রাউনি, কেক অথবা পাউরুটি; অনেক দিন ধরে তৈরি করবেন বলে ভাবছেন, উপকরণও কিনে রেখেছেন, কিন্তু তৈরি করা হচ্ছে না। এই মেঘলা দিনে ঘরে থাকলে প্লে লিস্টে পছন্দের গান ছেড়ে ধীরে ধীরে সেগুলো তৈরি করে ফেলুন। তাড়াহুড়ো না করে আস্তে ধীরে বেকিংয়ের পুরো প্রক্রিয়া উপভোগের চেষ্টা করুন। বেকিং একধরনের থেরাপি। এটি মন চনমনে করে তুলতে খুব ভালো কাজ করে।

সূত্র: কসমোপলিটন ও অন্যান্য

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত