ট্রেন্ড! হ্যাঁ, ট্রেন্ডই বটে। লাইফস্টাইলের সব ক্ষেত্রে যদি ট্রেন্ড সেট করা যায়, তাহলে ভ্রমণে নয় কেন? অবশ্য এই বিতর্ক বেশ পুরোনো। তাই সেদিকে না গিয়ে বরং চলুন, জেনে নেওয়া যাক ২০২৭ সালে ভ্রমণে কোন কোন নতুন এবং অদ্ভুত ট্রেন্ড যুক্ত হতে চলেছে।
একটি সফল ভ্রমণ মানে ভালো পরিকল্পনা। এই ভ্রমণ পরিকল্পনার অন্যতম বিষয় হলো ব্যাগ। কিন্তু ভ্রমণ মানে কি শুধু ব্যাগ কাঁধে নিয়ে অচেনা কোনো সমুদ্রসৈকত, পাহাড় বা বনে গিয়ে চেক-ইন করা? একদমই না। সময় বদলেছে, সঙ্গে বদলে গেছে আমাদের ঘুরতে যাওয়ার রুচিও। এআইয়ের দাপট, অফিসের চাপ আর সামাজিক যোগাযোগমাধ্যমের কৃত্রিমতা থেকে বাঁচতে ২০২৭ সালে মানুষ এমন সব অদ্ভুত আর মজার কারণে ভ্রমণে বের হবে, যা শুনলে আপনিও হয়তো নিজের পরবর্তী ট্যুর প্ল্যান বদলে ফেলবেন। বিশ্বখ্যাত ট্রাভেল ওয়েবসাইট ও গবেষকদের তথ্য বলছে, ২০২৭ সালে ভ্রমণের দুনিয়া কাঁপাতে আসছে দারুণ ৭টি ট্রেন্ড। বছর শুরুর আগেই ভ্রমণ পরিকল্পনা যাঁরা শুরু করতে চান, তাঁরা অবশ্যই এই ৭টি ট্রেন্ড সম্পর্কে জেনে রাখুন।
রূপকথার খোঁজে
রোজকার একঘেয়ে বাস্তবতা থেকে মানুষ এখন একটু জাদুকরি জগতে হারাতে চায়। বুকিং ডটকমের জরিপ বলছে, ৬৫ শতাংশ ভ্রমণকারী এখন ভৌতিক ইতিহাস বা রহস্যময় জায়গায় যেতে আগ্রহী। রোমান্টাসি (রোমান্স ও ফ্যান্টাসি) ঘরানার বই ও সিনেমার প্রভাবে মানুষ এখন এমন জায়গা খুঁজে বেড়াচ্ছে, যেগুলো দেখতে রূপকথার রাজ্যের মতো। যেমন সুইজারল্যান্ডের জারমাট গ্রাম বা স্কটল্যান্ডের রহস্যময় পাহাড়। বর্তমানে যে জায়গাগুলো ভ্রমণ ট্রেন্ডে আছে, সেগুলো বেশির ভাগই আপনাকে নিয়ে যাবে এক রূপকথাময় জায়গায়।
বড়দের ‘শিশু’ হয়ে যাওয়ার ছুটি
অফিসের বস, সংসারের দায়িত্ব আর বিল দেওয়ার চিন্তা—সব ভুলে কয়েক দিনের জন্য আবার ছোটবেলায় ফিরে যেতে পারলে কেমন হতো? এক্সপিডিয়ার তথ্যমতে, জেন-জি ও মিলেনিয়ালদের ৭১ শতাংশ ২০২৭ সালে এমন আন-অ্যাডাল্টিং ট্রিপ বুক করতে চান। এ কারণে ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড বা ইউনিভার্সাল স্টুডিওর মতো থিম পার্কগুলো এখন শুধু প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ নাইট ইভেন্ট ও রিসোর্ট চালু করছে, যেখানে বড়রা নির্দ্বিধায় শিশুদের মতো আনন্দ করতে পারবেন।
ছুটিতে নতুন শখ শেখা
