বাড়ির অবস্থান জেনে গেছে ইরান, সামরিক ঘাঁটিতে সরানো হলো মার্কিন অর্থমন্ত্রীকে

বাড়ির অবস্থান জেনে গেছে ইরান। এরপরই প্রাণ ভয়ে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্টকে ওয়াশিংটন ডিসির জর্জটাউনের বাড়ি থেকে একটি সুরক্ষিত সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়া হয়েছে। সিবিএস নিউজ এ তথ্য নিশ্চিত করেছে।
সিবিএস তাদের প্রতিবেদনে বলেছে, সম্প্রতি ওয়াল স্ট্রিট জার্নালে স্কট বেসেন্টের জর্জটাউনের বাসভবনের একটি ছবি প্রকাশিত হয়। মূলত এর পরই তাঁর নিরাপত্তাসংক্রান্ত ঝুঁকি বেড়ে যায়। সেই ছবির সূত্র ধরে অনলাইনে তাঁর বাড়ির নিখুঁত ভৌগোলিক অবস্থান (জিও-লোকেশন) শনাক্ত করার পর মার্কিন প্রশাসন তড়িঘড়ি করে তাঁকে সামরিক ঘাঁটিতে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
প্রসঙ্গত, মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শুরু থেকেই বিশ্ব অর্থনীতিতে ইরানকে কোণঠাসা করা, নতুন নিষেধাজ্ঞা আরোপ এবং অর্থনৈতিক অবরোধ জোরদার করার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করে আসছেন।
মার্কিন অর্থ মন্ত্রণালয়ের একজন মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, যেকোনো ধরনের হুমকি সত্ত্বেও অর্থমন্ত্রী স্কট বেসেন্ট তাঁর অবস্থান থেকে বিচ্যুত হবেন না। ইরানের অর্থনীতির ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের গৃহীত পদক্ষেপে তিনি শতভাগ প্রতিশ্রুতিবদ্ধ।
জর্জটাউনের মতো অভিজাত এলাকায় সাধারণত ট্রাম্প প্রসাশনের অনেক উচ্চপদস্থ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ বাস করেন। এই জায়গা থেকে বেসেন্টের বাড়ির ছবি প্রকাশ হওয়ায় গোয়েন্দা সংস্থাগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে।
তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক জয় ক্লেটন আগেই সতর্ক করেছিলেন, মার্কিন নাগরিক ও বর্তমান-সাবেক কর্মকর্তাদের লক্ষ্যবস্তু বানাতে ইরান তাদের গোপন তৎপরতা ব্যাপকভাবে বাড়িয়েছে।
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই লক্ষ্যবস্তুর তালিকায় যুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের একাধিক সাবেক ও বর্তমান শীর্ষ কর্মকর্তা। যাঁদের মধ্যে রয়েছেন—মাইক পম্পেও (সাবেক পররাষ্ট্রমন্ত্রী), জন বোল্টন (সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা), মার্ক মিলি (সাবেক জয়েন্ট চিফ অব স্টাফের চেয়ারম্যান)।
নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, ডোনাল্ড ট্রাম্প পুনরায় ক্ষমতায় আসার পর মার্ক মিলি ও জন বোল্টনের নিরাপত্তায় নিয়োজিত সরকারি দেহরক্ষীদের সরিয়ে নেওয়া হয়েছিল, যার ফলে তাঁরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।
তবে হুমকির কারণে ওয়াশিংটনের সামরিক ঘাঁটিতে আবাসন গড়ে তোলা একমাত্র কর্মকর্তা স্কট বেসেন্ট নন। ইরান সংকট গভীর হওয়ার আগেই ২০২৫ সালের শেষ দিকে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলারকেও একটি সামরিক ঘাঁটিতে স্থানান্তর করা হয়।
বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সামরিক ঘাঁটিতে বসবাস করছেন। এ ছাড়া সাবেক অ্যাটর্নি জেনারেল প্যাম বন্ডি এবং সাবেক গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ডও তাঁদের মেয়াদে সামরিক ঘাঁটির সুরক্ষিত পরিবেশে বসবাস করেছেন।










