ভোরের আলো তখনো পুরোপুরি ফোটেনি। মেঘনার বিস্তীর্ণ জলরাশির ওপর কুয়াশার পাতলা চাদর। দূরে জেলেদের নৌকা ঢেউ কেটে এগিয়ে চলছে। পুব আকাশে সূর্যের আভা ছড়িয়ে পড়তেই নদীর জল চিকচিক করে উঠল সোনালি আলোয়। ম্যানগ্রোভ বনের ফাঁক দিয়ে হঠাৎ ছুটে গেল একদল হরিণ। কোথাও পাখির ডাক, কোথাও মহিষের ঘণ্টার শব্দ, আবার কোথাও ঝাউতলার সবুজে দখিনা বাতাসের মৃদু দোলা। এমন দৃশ্য দেখে মনে হতে পারে—এটি বাংলাদেশের কোনো জনপদ নয়। কিন্তু জানলে অবাক হবেন, এই দৃশ্যের দেখা মিলবে মেঘনার বুকে গড়ে ওঠা এক মায়াবী রাজ্য মনপুরায় গেলে।
ভোলা জেলার বিচ্ছিন্ন এই দ্বীপ উপজেলা শুধু নদী বা এক চরাঞ্চলের নাম নয়; এর সঙ্গে জড়িয়ে আছে ইতিহাস, ঐতিহ্য, মানুষের জীবনসংগ্রাম, জীববৈচিত্র্য এবং অপার প্রাকৃতিক সৌন্দর্য। মেঘনার বিশাল জলরাশি, সবুজ ম্যানগ্রোভ বন, মায়াবী হরিণ, দখিনা হাওয়া সি-বিচ, ল্যান্ডিং স্টেশন, ঝাউতলা, চারা বাগান, নদীতীরের সূর্যাস্ত এবং বৈচিত্র্যময় স্থানীয় খাবার—সব মিলিয়ে মনপুরায় রয়েছে পর্যটনের বিশাল সম্ভাবনা।
মনপুরার ইতিহাসও বেশ সমৃদ্ধ। তথ্য বলছে, ষোলো শতকে এই অঞ্চলে পর্তুগিজদের আগমন ও বসতি শুরু। পর্তুগিজদের উপস্থিতি ঘিরে মনপুরায় নানান লোককথা প্রচলিত রয়েছে। স্থানীয়ভাবে কেশওয়ালা বা লোমশ কুকুরের উপস্থিতিকেও অনেকে সেই পর্তুগিজ অধ্যায়ের স্মৃতির সঙ্গে যুক্ত করেন। ইতিহাসের এই অধ্যায় মনপুরাকে দেশের অন্যান্য দ্বীপাঞ্চল থেকে আলাদা বৈশিষ্ট্য দিয়েছে।
নদীর ভাঙা-গড়ার সঙ্গেও মনপুরার অস্তিত্ব গভীরভাবে জড়িত। মেঘনার স্রোত কখনো কেড়ে নিয়েছে বসতভিটা, আবার পলি জমিয়ে তৈরি করেছে নতুন চর। নদীই এখানকার মানুষের জীবিকার প্রধান অবলম্বন, আবার নদীই মনপুরার সৌন্দর্যের সবচেয়ে বড় উপাদান। ভোরে জেলেদের নৌকা নদীতে ছুটে যাওয়া, দিনের শেষে মাছভর্তি নৌকা নিয়ে ঘাটে ফেরা কিংবা সন্ধ্যার নরম আলোয় নদীর বুকে নৌকার সারি—সবকিছুতেই ফুটে ওঠে দ্বীপের নিজস্ব জীবনচিত্র।
মনপুরার অন্যতম আকর্ষণ মায়াবী হরিণ। উপকূলীয় বনাঞ্চল ও ম্যানগ্রোভের সবুজে তাদের বিচরণ দ্বীপটির স্বতন্ত্র পরিচয় তৈরি করেছে। সবুজের আড়াল থেকে হঠাৎ বেরিয়ে আসা হরিণের পাল কিংবা দূর থেকে বনের ভেতর তাদের ছুটে চলার দৃশ্য প্রকৃতিপ্রেমীদের ভালো লাগবে নিশ্চিত। তবে শিকার ও পরিবেশগত নানা কারণে হরিণের নিরাপদ আবাসস্থল রক্ষা করা এখন গুরুত্বপূর্ণ। পর্যটনের পাশাপাশি বন্য প্রাণী সংরক্ষণ নিশ্চিত করা গেলে হরিণ হতে পারে মনপুরার অন্যতম পরিচয়।
দ্বীপের প্রাকৃতিক সৌন্দর্য আরও সমৃদ্ধ করেছে ম্যানগ্রোভ বন, বিস্তীর্ণ চরাঞ্চল ও নদীতীর। কেওড়া-গেওয়াসহ উপকূলীয় বৃক্ষরাজির সবুজ পরিবেশ, পাখির কলকাকলি আর খোলা আকাশ প্রকৃতিপ্রেমীদের আকৃষ্ট করতে পারে। শীত মৌসুমে বিভিন্ন প্রজাতির অতিথি পাখির আনাগোনাও মনপুরার প্রকৃতিকে করে তোলে আরও বৈচিত্র্যময়।

এই দ্বীপের আরেকটি আকর্ষণ দখিনা হাওয়া সি-বিচ। মেঘনার বিশাল জলরাশি, বালুকাময় তট, খোলা আকাশ ও দখিনা বাতাস মিলে এখানে তৈরি হয় ভিন্ন এক পরিবেশ। বিকেলের শেষ ভাগে সূর্য যখন ধীরে ধীরে দিগন্তের দিকে নেমে যায়, তখন নদীর পানিতে ছড়িয়ে পড়ে লালচে সোনালি আলো। ঢেউয়ের শব্দ আর দক্ষিণা বাতাসের সঙ্গে সেই দৃশ্য মনপুরাকে করে তোলে আরও মোহনীয়।
মনপুরার ল্যান্ডিং স্টেশনও পর্যটনের জন্য গুরুত্বপূর্ণ আকর্ষণ হতে পারে। নদীর ওপর বিস্তৃত জলরাশি, নৌযানের আসা-যাওয়া এবং মানুষের ব্যস্ততা মিলিয়ে এখানে দেখা যায় দ্বীপের সঙ্গে বাইরের বিশ্বের যোগাযোগের জীবন্ত চিত্র। পাশাপাশি ঝাউতলা ও চারা বাগানের সবুজ পরিবেশ হতে পারে প্রকৃতিপ্রেমীদের প্রশান্তির জায়গা।
মনপুরার সৌন্দর্য শুধু চোখে দেখার নয়, স্বাদেও অনুভব করার মতো। চরাঞ্চলের মহিষের দুধ থেকে তৈরি দই এখানকার ঐতিহ্যবাহী খাবারের অন্যতম আকর্ষণ। ঘন ও স্বতন্ত্র স্বাদের এই দই স্থানীয় খাদ্যসংস্কৃতির সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে। পাশাপাশি মেঘনার টাটকা ইলিশ, কোরাল, বোয়ালসহ বিভিন্ন নদীর মাছ, শীতে হাঁস, ভর্তা ও দেশি নানান পদ পর্যটকদের রসনায় দিতে পারে ভিন্ন অভিজ্ঞতা।
মনপুরার পর্যটন সম্ভাবনা শুধু প্রকৃতি কিংবা নির্দিষ্ট কয়েকটি দর্শনীয় স্থানে সীমাবদ্ধ নয়। নদীভ্রমণ, জেলেদের জীবনযাত্রা, মাছের ঘাট, চরাঞ্চল, স্থানীয় খাবার, ম্যানগ্রোভ বন, বন্য প্রাণী এবং ঐতিহাসিক ঐতিহ্যের সমন্বয়ে এখানে গড়ে উঠতে পারে একটি পূর্ণাঙ্গ প্রকৃতি এবং সংস্কৃতিনির্ভর পর্যটন ব্যবস্থা। এতে স্থানীয় মানুষের কর্মসংস্থান এবং ব্যবসার সুযোগও বাড়তে পারে।

‘জীবন একটি রোমাঞ্চকর অভিযান ছাড়া কিছু নয়’—হেলেন কেলারের এই কথার সার্থক রূপায়ণ ঘটিয়েছেন পার্বত্য চট্টগ্রামের তঞ্চঙ্গ্যা জনগোষ্ঠীর তরুণ বীর কুমার তঞ্চঙ্গ্যা। কক্সবাজারের সোনাঝরা সৈকতের নোনাজল ছেড়ে সাইকেলে চেপে বীর কুমার যাত্রা শুরু করেছিলেন হিমালয়ের উদ্দেশে।
২ ঘণ্টা আগে
বাহরাইনের রাশা ইউসিফ ‘পৃথিবীর সব দেশ ঘুরে দেখা’ রোমাঞ্চকর কিন্তু কঠিন পথ বেছে নিয়েছেন। ভ্রমণের সঙ্গে ফটোগ্রাফিকে সঙ্গী করে তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তে ছুটে বেড়িয়েছেন। তাঁর বর্ণনা অনুযায়ী, ১৯৫টি দেশে ভ্রমণের অভিজ্ঞতা হয়েছে তাঁর। তবে রাশার ভ্রমণের...
৩ ঘণ্টা আগে
সম্প্রতি আন্তর্জাতিক ভ্রমণ প্ল্যাটফর্ম ট্রিপ অ্যাডভাইজার প্রকাশ করেছে এ বছরের ট্রাভেলার্স চয়েস বেস্ট অব দ্য বেস্ট রেস্তোরাঁর তালিকা। দীর্ঘ ১২ মাসের ভ্রমণকারীদের রিভিউ এবং রেটিংয়ের ভিত্তিতে তৈরি করা হয়েছে বিশ্বের সেরা ১০ ফাইন ডাইনিং রেস্তোরাঁর তালিকা।
৫ ঘণ্টা আগে
কখনো কি ভেবে দেখেছেন, এক মুঠো পপকর্নের ইতিহাস কতটা প্রাচীন হতে পারে কিংবা কীভাবে এটি সারা পৃথিবীর মানুষের পছন্দের শীর্ষে পৌঁছাল? আজকের দিনে আপনার ঘরে এয়ার পপার মেশিন দিয়ে মাত্র ৩ মিনিটের কম সময়ে ১০ কাপ পপকর্ন বানানো সম্ভব। এমনকি ব্রেমেন ইউনিভার্সিটির তৈরি রোবটও এখন পপকর্ন পরিবেশন করতে...
১৬ ঘণ্টা আগে