মদিনার তাবলিগের শীর্ষ মুরব্বি শেখ গাসসানের ইন্তেকাল

সৌদি আরবের মদিনা মুনাওয়ারার তাবলিগের আন্তর্জাতিক শীর্ষস্থানীয় মুরব্বি শেখ গাসসান ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে বিশ্বজুড়ে তাবলিগের আলেম, মুরব্বি ও সাথিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
তাবলিগ জামাত বাংলাদেশ শুরায়ি নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান শেখ গাসসানের ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছেন।
শেখ গাসসান মদিনা মুনাওয়ারার আহলে বাইতের একজন প্রভাবশালী ব্যক্তিত্ব ছিলেন। তিনি মাওলানা এনামুল হাসান (রহ.), মাওলানা জুবাইরুল হাসান (রহ.) ও মাওলানা ইবরাহিম দেওলা (হাফি.)-এর দীর্ঘ সান্নিধ্যে থেকে তাবলিগের খেদমত করেছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রায় ৫০ বছর আগে শেখ গাসসান ও শেখ ফাদিল উচ্চশিক্ষার উদ্দেশ্যে যুক্তরাষ্ট্রের ডেনভার শহরে যান। ইউনিভার্সিটি অব ডেনভারে অধ্যয়নকালে তাঁরা দুজন তাবলিগের মেহনতে যুক্ত হন এবং উত্তর আমেরিকার আরব জনগোষ্ঠীর মধ্যে দাওয়াতের কাজ শুরু করেন। পরে পড়াশোনা শেষ করে নিজ দেশে ফিরে শেখ গাসসান মদিনা মুনাওয়ারায় ও শেখ ফাদিল জেদ্দায় দাওয়াতি কাজে আত্মনিয়োগ করেন।
এর আগে ২০২০ সালে করোনা মহামারির সময়ে ইন্দোনেশিয়া সফরকালে শেখ গাসসানের দীর্ঘদিনের সফরসঙ্গী শেখ ফাদিল আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছিলেন।
আহলে বাইতের সদস্য হওয়ায় আরবের বিভিন্ন মাশায়েখ ও প্রভাবশালী মহলে শেখ গাসসানের বিশেষ গ্রহণযোগ্যতা ছিল। মাওলানা এনামুল হাসান (রহ.)-এর ইন্তেকালের পর তাঁরা পাকিস্তানের শীর্ষ তাবলিগি মুরব্বি হাজি আবদুল ওয়াহ্হাব (রহ.)-এর পরামর্শ ও দিকনির্দেশনা অনুযায়ী কাজ করতেন।
বাংলাদেশের তাবলিগের সঙ্গেও শেখ গাসসানের সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তিনি প্রায় প্রতিবছর টঙ্গীর বিশ্ব ইজতেমায় অংশ নিতে বাংলাদেশে আসতেন এবং এ দেশের আলেম ও সাধারণ সাথিদের খোঁজখবর রাখতেন।
আন্তর্জাতিক তাবলিগি বিরোধ নিরসনেও তিনি ভূমিকা রেখেছেন। ২০১৭ সালে হাজি আবদুল ওয়াহ্হাব (রহ.)-এর নির্দেশে শেখ গাসসান ও শেখ ফাদিল দিল্লির নিজামুদ্দিন মারকাজে গিয়ে উদ্ভূত সংকট নিরসনের উদ্যোগ নেন।
শেখ গাসসানের ইন্তেকালে বিশ্ব তাবলিগি জামাত একজন অভিজ্ঞ, দক্ষ ও নিবেদিতপ্রাণ প্রবীণ দায়িকে হারাল।