ঘুরতে গিয়ে শুধু বালিশে মাথা দিয়ে ঘুমানো নয়, বরং নতুন কিছু শিখে ফেরার প্রবণতা বাড়ছে। হিলটনের মতে, জেন-জিরা ভ্রমণ থেকে এমন কোনো নতুন শখ নিয়ে ফিরতে চান, যেগুলো সারা জীবন চর্চা করা যায়। কেউ স্পেনে গিয়ে হাইকিংয়ের পাশাপাশি স্প্যানিশ ভাষা শিখছেন, আবার কেউ ফটোগ্রাফি বা মৃৎশিল্পের ওয়ার্কশপে যোগ দিতে ছুটিতে যাচ্ছেন।
ছেলেদের আড্ডায় আবেগের ছোঁয়া
পুরুষ মানুষের কাছে ভ্রমণ মানেই আড্ডা, বাঁধনহারা আনন্দ আর হইচই। ফলে বন্ধুদের নিয়ে ট্যুর মানে আগে ছিল শুধু আড্ডা, খাওয়াদাওয়া আর হইহুল্লোড়। সেগুলো এখন ওল্ড ফ্যাশন। ২০২৭ সালে এই ট্রেন্ডে যোগ হচ্ছে বয়েজ ট্রিপ! যুক্তরাজ্যের এক গবেষণায় দেখা গেছে, ৫০ শতাংশ পুরুষ মানসিক চাপে ভোগেন। তাই এখনকার পুরুষেরা ঘুরতে গিয়ে ক্যাম্পফায়ারের পাশে বসে বা পাহাড়ে হাঁটতে হাঁটতে নিজেদের একাকিত্ব, কাজের চাপ ও মনের কথা শেয়ার করতে বেশি আগ্রহী হচ্ছেন।
পিক্সেলের চেয়ে মানুষ বড়
চারদিকে এখন চ্যাটজিপিটি, ডিপফেক আর কৃত্রিমতার ছড়াছড়ি। প্রাইসলাইনের জরিপ বলছে, ৬৬ শতাংশ মানুষ এখন প্রযুক্তি বা রোবটের বদলে রক্ত-মাংসের মানুষের আন্তরিকতা পেতে বাড়তি টাকা খরচ করতেও রাজি। তাই ২০২৭ সালে মানুষ একা ঘোরার চেয়ে পরিবার বা বড় দল নিয়ে এমন রিসোর্টে যেতে চাইবেন, যেখানে আড্ডা ও পারস্পরিক সম্পর্ক ঝালিয়ে নেওয়ার সুযোগ থাকে।
এক রাতের ট্রিপ স্ন্যাকিং
লম্বা ছুটি পাওয়া আজকাল সোনার হরিণ। তার ওপর পকেটেও টান। তাই বড় ভোজের বদলে মানুষ এখন স্ন্যাকস বা হালকা নাশতার মতো মাত্র এক রাতের জন্য ঘুরতে বের হচ্ছে! হোটেলস ডটকমের জরিপ বলছে, ৭৯ শতাংশ ভ্রমণকারী আগামী বছর এক রাতের এমন মাইক্রো-ব্রেক নেবেন। প্রিয় ব্যান্ডের কনসার্ট দেখা হোক বা শহরের পাশের কোনো রিসোর্টে ২৪ ঘণ্টা কাটানো—অল্প সময়ে রিচার্জ হওয়ার এটাই সেরা উপায়।
বিরল অভিজ্ঞতায় আভিজাত্য
সোশ্যাল মিডিয়ার যুগে দামি হোটেলে চেক-ইন দিয়ে আর আভিজাত্য দেখানো যাচ্ছে না। তাই ২০২৭ সালে স্ট্যাটাস সিম্বল হবে এমন অভিজ্ঞতা, যা আর কারও নেই। যেমন সে বছরের ২ আগস্ট মিসরের লুক্সরে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে। সেদিন বিজ্ঞানীদের সঙ্গে নীল নদে ক্রুজে চড়ে এই বিরল দৃশ্য দেখার মতো আনরিপিটেবল বা অদ্বিতীয় ভ্রমণের দিকেই ঝুঁকবে মানুষ।
সব মিলিয়ে ২০২৭ সালের ভ্রমণ হতে যাচ্ছে নিজের ভেতরের শিশুকে খুঁজে পাওয়ার চেষ্টা এবং মানুষের কাছাকাছি আসা আর জীবনের একঘেয়েমি কাটানোর এক দারুণ উপলক্ষ।
সূত্র: বিবিসি, ট্রাভেল+লিজার










