Ajker Patrika

হঠাৎ অচল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক

আজকের পত্রিকা ডেস্ক­
হঠাৎ অচল যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার গোপন যোগাযোগ নেটওয়ার্ক
ম্যারিল্যান্ডে অবস্থিত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থার সদর দপ্তর। ছবি: এএফপি

যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ)-এর অভ্যন্তরীণ যোগাযোগের জন্য ব্যবহৃত অত্যন্ত গোপনীয় নেটওয়ার্ক অচল হয়ে পড়েছে। এ বিষয়ে অবগত ছয়টি সূত্রের বরাত দিয়ে এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

‘এনএসএ নেট’ (NSA Net) নামের এই নেটওয়ার্কের মাধ্যমে সংস্থাটির কর্মীরা নিজেদের মধ্যে গোপনীয় ও শ্রেণিবদ্ধ তথ্য আদান-প্রদান করেন। তবে এখন পর্যন্ত এ বিপর্যয়ের পেছনে কোনো সাইবার হামলার প্রমাণ পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্রগুলো।

নেটওয়ার্কটি অচল হওয়ার কারণ ও সমস্যার ব্যাপ্তি নির্ধারণে কাজ করছে সংস্থাটি। এ পরিস্থিতিতে কর্মীদের কর্মস্থলে প্রবেশের সময় পর্যায়ক্রমে নির্ধারণ করা হয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।

এ বিষয়ে মন্তব্যের জন্য জাতীয় নিরাপত্তা সংস্থার (এনএসএ) সঙ্গে যোগাযোগ করেছে সিএনএন।

যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক দুই কর্মকর্তা জানিয়েছেন, এনএসএ নেট অচল থাকলেও এশিয়া সফররত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে জরুরি গোয়েন্দা তথ্য পৌঁছানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। বর্তমানে এয়ার ফোর্স ওয়ানে করে এশিয়া সফর করছেন ট্রাম্প।

দুই কর্মকর্তা জানান, প্রেসিডেন্টের সঙ্গে নিরাপদ যোগাযোগ বজায় রাখতে মার্কিন সরকারের একাধিক বিকল্প ব্যবস্থা ও ব্যাকআপ নেটওয়ার্ক রয়েছে। এসব ব্যবস্থার মাধ্যমে প্রয়োজনীয় গোপনীয় তথ্য আদান-প্রদান করা সম্ভব।

ট্রাম্প বর্তমানে ফিলিপাইনে রয়েছেন। আগামীকাল চীনের উদ্দেশে রওনা হওয়ার কথা তাঁর। সেখানে চীনা নেতা সি চিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসার কথা রয়েছে তাঁর।

যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থার যোগাযোগ নেটওয়ার্কে এই বিপর্যয় এমন এক সময়ে ঘটল, যখন দেশটির বিভিন্ন বিমান সংস্থা ও বড় প্রযুক্তিপ্রতিষ্ঠানও একের পর এক বড় ধরনের প্রযুক্তিগত সমস্যার মুখে পড়ছে।

গত শুক্রবার যুক্তরাষ্ট্রজুড়ে কয়েক ঘণ্টার জন্য সব ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছিল, আরকানসাস অঙ্গরাজ্যের একটি রাউটারের ত্রুটি থেকেই এ সমস্যার সূত্রপাত।

এদিকে গত সপ্তাহে মাইক্রোসফটের বিভিন্ন পণ্যে বড় ধরনের বিপর্যয় দেখা দেয়। এতে বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা আউটলুক ই-মেইল ও টিমস মিটিং সেবায় প্রবেশ করতে পারেননি।

এনএসএ, এফএএ কিংবা মাইক্রোসফটের এসব প্রযুক্তিগত বিপর্যয়ের পেছনে সাইবার হামলার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। তবে ঘটনাগুলো দেখিয়ে দিয়েছে, প্রযুক্তিগত ব্যবস্থার সামান্য ত্রুটিও কীভাবে গুরুত্বপূর্ণ সেবা, আর্থিক বাজার এবং এমনকি জাতীয় নিরাপত্তার জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত