Ajker Patrika

কুয়েতে ড্রোন হামলা ‘সন্দেহজনক ও ফলস ফ্ল্যাগ অপারেশন’, ইউক্রেনকে দুষছে ইরান

আজকের পত্রিকা ডেস্ক­
কুয়েতে ড্রোন হামলা ‘সন্দেহজনক ও ফলস ফ্ল্যাগ অপারেশন’, ইউক্রেনকে দুষছে ইরান
ছবি: সংগৃহীত

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত হওয়ার ঘটনায় ইউক্রেনের দিকে অভিযোগের তীর ছুড়েছে ইরান। দেশটির সাবেক এক পারমাণবিক আলোচক দাবি করেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিজেদের গুরুত্ব প্রমাণ করতে ইউক্রেন এ হামলা চালিয়েছে। তবে তেহরান হামলার দায় অস্বীকার করে ঘটনাটিকে ‘সন্দেহজনক’ ও ‘যুদ্ধ বাধানোর পূর্বপরিকল্পিত কৌশল’ বলে অভিহিত করেছে। অন্যদিকে, হামলার জন্য ইরানকে দায়ী করেছে কুয়েত ও ইতালি।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের খবরে বলা হয়েছে, ইরানের পারমাণবিক আলোচনা দলের সাবেক উপদেষ্টা মোহাম্মদ মারান্দি গতকাল বৃহস্পতিবার দাবি করেন, কুয়েতে প্রাণঘাতী ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ট্রাম্পের কাছে নিজেদের সক্ষমতা প্রমাণ করতেই দেশটি এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে মারান্দির বক্তব্য প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় ইরানের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করা মারান্দিকে দেশটির ‘ইংরেজিভাষী মুখপাত্র’ হিসেবেও অভিহিত করা হয়।

মারান্দি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লেখেন, ‘ইরানে ব্যাপকভাবে বিশ্বাস করা হয়—কুয়েতে হামলাটি একটি ফলস ফ্ল্যাগ অভিযান। সম্ভবত ইউক্রেনীয় সরকারই এটি চালিয়েছে। কারণ, তাদের সদস্যরা এখন উত্তর ইরাক ও সিরিয়াসহ পুরো অঞ্চলে উপস্থিত রয়েছে। ট্রাম্পের কাছে নিজেদের সক্ষমতা প্রমাণ করাই ইউক্রেনের লক্ষ্য।’ ফার্স নিউজ আরও জানায়, দেশটির এক নিরাপত্তা সূত্র দাবি করেছে, ইউক্রেনীয় সদস্যরা মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে হাজার হাজার ড্রোন ও অন্যান্য চালকবিহীন উড়োজাহাজ মোতায়েন করেছেন। এসব দেশের মধ্যে ইরাকের কুর্দিস্তান অঞ্চলও রয়েছে।

‘ফলস ফ্ল্যাগ’ অভিযানের আশঙ্কা ইরানের

রোমে অবস্থিত ইরানি দূতাবাস হামলার জন্য তেহরানকে দায়ী করার অভিযোগ প্রত্যাখ্যান করেছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যের সংঘাতে ইউরোপীয় দেশগুলোকে টেনে আনার প্রচেষ্টা চলছে বলে সতর্ক করেছে দূতাবাস। এক বিবৃতিতে দূতাবাস বলেছে, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের দূতাবাস আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি তথাকথিত ফলস ফ্ল্যাগ কর্মকাণ্ড ও অভিযানের দিকে আকর্ষণ করছে। এসব কর্মকাণ্ডের উদ্দেশ্য হলো সংঘাতের পরিধি বিস্তৃত করা, অন্যান্য অঞ্চলের বিরোধকে পারস্য উপসাগরের সংকটের সঙ্গে যুক্ত করা, ইউরোপকে সংকটে টেনে আনা এবং বর্তমান সংকটপূর্ণ পরিস্থিতিকে আরও খারাপ করা। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।’

এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, প্রাণঘাতী এ ঘটনার তদন্তে সহযোগিতার বিষয়ে তিনি ইতালি ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে কথা বলেছেন। এক্সে আরাগচি লেখেন, ‘ইতালীয় ও কুয়েতি প্রতিপক্ষের সঙ্গে ফোনালাপে কুয়েতে ইতালীয় নাগরিকদের মৃত্যুর ঘটনায় আমি শোক প্রকাশ করেছি।’ তিনি আরও বলেন, ‘ঘটনাটি সন্দেহজনক এবং যুদ্ধ বাধানোর পূর্বপরিকল্পিত কৌশল বলে মনে হচ্ছে। ঘটনার কারণ নির্ধারণে কুয়েত ও ইতালির সঙ্গে সহযোগিতা করতে আমরা প্রস্তুত।’

ইরানি হামলার মুখে কুয়েত ও মধ্যপ্রাচ্যে ইউক্রেনের উপস্থিতি

পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ মিত্র কুয়েত। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করার পর থেকে দেশটি বারবার ইরানের হামলার শিকার হয়েছে। ইরানের হামলা থেকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে রক্ষায় ইউক্রেন ড্রোন বিশেষজ্ঞ ও আকাশে ড্রোন ধ্বংসকারী প্রতিরোধী ড্রোন মোতায়েন করেছে। রাশিয়ার সঙ্গে যুদ্ধে অর্জিত প্রযুক্তি ও সামরিক দক্ষতা ভাগাভাগির মাধ্যমে মধ্যপ্রাচ্যে প্রতিরক্ষা সহযোগিতাও বাড়িয়েছে দেশটি।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি মার্চে বলেছিলেন, ওয়াশিংটনের অনুরোধে জর্ডানে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো রক্ষায় কিয়েভ প্রতিরোধী ড্রোন ও বিশেষজ্ঞ পাঠিয়েছে। ইউক্রেন আরও জানিয়েছে, ইরানি ড্রোন হামলা থেকে প্রতিরক্ষায় সহায়তা করতে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে সামরিক বিশেষজ্ঞদের দল মোতায়েন করা হয়েছে।

মার্চে জেলেনস্কি বলেন, ‘আক্রমণকারী ড্রোন মোকাবিলায় ইউক্রেনের অভিজ্ঞতা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি।’ তিনি আরও বলেন, ‘আমাদের অভিজ্ঞতা ছাড়া উপসাগরীয় অঞ্চল, পুরো মধ্যপ্রাচ্য এবং ইউরোপ ও আমেরিকার অংশীদারদের জন্য শক্তিশালী প্রতিরক্ষা গড়ে তোলা খুব কঠিন হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত