Ajker Patrika

যেখানে মধ্যরাতেও সূর্য হাসে

কাজী মহসীন
যেখানে মধ্যরাতেও সূর্য হাসে

রাত তিনটা। অথচ আকাশজুড়ে ঝলমলে সূর্যের আলো। কেউ ঘাস কাটছেন, কেউ বাড়ি রং করছেন, আবার কেউ সমুদ্রে সাঁতার কাটছেন। দৃশ্যটি দেখে মনে হতে পারে, সকাল হয়েছে। কিন্তু ঘড়ির দিকে তাকালে দেখা যাবে, গভীর রাত। এমনই এক বিস্ময়কর দ্বীপ রয়েছে নরওয়ের উত্তরাঞ্চলে, নাম সোমারয়। একসময় দ্বীপটির বাসিন্দারা নিদের জীবন থেকে ঘড়ির প্রচলিত সময়ের হিসাবটাই তুলে দিতে চেয়েছিলেন। পৃথিবীর প্রথম ‘টাইম-ফ্রি জোন’ হতে চেয়েছিল এই দ্বীপ। কিন্তু সত্যিই কি সেখানে সময়ের কোনো অস্তিত্ব নেই?

পৃথিবীর অধিকাংশ মানুষের জীবন চলে ঘড়ির কাঁটা ধরে। কখন ঘুম থেকে উঠতে হবে, কখন কাজে যেতে হবে, কখন দুপুরের খাবার খেতে হবে কিংবা কখন ঘুমাতে হবে—সবকিছুরই একটা নির্দিষ্ট সময় রয়েছে। কিন্তু নরওয়ের উত্তর মেরু অঞ্চলের ছোট্ট দ্বীপ সোমারয়ে প্রকৃতির নিয়ম যেন এই হিসাব কিছুটা এলোমেলো করে দিয়েছে।

এখানে গ্রীষ্মকালে টানা প্রায় ৬৯ দিন সূর্য অস্ত যায় না। অর্থাৎ মধ্যরাতেও আকাশে সূর্যের উপস্থিতি থাকে। আবার শীতকালে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কয়েক সপ্তাহ সূর্য দিগন্তের ওপরে ওঠে না। কখনো দিনের বেলাতেও চারপাশ ডুবে থাকে অন্ধকারে।

প্রকৃতির এই অদ্ভুত ছন্দের সঙ্গে মানিয়ে নিয়েই জীবন কাটান দ্বীপটির বাসিন্দারা। তাঁদের কাছে সময়ের হিসাব অনেকটাই নির্ভর করে কাজের প্রয়োজন, আবহাওয়া ও ব্যক্তিগত সুবিধার ওপর।

যে দ্বীপ সময়কে বিদায় জানাতে চেয়েছিল

২০১৯ সালে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে সোমারয়। দ্বীপটির কয়েকজন বাসিন্দা ঘোষণা দেন, তাঁরা গ্রীষ্মের দীর্ঘ আলোকিত দিনগুলোতে প্রচলিত সময়ের বাধ্যবাধকতা থেকে মুক্তি চান। তাঁদের লক্ষ্য, সোমারয়কে বিশ্বের প্রথম ‘টাইম-ফ্রি জোন’ হিসেবে প্রতিষ্ঠা করা।

দ্বীপটির বাসিন্দা কিয়েল ওভে হভেডিং এই উদ্যোগের অন্যতম প্রচারক ছিলেন। তিনি যুক্তি দিয়েছিলেন, যখন সূর্য প্রায় ৭০ দিন ধরে অস্তই যায় না, তখন ঘড়ির সময় ধরে কাজ করার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভাবা যেতে পারে। কেউ যদি রাত দুইটায় বাড়ির রং করতে চান কিংবা মধ্যরাতে ঘাস কাটতে চান, তাতে বাধা কোথায়?

এই ধারণার প্রতীক হিসেবে দ্বীপে প্রবেশের সেতুতে ঘড়ি ঝুলিয়ে রাখা হয়েছিল। যেন দর্শনার্থীরা সেখানে পৌঁছে সময়ের প্রচলিত হিসাবকে পেছনে ফেলে আসতে পারেন।

