যুদ্ধ শেষ করতে এবার ইরানি নেতাদের গুপ্তহত্যার পরিকল্পনা যুক্তরাষ্ট্রের!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে ইরানের শীর্ষ নেতাদের লক্ষ্য করে গুপ্তহত্যার অভিযান চালানোর বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এ ধরনের অভিযান যুদ্ধের অবসান ঘটাতে পারে বলে মনে করছেন প্রশাসনের কয়েকজন কর্মকর্তা। তবে এই পরিকল্পনার বিরোধীরা আশঙ্কা করছেন, এতে ইরানের পাল্টা হামলার ঝুঁকি বাড়বে এবং সংঘাত বন্ধে ভবিষ্যৎ কূটনৈতিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে। গত মঙ্গলবার এনবিসি নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
মার্কিন এক কর্মকর্তা এবং আলোচনার সঙ্গে পরিচিত আরেক ব্যক্তির বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তা মনে করেন—ইরানের নেতাদের হত্যা করা হলে দেশটির ইসলামি প্রজাতন্ত্রের শাসকদের কাছে স্পষ্ট বার্তা যাবে যে, ওয়াশিংটন চাইলে যেকোনো সময় তাঁদের হত্যা করতে পারে।
তবে এ ধরনের অভিযানের বিরোধীরা মনে করেন, এতে তেহরানের পাল্টা হামলার ঝুঁকিতে মার্কিন কর্মকর্তারা আরও বেশি পড়বেন। একই সঙ্গে, ইরানের যেসব নেতা বেঁচে থাকবেন, তাঁরা নিজেদের অবস্থানে আরও কঠোরভাবে অনড় হয়ে যেতে পারেন। ভবিষ্যতে সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের অবস্থানও এতে ক্ষতিগ্রস্ত হতে পারে।
ওই দুই সূত্র জানিয়েছে, ইরানের নেতাদের গুপ্তহত্যার বিষয়টি সব সময়ই বিবেচনার মধ্যে ছিল। তবে যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে ট্রাম্পের আলোচনার মধ্যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এ বিষয়ে এনবিসি নিউজের কাছে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ‘পূর্ণ কার্যকারিতায়’ অব্যাহত থাকবে। তিনি আরও বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে অনেক বিকল্প রয়েছে। ইরান যাতে কখনোই পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে না পারে, তা নিশ্চিত করতে তিনি সর্বোত্তম সিদ্ধান্ত নেবেন।’
চলতি বছরের ফেব্রুয়ারিতে ইসরায়েলের এক হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং দেশটির আরও কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। এর পর থেকেই কয়েক মাস ধরে সংঘাত চলছে, যার কোনো সমাধান এখনো হয়নি। ইরানের শাসনব্যবস্থাকে অস্থিতিশীল করা এবং দেশটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কর্মসূচি ধ্বংস করার লক্ষ্য নিয়ে যুদ্ধ শুরু হয়েছিল।
প্রায় নয় মাস ধরে চলা এই সংঘাতের কারণে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে রাজনৈতিক চাপের মুখে রয়েছেন ট্রাম্প। এ অবস্থায় ইরানের বিরুদ্ধে বড় ধরনের হামলা আবার শুরু করবেন কি না, তা বিবেচনা করছেন তিনি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন কোনো সামরিক অভিযানের সম্ভাবনা নিয়েও আবার আলোচনা শুরু হয়েছে।
গত রোববার ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্রের দাবি—ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পকে ‘যত দ্রুত সম্ভব’ ইরানে হামলা চালানোর জন্য চাপ দিচ্ছেন। তবে ওই সূত্রের ভাষ্য অনুযায়ী, ট্রাম্প এখনো এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেননি এবং হামলা চালানোর ব্যাপারে তিনি অনিচ্ছুক।
অন্যদিকে, ইসরায়েলের চ্যানেল ১২ জানিয়েছে, দেশটির সামরিক গোয়েন্দা কর্মকর্তারা প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে সতর্ক করেছেন যে, ইরানে ইসরায়েলের হামলা হলে তা আরও বড় আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে। এতে লেবানন, সিরিয়া ও গাজাও জড়িয়ে পড়তে পারে।
মঙ্গলবার ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি বলেছেন, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে ইরানের বিরুদ্ধে আবার সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছেন ট্রাম্প।
মার্কিন থিংক ট্যাংক ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে দেওয়া বক্তব্যে হাকাবি বলেন, ‘গত দেড় বছরে প্রেসিডেন্ট ইতিমধ্যে দুবার দেখিয়েছেন যে তিনি সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত। তিনি খুব স্পষ্ট করে দিয়েছেন, প্রয়োজনে আবারও তা করতে প্রস্তুত।’ হাকাবি বলেন, ট্রাম্প কূটনৈতিক সমাধানই বেশি পছন্দ করবেন। তবে তিনি জোর দিয়ে বলেছেন, ইরানকে মেনে নিতে হবে যে দেশটি কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না।
এদিকে, ইরানের প্রধান আলোচক ও দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আবারও বলেছেন, ইরানের সাতটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করবে না। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন এ তথ্য জানিয়েছে। ইরানি কর্তৃপক্ষ এখনো প্রকাশ্যে ওই সাতটি শর্তের বিস্তারিত জানায়নি। তবে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এসব শর্তের মধ্যে রয়েছে নিষেধাজ্ঞা প্রত্যাহার, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বন্ধ করা এবং জব্দ করা ইরানি সম্পদ ফেরত দেওয়া।
গালিবাফ আরও সতর্ক করে বলেছেন, ‘শত্রুপক্ষ কোনো ভুল করলে আমরা সংঘাতের ভৌগোলিক পরিসর বাড়িয়ে দেব।’









