স্ট্রিট ফুড এখন পৃথিবীর খাদ্যসংস্কৃতিতে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেশের স্ট্রিট ফুড চেখে দেখা আধুনিক পর্যটনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে। আজ গ্রুপ ‘এইচ’-এর খেলায় রাত ১০টায় আটলান্টা স্টেডিয়ামে মুখোমুখি হবে স্পেন ও সৌদি আরব। এ খেলা দেখতে দেখতে খেতে পারেন সৌদি আরবের তিনটি স্ট্রিট ফুডের যেকোনো একটি।
সৌদি আরবের স্ট্রিট ফুড সংস্কৃতি মধ্যপ্রাচ্যের বেদুইন ঐতিহ্য, বাণিজ্যপথ এবং হজযাত্রীদের প্রভাবে গড়ে উঠেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে মধ্যপ্রাচ্যের বিশাল অঞ্চলের খাদ্যসংস্কৃতির ঐতিহ্য। এখানে দেশটির তিনটি জনপ্রিয় স্ট্রিট ফুডের ইতিহাস ও রেসিপি তুলে ধরা হলো।

‘মুতাব্বাক’ অর্থ ভাঁজ করা। এটি মূলত ইয়েমেনি ও দক্ষিণ আরবের খাবার, যা পরে সৌদি আরবের পশ্চিমাঞ্চল, বিশেষ করে জেদ্দায় জনপ্রিয় হয়। হজ ও ওমরাহ উপলক্ষে আসা যাত্রীদের মাধ্যমে এর বিস্তার ঘটে বলে ধারণা করা হয়। বর্তমানে এটি সৌদি আরবের অন্যতম পরিচিত স্ট্রিট ফুড।
ময়দা ২ কাপ, পানি ও লবণ পরিমাণমতো, গরুর মাংসের কিমা ২৫০ গ্রাম, পেঁয়াজকুচি ১টি, ডিম ২টি, কাঁচা মরিচের কুচি ২টি, তেল।
ময়দা, পানি ও লবণ দিয়ে নরম খামির তৈরি করুন। এরপর কিমা ও পেঁয়াজ ভেজে নিয়ে তার সঙ্গে ডিম ফেটিয়ে মিশিয়ে নিন। নির্দিষ্ট আকারে খামির পাতলা করে লুচির মতো বেলে নিয়ে তার মধ্যে পুর দিয়ে চারদিক ভাঁজ করে চারকোনা আকার দিন। এরপর তাওয়া বা প্যানে তেল দিয়ে দুই পাশ সোনালি হওয়া পর্যন্ত ভেজে নিলেই তৈরি হয়ে যাবে মুতাব্বাক।

সাম্বুসার শিকড় মধ্যযুগের পার্সিয়ায়। বাণিজ্যপথ ধরে এটি আরব উপদ্বীপে আসে। সৌদি আরবে, বিশেষ করে রমজান মাসে সাম্বুসা অত্যন্ত জনপ্রিয়। ইফতারের সময় রাস্তার দোকানগুলোতে এটি ব্যাপকভাবে বিক্রি হয়। তবে অন্যান্য সময়েও এর কদরে কমতি পড়ে না।
সাম্বুসা শিট বা পাতলা রুটি, মুরগি বা গরুর কিমা ২০০ গ্রাম, পেঁয়াজকুচি ১টি, ধনেগুঁড়া আধা চা-চামচ, জিরাগুঁড়া আধা চা-চামচ, লবণ এবং ভাজার জন্য তেল।

কিমার সঙ্গে পেঁয়াজকুচি ও ধনে-জিরাগুঁড়া মিশিয়ে রান্না করুন। তারপর সাম্বুসা শিটে সেই ভাজা কিমা দিয়ে ত্রিভুজ আকারে মুড়ে নিন। সোনালি হওয়া পর্যন্ত ডুবো তেলে ভেজে নিন। তারপর চায়ের সঙ্গে পরিবেশন করুন।
রেসিপি থেকে বুঝতে পারছেন, এটি আমাদের দেশের সমুচার মতো একটি খাবার। ফুটবলের আমেজ বাড়িয়ে তুলতে এটি তৈরি করে নিতে পারেন।

ফালাফেলের উৎপত্তি নিয়ে বিতর্ক থাকলেও অধিকাংশ গবেষক এর উৎস মিসর বলে মনে করেন। পরে এটি পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হয়। সৌদি আরবের শহরগুলোতে ফালাফেল স্যান্ডউইচ একটি জনপ্রিয় ও সাশ্রয়ী স্ট্রিট ফুড।
রাতভর ভেজানো ছোলা ২ কাপ, রসুন ৪ কোয়া, ধনেপাতা ১ মুঠো, পরিমাণমতো পার্সলে বা পুদিনাপাতা, জিরা ১ চা-চামচ, লবণ, তেল।
ভেজানো ছোলা, রসুন এবং ধনেপাতা, পার্সলে বা পুদিনাপাতা ব্লেন্ড করে জিরা ও লবণ মিশিয়ে ছোট বল তৈরি করুন। তারপর ডুবো তেলে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন। এরপর রুটি, তাহিনি সস ও সালাদের সঙ্গে পরিবেশন করুন।
সৌদি আরবের ব্যস্ত শহরগুলো, বিশেষ করে রিয়াদ, জেদ্দা ও মক্কায় মুতাব্বাক, সাম্বুসা ও ফালাফেল বেশি দেখা যায়। এই তিনটি খাবারই সৌদি স্ট্রিট ফুড সংস্কৃতিতে বহু সাংস্কৃতিক ইতিহাসের প্রতিফলন; যেখানে আরব, পারস্য, আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার প্রভাব একসঙ্গে মিশে গেছে।
সিনেমা দেখার মতো বাসায় বা বন্ধুদের সঙ্গে খেলা দেখতে বসলে হালকা খাবার না হলে জমে না। সৌদি আরবের এই স্ট্রিট ফুডগুলো খুব সহজে তৈরি করে নেওয়া যায়। ফলে বিশ্বকাপ ফুটবলের আনন্দ আরও বাড়িয়ে তুলতে এই খাবারগুলো বাসাতেই তৈরি করে নিন।

দুই দশক ধরে একাই পৃথিবীর নানা প্রান্তে ঘুরেছেন ব্রিটিশ ভ্রমণবিষয়ক লেখক লিডিয়া সোয়িনস্কো। জর্জিয়া, ভারত, কলম্বিয়াসহ বহু দেশ ঘুরলেও তাঁর ভ্রমণতালিকায় শ্রীলঙ্কা ছিল না। শেষ পর্যন্ত শ্রীলঙ্কায় একটি ১২ দিনের গ্রুপ ট্যুরে যোগ দিয়েই জীবনের সবচেয়ে অপ্রত্যাশিত অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি—প্রেমে পড়ে গেছেন
৮ ঘণ্টা আগে
সাগরপাড় থেকে ফেরার পর কমবেশি সবার ত্বক খানিকটা কালচে হয়ে যায়। সমুদ্র এলাকার তীব্র রোদ, নোনাজল এবং বালুর ক্ষতিকর প্রভাব থেকে ত্বক রক্ষা করতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করা জরুরি। সঙ্গে দরকার গভীর পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত আর্দ্রতা বজায় রাখা। যাঁরা সমুদ্রপাড়ে ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের...
১৬ ঘণ্টা আগে
কারিনা কাপুর একদিকে যেমন ভীষণ ফিটনেস-সচেতন, অন্য়দিকে দারুণ ভোজনরসিক। জনসমক্ষে খাবারের প্রতি নিজের ভালোবাসা প্রকাশ করতে কখনোই দ্বিধা করেন না এই তারকা। বিভিন্ন সাক্ষাৎকারে তিনি অকপটে স্বীকার করেছেন, জিরো-ফিগার হওয়ার চেয়ে তিনি বরং আলু পরোটা খেতেই বেশি পছন্দ করেন! এই অভিনেত্রী বারবার তাঁর প্রিয়...
১৯ ঘণ্টা আগে
সকালের নাশতা মানেই কি প্রতিদিনের সেই চেনা ডিম-রুটি? স্বাদে একটু ভিন্নতা আনতে চাইলে চোখ ফেরানো যেতে পারে তুরস্কের দিকে। দেশটিতে নাশতার টেবিলে জনপ্রিয় এক পদ মেনেমেন। টমেটোর রসাল স্বাদ, কাঁচা মরিচের ঝাঁজ আর ডিমের মেলবন্ধনে তৈরি সহজ অথচ দারুণ সুস্বাদু একটি খাবার। অল্প কিছু উপকরণ আর সামান্য সময়েই তৈরি...
২১ ঘণ্টা আগে