কিন্তু ঘটনাটির পেছনে ছিল আরও চমকপ্রদ একটি সত্য। ২০২৬ সালের ২৩ অক্টোবর প্রকাশিত বিবিসি ট্রাভেলের প্রতিবেদনে সাংবাদিক অ্যান্থনি হ্যাম জানিয়েছেন, ২০১৯ সালের সেই আলোচিত প্রচারণা পুরোপুরি স্থানীয় বাসিন্দাদের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল না। নরওয়ের পর্যটন প্রচারের দায়িত্বে থাকা সরকারি সংস্থা ইনোভেশন নরওয়ে এর পেছনে ভূমিকা রেখেছিল। স্থানীয়দের কেউ কেউ এতে অংশ নিলেও অনেকে প্রচারণার বিষয়ে জানতেনই না। বিষয়টি প্রকাশ্যে আসার পর সংস্থাটির প্রধানকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতে হয়েছিল। সেতু থেকে ঘড়িগুলোও একসময় সরিয়ে নেওয়া হয়।

অর্থাৎ সময়কে আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত করার উদ্যোগটি বাস্তবে কার্যকর হয়নি। তবে সময় নিয়ে নতুন করে ভাবার যে কৌতূহল তৈরি হয়েছিল, সেটি রয়ে গেছে।

সূর্য যখন মধ্যরাতেও ডোবে না

সোমারয়ের বিশেষত্ব বুঝতে হলে প্রথমে এর ভৌগোলিক অবস্থান সম্পর্কে জানতে হবে। নরওয়ের উত্তরাঞ্চলে ট্রমসো শহর থেকে প্রায় ৫৬ কিলোমিটার পশ্চিমে, আর্কটিক সার্কেলের উত্তরে দ্বীপটির অবস্থান। প্রায় ৩০০ মানুষের বসবাসের এই ছোট্ট জেলেপল্লি সমুদ্র, পাহাড়, ফিয়র্ড ও সাদা বালুর সৈকতে ঘেরা।

প্রতিবছরের ১৮ মে থেকে ২৬ জুলাই পর্যন্ত এখানে সূর্য দিগন্তের নিচে নামে না। এই প্রাকৃতিক ঘটনাকে বলা হয় মিডনাইট সান বা মধ্যরাতের সূর্য। এই সময় দ্বীপের জীবনযাত্রায় আসে অন্য রকম ছন্দ। রাতের বেলায়ও বাইরে কাজ করতে দেখা যায় মানুষকে। তখন সূর্যের আলো দেখে বোঝার উপায় থাকে না, কখন দিন শেষ হয়ে রাত শুরু হয়েছে।

আবার শীতকালে আসে দীর্ঘ অন্ধকারের সময়। নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত সূর্য ওঠে না। তখন দিনের আলো না থাকলেও জীবন থেমে থাকে না; বরং শীতের আকাশে মেরুজ্যোতি বা নর্দান লাইটস দেখার আশায় পর্যটকেরা ভিড় করেন।

সময়ের বাইরে থাকার স্বপ্ন কি সত্যিই পূরণ হয়

বিবিসি ট্রাভেলের প্রতিবেদনে অ্যান্থনি হ্যাম নিজে সোমারয় ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরেছেন। দ্বীপটিতে পৌঁছাতে তিনি ট্রমসো থেকে বাসে উঠে প্রায় ১ ঘণ্টা ৪০ মিনিটের যাত্রায় সেতু ও ফিয়র্ড পেরিয়ে পৌঁছান গন্তব্যে।

দ্বীপে পৌঁছে প্রথমে কিছুটা হতাশ হয়েছিলেন তিনি। কারণ, রেস্তোরাঁ ও দোকানপাট নির্দিষ্ট সময়েই বন্ধ হয়। হোটেলের অভ্যর্থনাকক্ষও সারা রাত খোলা থাকে না। অর্থাৎ সময়ের প্রচলিত নিয়ম এখানে পুরোপুরি অচল হয়ে যায়নি।

কিন্তু পরে নিজের মোবাইল ফোন বন্ধ করে কিছুক্ষণ নিরিবিলি সময় কাটানোর পর তাঁর অনুভূতি বদলে যায়। তিনি বুঝতে পারেন, সময়ের হিসাব থেকে দূরে থাকার অভিজ্ঞতাটি আসলে ঘড়ি বন্ধ করে দেওয়ার চেয়ে বড় কিছু। নিজের ব্যস্ততা থেকে সাময়িক বিরতি নেওয়ার সুযোগই তাঁকে বেশি স্বস্তি দিয়েছে।

