Ajker Patrika

শত্রুর ষড়যন্ত্র থেকে নিরাপদ থাকার দোয়া

ইসলাম ডেস্ক
শত্রুর ষড়যন্ত্র থেকে নিরাপদ থাকার দোয়া
ছবি: সংগৃহীত

মানবজীবন নানা চড়াই-উতরাই, সংকট ও পরীক্ষার মধ্য দিয়ে এগিয়ে চলে। জাগতিক চেষ্টা-তদবির বা সতর্কতা অবশ্যই জরুরি, তবে এর পাশাপাশি মানুষের কুমতলব ও শত্রুর চক্রান্ত থেকে বাঁচার জন্য মুমিনের মূল হাতিয়ার হলো আল্লাহর ওপর পূর্ণ ভরসা এবং কোরআন-হাদিসে শিখিয়ে দেওয়া বিশেষ কিছু দোয়া পাঠ করা।

জীবনে যখনই কোনো কঠিন ষড়যন্ত্রের শিকার হয়ে মানুষ দিশেহারা হয়ে পড়ে, তখন এই আমলগুলো অন্তরে এনে দেয় প্রশান্তির পরশ ও অবিচল শক্তি।

শত্রুর মোকাবিলা ও চক্রান্ত থেকে হেফাজত পেতে কোরআন ও হাদিসে বর্ণিত কার্যকর কয়েকটি দোয়া নিচে তুলে ধরা হলো:

১. হজরত নুহ (আ.)-এর আকুতি

মানুষের নানামুখী ষড়যন্ত্র ও বিরোধিতায় কোণঠাসা হয়ে পড়ার পর আল্লাহর দরবারে সাহায্য চাওয়ার এটি একটি চমৎকার দোয়া। হজরত নুহ (আ.) যখন তাঁর অবাধ্য উম্মতদের চক্রান্তের শিকার হয়েছিলেন, তখন তিনি মহান রবের দরবারে এই আকুতি জানিয়েছিলেন। পবিত্র কোরআনে তা এভাবে বর্ণিত হয়েছে:

 আরবি বাংলা উচ্চারণ অনুবাদ
 رَبِّ اَنِّىْ مَغْلُوْبٌ فَانْتَصِر  রব্বি আন্নি মাগলুবুন ফানতাসির। ‘হে আল্লাহ! আমি তো অসহায়। অতএব তুমি আমাকে সাহায্য করো।’

—(সুরা কামার: ১০)

উপকারিতা:

এই দোয়ার বরকতেই মহান আল্লাহ তাআলা মহাপ্লাবন পাঠিয়ে হজরত নুহ (আ.)-কে বিজয়ী করেছিলেন এবং তাঁর শত্রুদের সম্পূর্ণ নিশ্চিহ্ন করে দিয়েছিলেন।

২. বিপদ ও শত্রুর মোকাবিলায় প্রিয় নবী (সা.)-এর দোয়া

যখনই কোনো শত্রু, হিংসুক বা প্রভাবশালী গোষ্ঠীর পক্ষ থেকে বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি হতো, তখন প্রিয় নবী হজরত মুহাম্মদ (সা.) আল্লাহর ওপর পূর্ণ তাওয়াক্কুল বা ভরসা করে এই বিশেষ দোয়া পাঠ করতেন—

اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِنْ شُرُورِهِمْ

  • উচ্চারণ: আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম, ওয়ানাউজুবিকা মিন শুরুরিহিম।
  • অর্থ: ‘হে আল্লাহ! আমরা আপনাকে তাদের মোকাবিলায় পেশ করছি এবং তাদের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাচ্ছি।’ (সুনানে আবু দাউদ: ১৫৩৭)

উপকারিতা:

এই দোয়ার মাধ্যমে বান্দা তাঁর সমস্ত শক্তি ও নিরাপত্তার ভার সরাসরি আল্লাহর হাতে সঁপে দেন, যার ফলে শত্রুর যেকোনো ষড়যন্ত্র বা চক্রান্ত ব্যর্থ হয়ে যায়।

৩. ইবরাহিম (আ.)-এর ভরসা

চারপাশে শত্রুর সংখ্যা যখন অনেক বেশি ও পরিস্থিতি অত্যন্ত সংকটময় বা ভীতিকর হয়ে দাঁড়ায়, তখন নবী-রাসুলরা আল্লাহর একটি বিশেষ বাণীর ওপর পরম আস্থা রাখতেন। নমরুদের লেলিহান আগুনে নিক্ষিপ্ত হওয়ার প্রাক্কালে হজরত ইবরাহিম (আ.) এই কালামই পাঠ করেছিলেন। পবিত্র কোরআনের নির্দেশনা অনুযায়ী সেই মহান বাক্য হলো—

حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الْوَكِيلُ

  • উচ্চারণ: হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল।
  • অর্থ: ‘আমাদের জন্য আল্লাহই যথেষ্ট এবং তিনি কতই না উত্তম কর্মবিধায়ক।’ (সহিহ বুখারি: ৪৫৬৩)

ষড়যন্ত্র বা বিপদের কালো মেঘ যখনই চারপাশ থেকে ঘিরে ধরতে চায়, তখন মুমিনের ভেঙে পড়ার কিছু নেই। দুনিয়ার মানুষের চক্রান্ত যতই নিখুঁত হোক না কেন, আসমানের মালিকের হুকুম ছাড়া গাছের একটি পাতাও নড়ে না। তাই জাগতিক সচেতনতার পাশাপাশি কোরআন-হাদিসের এই অমূল্য দোয়াগুলো নিয়মিত পাঠ করলে মনের ভেতর এক অবিচল শক্তি তৈরি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত