ভারতের হরিয়ানার ফরিদাবাদে ১৪ বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে বাবাকে পুড়িয়ে হত্যার অভিযোগ উঠেছে। পুলিশ জানিয়েছে, চুরির সন্দেহে বকাঝকা করায় রাগের বশে সে এই ভয়াবহ কাণ্ড ঘটিয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইয়ের প্রতিবেদন থেকে জানা গেছে, গত মঙ্গলবার দিবাগত রাত ১টা ৩০ মিনিটের দিকে ফরিদাবাদের নবীননগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ অভিযুক্ত কিশোরকে শনাক্ত করে আটক করে।
পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে চিৎকার শুনে ঘুম থেকে জেগে ওঠেন ভবনের মালিক। প্রথম তলা থেকে শব্দ আসছে বুঝতে পেরে, তিনি দ্রুত ছুটে যান। কিন্তু গিয়ে দেখেন দরজা বাইরে থেকে বন্ধ। প্রতিবেশীরা উদ্ধারকাজে এগিয়ে এলে দেখা যায়, কিশোরটি সিঁড়ির প্রবেশপথও বন্ধ করে রেখেছে।
ভবনের মালিক রিয়াজউদ্দিন পুলিশের কাছে বলেন, ‘রাত ২টার দিকে আমি চিৎকার শুনে জেগে উঠি। আমি ছাদে ওঠার চেষ্টা করি, সেখানে মোহাম্মদ আলীম ও তাঁর ছেলে ভাড়া থাকতেন। গিয়ে দেখি, দরজা বাইরে থেকে বন্ধ। এক প্রতিবেশীর সহায়তায় আমি ছাদে গিয়ে দেখি ঘরটি আগুনে পুড়ছে, দরজা বাইরে থেকে আটকানো, আর আলীম ভেতরে আটকা পড়েছেন।’
আলীম আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান, আর তাঁর ছেলে পাশের বাড়ির ছাদে লাফিয়ে পালিয়ে যায় বলে জানান রিয়াজউদ্দিন।
পুলিশ জানায়, ৫৫ বছর বয়সী মোহাম্মদ আলীম তাঁর ছেলেকে টাকা চুরির অভিযোগে বকাঝকা করেছিলেন। ধারণা করা হচ্ছে, রাগের মাথায় কিশোরটি দাহ্য পদার্থ ঢেলে তার বাবাকে আগুনে পুড়িয়ে দেয়।
উত্তর প্রদেশের মির্জাপুর জেলার বাসিন্দা আলীম গত বছরের সেপ্টেম্বর মাসে ছেলেকে নিয়ে ফরিদাবাদে আসেন এবং অজয়নগর (পার্ট-২) এলাকায় রিয়াজউদ্দিনের ছাদের ওপর একটি কক্ষ ভাড়া নেন। তিনি ধর্মীয় স্থানগুলোর জন্য অনুদান সংগ্রহ করতেন এবং বাজারে মশারি ও অন্যান্য সামগ্রী বিক্রি করতেন। তাঁর স্ত্রী কয়েক বছর আগে মারা গেছেন। তাঁর অন্য চার সন্তান আলাদা বসবাস করতেন।
তদন্ত কর্মকর্তারা বলছেন, এই হত্যাকাণ্ড তাৎক্ষণিক রাগের বহিঃপ্রকাশ নাকি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘আলীম ছেলেকে একাধিকবার তার আচরণ নিয়ে সতর্ক করেছিলেন। এটি দীর্ঘদিনের ক্ষোভের ফল নাকি হঠাৎ রাগের বিস্ফোরণ আমরা খতিয়ে দেখছি।’

মধ্যপ্রাচ্যে সংঘাতের জেরে হরমুজ প্রণালিতে বর্তমানে প্রায় ২ হাজার বাণিজ্যিক জাহাজ এবং ২০ হাজার নাবিক আটকা পড়ে আছেন বলে জানিয়েছেন আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েজ। তিনি এই পরিস্থিতিকে বিশ্ব নৌ চলাচল শিল্পের জন্য একটি ‘বিরাট চ্যালেঞ্জ’ হিসেবে বর্ণনা করেছেন।
২৯ মিনিট আগে
ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান ভয়াবহ সংঘাতের প্রেক্ষাপটে লেবাননের প্রতি ফ্রান্সের ‘পূর্ণ সমর্থন’ পুনর্ব্যক্ত করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। আজ বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং মানবিক সহায়তার প্রতিশ্রুতি দেন।
৩৫ মিনিট আগে
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-এর নতুন মহাপরিচালক (ডিরেক্টর জেনারেল) হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক গুগল নির্বাহী ম্যাট ব্রিটিন। তিনি গত বছর পদত্যাগ করা টিম ড্যাভির স্থলাভিষিক্ত হচ্ছেন। ডেভির পদত্যাগের পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ভাষণের বিভ্রান্তিকর সম্পাদনা নিয়ে বিতর্ক ভূমিকা..
১ ঘণ্টা আগে
ইসরায়েলের পার্লামেন্ট নেসেট-এ ফিলিস্তিনি বন্দিদের জন্য মৃত্যুদণ্ড কার্যকর করার একটি বিতর্কিত বিল চূড়ান্ত ভোটের দিকে এগোচ্ছে। গত মঙ্গলবার পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটি বিলটি অনুমোদন দেওয়ার পর এটি এখন শেষ ধাপের ভোটে যাচ্ছে।
২ ঘণ্টা আগে