রাত তিনটায় সূর্যের নিচে একাকী পথচলা

নিজের অভিজ্ঞতা যাচাই করতে সাংবাদিক অ্যান্থনি হ্যাম এক রাতে রাত ৩টা ৩০ মিনিটে ঘুম থেকে ওঠার অ্যালার্ম দিয়ে রেখেছিলেন। উদ্দেশ্য, এমন একটি সময়ে দ্বীপের পরিবেশ দেখা, যখন পৃথিবীর অধিকাংশ জায়গায় মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে।

হোটেল থেকে বেরিয়ে তিনি হাঁটতে শুরু করেন নির্জন রাস্তায়। চারদিকে মানুষের কোনো সাড়াশব্দ নেই। কোথাও যানবাহনের আওয়াজ নেই, দোকানপাটও বন্ধ। সমুদ্রের ধারে পাখির আনাগোনা ছাড়া পরিবেশ প্রায় নিস্তব্ধ।

অথচ মাথার ওপরে তখন উজ্জ্বল সূর্য। সাধারণ অভিজ্ঞতায় যে সময়টিকে গভীর রাত বলে মনে হওয়ার কথা, সেখানে দিনের আলোর মতো উজ্জ্বল পরিবেশ।

স্থানীয়দের কাছে বিষয়টি কতটা আনন্দের

সোমারয়ের একজন হোটেলকর্মী জানান, গ্রীষ্মকালে তাঁদের জীবন এমনিতেই কিছুটা সময়ের বাইরে চলে যায়। দোকানে ক্রেতা না থাকলে মালিক মাছ ধরতে চলে যেতে পারেন। পরদিন স্কুল বন্ধ থাকলে শিশুরা রাত জেগে খেলতে পারে। অনেকে ছুটিতে থাকেন বলে জীবনযাপনেও আসে স্বাভাবিক শিথিলতা।

তবে ২০১৯ সালের প্রচারণার কারণে প্রথম দিকে স্থানীয়দের বিরক্তিও কম ছিল না। পর্যটকেরা দ্বীপে এসে অন্য সবকিছু বাদ দিয়ে শুধু সময়হীনতার গল্প জানতে চাইতেন। অথচ তাঁদের দৈনন্দিন জীবনে স্কুল, দোকান, হোটেল ও কাজের নির্দিষ্ট সময়ের প্রয়োজন ঠিকই রয়েছে।

ঘড়ির সময়ের চেয়ে প্রকৃতির সময় বড়

সোমারয়ের গল্প শুধু একটি অদ্ভুত পর্যটনকেন্দ্রের গল্প নয়, এটি মানুষের সময়বোধ নিয়েও নতুন করে ভাবতে শেখায়।

আমাদের দৈনন্দিন জীবনে সময় মানে নির্দিষ্ট সময়সীমা, কাজের চাপ, সময়মতো পৌঁছানোর তাড়া। কিন্তু সোমারয়ের মতো জায়গায় প্রকৃতির আলো-অন্ধকারের পরিবর্তন মানুষের প্রচলিত সময়বোধকে চ্যালেঞ্জ করে।

তবে দ্বীপটির বাসিন্দারা যে সত্যিই ঘড়ি ব্যবহার করেন না, বিষয়টি এমন নয়। তাঁদের স্কুল চলে, দোকান খোলে, হোটেলে অতিথিদের জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে। মাছ ধরার কাজেও প্রয়োজন অনুযায়ী সময় মেনে চলতে হয়। পার্থক্য হলো, গ্রীষ্মের দীর্ঘদিনের আলো তাঁদের দৈনন্দিন কাজের ক্ষেত্রে বাড়তি স্বাধীনতা দেয়।

পর্যটকদের জন্য সোমারয়

কোথায়: ট্রমসো শহর থেকে প্রায় ৫৬ কিলোমিটার পশ্চিমে, উত্তর নরওয়ে

জনসংখ্যা: প্রায় ৩০০ জন

গ্রীষ্মের আকর্ষণ: মিডনাইট সান, সাদা বালুর সৈকত, সমুদ্রভ্রমণ, সাঁতার ও মাছ ধরা

শীতের আকর্ষণ: নর্দান লাইটস, বরফে ঢাকা পাহাড় ও নির্জন প্রকৃতি

বিশেষ অভিজ্ঞতা: মধ্যরাতেও সূর্যের আলোয় সমুদ্রতীরে হাঁটা

তথ্যসূত্র: অ্যান্টনি হ্যাম, ‘ইট ওয়াজ আ ফান আইডিয়া: নরওয়ের যে দ্বীপ সময়কে বিলুপ্ত করতে চেয়েছিল’, বিবিসি ট্রাভেল, ২৩ অক্টোবর ২০২৬

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত