Ajker Patrika

কুড়াল নিয়ে এক আইরিশের হামলায় মার্কিন সামরিক বিমান ধ্বংস

আজকের পত্রিকা ডেস্ক­
কুড়াল নিয়ে এক আইরিশের হামলায় মার্কিন সামরিক বিমান ধ্বংস
আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে রাখা ‘সি-১৩০ হারকিউলিস’ সামরিক বিমান। ছবি: এফবিআই

মার্কিন ন্যাশনাল গার্ডের একটি সামরিক বিমান কেমিক্যাল ও কুড়াল দিয়ে কুপিয়ে ধ্বংসের অভিযোগ উঠেছে এক আইরিশ নাগরিকের বিরুদ্ধে। বিমানটি ছিল আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে। যার মূল্য প্রায় ৬ কোটি মার্কিন ডলার (প্রায় ৪ কোটি ৫০ লাখ পাউন্ড)। এ ঘটনার পর ডাইথি ও’কোরেন (৪৮) নামের ওই ব্যক্তির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করেছে মার্কিন সরকার।

বিবিসির প্রতিবেদন থেকে জানা যায়, নিউইয়র্কের ফেডারেল কৌঁসুলিরা তাঁর বিরুদ্ধে মার্কিন সরকারি সম্পত্তি ধ্বংসের অভিযোগ এনেছেন, যাতে সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ডের বিধান রয়েছে।

এফবিআইয়ের প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, হামলাটি আকস্মিক ছিল না। তদন্ত কর্মকর্তারা জানান, চলতি বছরের ১১ এপ্রিল আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরে এই ঘটনা ঘটে। তবে ৪৮ বছর বয়সী ও’কোরেন এই ধ্বংসযজ্ঞের জন্য টানা কয়েক মাস ধরে প্রস্তুতি নেন।

ও’কোরেন প্রথমে রানওয়েতে দাঁড়িয়ে থাকা ‘সি-১৩০ হারকিউলিস’ বিমানের লক ভেঙে ভেতরে প্রবেশ করেন। ভেতরে ঢুকেই তিনি দরজাগুলো আটকে দেন এবং বাইরে থেকে যেন কিছু দেখা না যায় সে জন্য জানালাও ঢেকে দেন। এরপর বিমানের ককপিটের ভেতরে থাকা প্রতিটি গেজ ভেঙে ফেলেন তিনি। বিমানের ভেতরের গুরুত্বপূর্ণ তার, হাইড্রোলিক লাইন ও তরল অক্সিজেন লাইন কেটে ফেলেন এবং এয়ার ডাক্ট ফুটো করে দেন।

এরপর অ্যালুমিনিয়াম ও স্টিল গলিয়ে দেওয়ার মতো রাসায়নিক পদার্থ ‘গ্যালিয়াম’ ব্যবহার করেন তিনি। এর পাশাপাশি জ্বালানি ট্যাংকে বল বিয়ারিং ঢেলে দেন এবং বাইরে থেকে একটি কুড়াল দিয়ে বিমানে অনেকগুলো কোপ দেন।

মার্কিন কৌঁসুলিরা উল্লেখ করেন, আসামির প্রস্তুতি এতটাই নিখুঁত ছিল যে তিনি ইচ্ছা করেই বিমানের একটি নির্দিষ্ট লাইন কাটা থেকে বিরত থাকেন। কারণ ওই লাইনটি কাটলে সেখানে বিকট বিস্ফোরণ ঘটত।

হামলা চালানোর সময় বিমানবন্দরের কর্মীরা তাঁকে হাতেনাতে ধরে ফেলেন এবং বিমানের ওপর দাঁড়িয়ে থাকা অবস্থায় তাঁর ভিডিও রেকর্ড করা হয়। পরে আইরিশ পুলিশ তাঁকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করে এবং স্থানীয় আদালতে ফৌজদারি মামলা দায়ের করে।

ঘটনার পর মার্কিন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ইন চার্জ জেমস বার্নেকল জুনিয়র এক বিবৃতিতে বলেন, একটি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক অভিযানে নিয়োজিত থাকার সময় এই হামলাটি চালানো হয়, যা যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তাকে সরাসরি ঝুঁকির মুখে ফেলেছে।

ডাইথি ও’কোরেন আয়ারল্যান্ডের কর্ক সিটির বাসিন্দা। স্থানীয়রা তাঁকে শান্তিকামী ও যুদ্ধবিরোধী আন্দোলনকারী হিসেবে অভিহিত করেছেন।

প্রসঙ্গত, আয়ারল্যান্ডের শ্যানন বিমানবন্দরটি দীর্ঘদিন ধরেই মার্কিন সামরিক বিমান ওঠা-নামার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অতীতেও এখানে একাধিকবার যুদ্ধবিরোধী বিক্ষোভ ও বিমানের ওপর রং ছিটিয়ে প্রতিবাদ জানানোর ঘটনা ঘটেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত