Ajker Patrika

২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র, সংক্রমণ–মৃত্যুর রেকর্ড

আজকের পত্রিকা ডেস্ক­
২৬ বছর পর হামমুক্ত দেশের মর্যাদা হারাল যুক্তরাষ্ট্র, সংক্রমণ–মৃত্যুর রেকর্ড
২৬ বছরের মধ্যে প্রথমবার যুক্তরাষ্ট্রে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ছবি: এএফপি

দুই দশকেরও বেশি সময় পর হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে যুক্তরাষ্ট্র। টানা ১২ মাসের বেশি সময় ধরে দেশটিতে একই ধরনের হাম ভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় এই স্বীকৃতি প্রত্যাহার করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আঞ্চলিক সংস্থা প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন (পিএএইচও)। চলতি বছর দেশটিতে হাম আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৪০০ ছাড়িয়েছে। এ রোগে মারা গেছেন অন্তত ১০ জন। ১৯৯০-এর দশকের পর যুক্তরাষ্ট্রে হাম সংক্রমণ ও মৃত্যুর এটাই সর্বোচ্চ রেকর্ড।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, স্থানীয় সময় গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পিএএইচওর পরিচালক ডা. জারবাস বারবোসা জানান, যুক্তরাষ্ট্রের পাশাপাশি মেক্সিকো ও বলিভিয়াও হাম নির্মূলের মর্যাদা হারিয়েছে। এসব দেশে টিকাদানের ক্ষেত্রে দীর্ঘদিনের ঘাটতিকে সংক্রমণ ফিরে আসার প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। বারবোসা বলেন, ‘এই পরিসংখ্যান আমাদের অঞ্চলের জন্য গুরুতর সতর্কবার্তা। টিকাদানের ক্ষেত্রে দীর্ঘদিনের ঘাটতির কারণে বিশ্বজুড়েই আবার হাম ছড়িয়ে পড়ছে।’

এক বছরের বেশি সময় ধরে একই ধরনের হাম ভাইরাসের সংক্রমণ অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্রের হাম নির্মূলের স্বীকৃতি প্রত্যাহার করা হয়েছে। পিএএইচও জানিয়েছে, যেসব দেশ এই মর্যাদা হারিয়েছে, তাদের টিকাদানের হার বাড়াতে সংশোধনমূলক কর্মপরিকল্পনা জমা দিতে হবে।

পিএএইচওর টিকাদানবিষয়ক নির্বাহী ব্যবস্থাপক ড্যানিয়েল সালাস বলেন, যুক্তরাষ্ট্রসহ মর্যাদা হারানো দেশগুলোকে টিকাদানের হার বাড়ানোর জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হবে, তা উল্লেখ করে কর্মপরিকল্পনা জমা দিতে হবে।

যুক্তরাষ্ট্রে এক থেকে ছয় বছর বয়সী শিশুদের হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে এমএমআর টিকার দুটি ডোজ নেওয়ার সুপারিশ করা হয়। এই টিকা হাম প্রতিরোধে ৯৭ শতাংশ কার্যকর। তবে দেশটিতে এমএমআর টিকা নেওয়ার হার কমে ৯২ দশমিক ৪ শতাংশে নেমেছে। অথচ সংক্রমণ নিয়ন্ত্রণে গোষ্ঠীগত রোগ প্রতিরোধক্ষমতা বা হার্ড ইমিউনিটি বজায় রাখতে টিকাদানের হার অন্তত ৯৫ শতাংশ হওয়া প্রয়োজন। এই সুরক্ষা নবজাতকসহ যাঁরা টিকা নিতে পারেন না, তাঁদেরও সংক্রমণ থেকে রক্ষা করে।

যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) জানিয়েছে, হাম নির্মূলের মর্যাদা পুনরুদ্ধারে টিকার আওতা বাড়ানো হবে। সংস্থাটি এক বিবৃতিতে বলেছে, হাম সংক্রমণের প্রাদুর্ভাব বন্ধ করা, মার্কিন নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং হাম নির্মূলের মর্যাদা ফিরে পেতে তারা সহযোগী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কাজ করছে। এ জন্য এমএমআর টিকা নেওয়ার বিষয়ে মানুষকে উৎসাহিত করা, টিকা পাওয়ার সুযোগ বাড়ানো এবং যেসব জনগোষ্ঠীর মধ্যে টিকাদানের ঘাটতি রয়েছে, তা পূরণের উদ্যোগ নেওয়া হবে।

সিডিসির পরিচালক এরিকা শোয়ার্টজ বলেন, হাম নির্মূলের স্বীকৃতি নয়, বরং টিকাই মানুষের সুরক্ষা নিশ্চিত করে। সংক্রমণ কোথায় ছড়াচ্ছে, তা তারা জানেন। এসব এলাকায় মানুষের কাছে পৌঁছাতে অঙ্গরাজ্য ও স্থানীয় স্বাস্থ্য বিভাগগুলোকে ১০ কোটি ডলার দেওয়া হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র টিকা-সংক্রান্ত নীতিমালায় ব্যাপক পরিবর্তনের উদ্যোগ নিয়েছেন। টিকার নিরাপত্তা নিয়ে সংশয় প্রকাশের জন্য পরিচিত কেনেডি বিভিন্ন সময়ে এমএমআর টিকার নিরাপত্তা নিয়েও প্রশ্ন তুলেছেন। তবে তিনি দাবি করেছেন, স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের (এইচএইচএস) দায়িত্ব নেওয়ার আগেই যুক্তরাষ্ট্রে হাম আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছিল। প্রতিবেশী দেশগুলোতেও সংক্রমণ বেড়েছে বলে উল্লেখ করেন তিনি।

মঙ্গলবারের ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে কেনেডি বলেন, হাম প্রতিরোধের সবচেয়ে কার্যকর উপায় হিসেবে তিনি এখনো এমএমআর টিকা নেওয়ার পরামর্শ দিচ্ছেন। টিকাদানের ঘাটতি পূরণ এবং জনসাধারণের আস্থা পুনর্গঠনে সরকার কাজ করছে বলেও জানান তিনি। তাঁর ভাষ্য, টিকার উপকারিতা ও ঝুঁকি সম্পর্কে পরিবারগুলোর প্রশ্নের সৎভাবে উত্তর দেওয়া হবে। পাশাপাশি বিশ্বস্ত স্বাস্থ্যসেবা প্রদানকারী ও স্থানীয় নেতাদের সঙ্গে কাজ করে হাম প্রতিরোধ, সংক্রমণের বিস্তার সীমিত করা এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে।

যুক্তরাষ্ট্রের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশেও হাম সংক্রমণ বাড়ছে। চলতি বছরের শুরুতে ইউরোপের যুক্তরাজ্য, স্পেন ও অস্ট্রিয়া হামমুক্ত দেশের মর্যাদা হারিয়েছে। এ ছাড়া রাশিয়া, আজারবাইজান ও উজবেকিস্তানও এই স্বীকৃতি হারিয়েছে। কানাডা গত বছর বড় কয়েকটি হাম প্রাদুর্ভাবের পর মর্যাদা হারালেও চলতি বছর সংক্রমণ বন্ধে অগ্রগতি অর্জন করেছে বলে জানিয়েছেন পিএএইচওর পরিচালক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত