
ইরান জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে নতুন নৌপথ নির্ধারণের বিষয়ে ওমানের সঙ্গে একটি চূড়ান্ত চুক্তির কাছাকাছি পৌঁছেছে তারা। তবে তেহরান একই সঙ্গে জানিয়েছে—কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেওয়ার আগে যুক্তরাষ্ট্রকে ক্ষতিপূরণ দেওয়া, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং সামরিক হুমকি বন্ধ করাসহ আরও কয়েকটি শর্ত পূরণ করতে হবে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
গত শুক্রবার এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছিলেন, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে জাহাজ চলাচল পুনরুদ্ধারের পথ তৈরি করতে পারে এমন একটি চুক্তিতে পৌঁছানোর কাছাকাছি রয়েছে ইরান ও ওমান। তেল ও গ্যাস পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ এই জলপথটি ফেব্রুয়ারির শেষ দিকে তেহরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর ইরান বন্ধ করে দিয়েছিল।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল রোববার বলেছেন, হরমুজ প্রণালি নিয়ে ওমানের সঙ্গে চুক্তিটি এখন ‘চূড়ান্ত পর্যায়ে।’ শনিবার দেওয়া বক্তব্যের পুনরাবৃত্তি করে আরাগচি বলেন, তেহরানের নির্ধারিত কিছু শর্ত যুক্তরাষ্ট্র পূরণ না করা পর্যন্ত ইরান এই জলপথ পুনরায় খুলবে না। ইরানের মেহর নিউজ এজেন্সি আরাগচির বরাত দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ওই শর্তগুলো পূরণ করার পর হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া হলে কোন কোন নতুন নৌপথ ব্যবহার করা হবে, চুক্তিতে তা নির্ধারণ করা হবে।
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি কোনো আলোচনা চলছে না। আরাগচি বলেন, জুনে স্বাক্ষরিত অন্তর্বর্তী চুক্তি ওয়াশিংটন লঙ্ঘন করছে বলে তেহরান মনে করে এবং যতক্ষণ তা অব্যাহত থাকবে, ততক্ষণ ইরান সরাসরি আলোচনায় বসবে না। তবে মধ্যস্থতাকারীদের মাধ্যমে দুই দেশের মধ্যে বার্তা আদান-প্রদান চলছে।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র বিষয়টি ‘সংযত’ভাবে সামলাচ্ছে। তিনি বলেন, ‘আমরা তাদের সঙ্গে শুধু আংশিকভাবে আলোচনা করছি। আমরা কেবল ইরানের পরিস্থিতি দেখছি—তাদের ভয়াবহ মূল্যস্ফীতি এবং তাদের হাতে কোনো অর্থ না থাকার বিষয়টি।’
আরাগচি বলেন, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার বিষয়টি আংশিকভাবে নির্ভর করবে ইরানে ব্যাপক হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র যে ক্ষয়ক্ষতি করেছে, তার জন্য ওয়াশিংটন ক্ষতিপূরণ দেয় কি না তার ওপর। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা সংস্থার সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদরও তেহরানের অন্যান্য শর্তের তালিকা দিয়েছেন। এর মধ্যে রয়েছে ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের সব ধরনের হুমকি বন্ধ করা; ইরান এবং লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাকে তাদের মিত্রদের বিরুদ্ধে আগ্রাসন বন্ধ করা; উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহার করা; ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং ইরানের জব্দ করা সম্পদ অবমুক্ত করা।
পাঁচ মাসেরও বেশি সময় আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করেছিল। ট্রাম্প বলেছেন, এসব হামলার লক্ষ্য ছিল ইসলামি প্রজাতন্ত্র ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির সক্ষমতা থেকে বিরত রাখা এবং আঞ্চলিকভাবে হুমকি সৃষ্টির সামর্থ্য দুর্বল করে দেওয়া।
জুনে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল। তবে জুলাইয়ে যুক্তরাষ্ট্র উপসাগরে ইরানি জাহাজ চলাচলের ওপর আবারও অবরোধ আরোপ করে। তেহরান বলেছিল, এই পদক্ষেপ যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। অবশ্য ততদিনে যুদ্ধবিরতিটি কার্যত ভেঙে পড়েছিল।
রয়টার্সকে নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা বলেন, ‘বাণিজ্যিক জাহাজ চলাচল কোনো বাধা ছাড়াই পুনরুদ্ধারের চুক্তি ঘোষণা করা হলে যুক্তরাষ্ট্র ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেবে।’ ওই কর্মকর্তা বলেন, ইরান তার প্রতিশ্রুতিগুলো বাস্তবায়ন করছে কি না, তার সঙ্গে যুক্ত থাকবে যুক্তরাষ্ট্রের পদক্ষেপগুলো।
মার্কিন কর্মকর্তাদের এসব বক্তব্য থেকে বোঝা যাচ্ছে, সম্ভাব্য চুক্তির ক্ষেত্রে অত্যন্ত সতর্ক ও সূক্ষ্মভাবে পদক্ষেপগুলো সাজানো হচ্ছে। রয়টার্সের সঙ্গে কথা বলা সূত্রগুলো এর আগে জানিয়েছিল, সম্ভাব্য চুক্তির আওতায় উপসাগরে হরমুজ প্রণালি দিয়ে প্রবেশকারী জাহাজগুলোর চলাচলের ওপর তেহরানকে নিয়ন্ত্রণ দেওয়ার বিষয়টি থাকতে পারে। তবে জাহাজ চলাচলকারী প্রতিষ্ঠানগুলো বলেছে, বাস্তবে এমন ব্যবস্থা কার্যকর করা সহজ হবে না।
শনিবার সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান তাদের রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট একটি জাহাজে হামলা চালিয়েছে। এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর বা আইআরজিসি এমন জাহাজে হামলা চালিয়েছে, যেগুলোকে তারা ইরানের অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করেছে বলে দাবি করেছিল।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের পারমাণবিক অস্ত্র তৈরির দৃঢ়সংকল্প নিয়ে ইরানের এক জ্যেষ্ঠ কমান্ডারের নামে প্রচারিত এক কথিত উদ্ধৃতি আবারও ব্যবহার করেছেন। অথচ ওই বক্তব্যের কোনো শনাক্তযোগ্য প্রাথমিক উৎস (প্রাইমারি সোর্স) ছিল না...
২ ঘণ্টা আগে
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে আনুষ্ঠানিক পারমাণবিক চুক্তির প্রচেষ্টা থেকে সরে আসতে প্রস্তুত হতে পারেন। তবে তেহরানকে হরমুজ প্রণালি পুরোপুরি খুলে দিতে হবে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইতালির সিসিলি দ্বীপের উপকূলে ২ হাজার বছরেরও বেশি পুরোনো একটি প্রাচীন রোমান জাহাজের ধ্বংসাবশেষের সন্ধান পেয়েছেন ডুবুরিরা। জাহাজটিতে অক্ষত অবস্থায় থাকা শত শত মাটির পাত্র বা অ্যাম্ফোরা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব পাত্রে প্রাচীনকালে মদ, জলপাই তেল ও শস্য পরিবহন করা হতো।
১২ ঘণ্টা আগে
চীনের দ্রুত সম্প্রসারিত অর্থনীতি ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় দেশটির ক্রমবর্ধমান ভূমিকা বিদেশি তরুণ পেশাজীবীদের আকৃষ্ট করছে। তবে চীনে চাকরি পাওয়া গেলেও সেটিকে বৈধভাবে করার অনুমতি বা ওয়ার্ক ভিসা পাওয়া অনেকের জন্য আরও বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
১৩ ঘণ্টা আগে