
কম দামে পাঞ্জাবি বিক্রি করে আলোচনায় আসা প্রতিষ্ঠান ‘নবীন পাঞ্জাবি’র ব্যবস্থাপনা পরিচালক নবীন হাশেমি হুমকি ও নিরাপত্তার শঙ্কার মধ্যে দেশ ছেড়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তিনি বিদেশে পাড়ি জমান। বিষয়টি নবীন হাশেমি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিশ্চিত করেন।
এর আগে একই দিন বিকেলে রাজধানীর মগবাজারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দেশ ছাড়ার ঘোষণা দেন তিনি।
ফেসবুকে একটি ছবি পোস্ট করে নবীন হাশেমি লেখেন, ‘সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের গুলিতে সন্তানদের এতিম করতে চাই না। তাই দেশ ছেড়ে চলে যাচ্ছি। পরিস্থিতি স্বাভাবিক হলে হয়তো একদিন ফিরব ইনশা আল্লাহ।’
গতকাল বিকেলে মগবাজারের বিশাল সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নবীন হাশেমি অভিযোগ করেন, ঈদ সামনে রেখে কম দামে পাঞ্জাবি বিক্রি করায় তাঁদের দোকানে মব সৃষ্টি করা হয় এবং পুলিশ দিয়ে জোর করে দোকান বন্ধ করে দেওয়া হয়। কয়েক দিন ধরে বিভিন্ন নম্বর থেকে তাঁকে ফোন করে হুমকি দেওয়া হচ্ছিল বলেও জানান তিনি। হুমকিদাতারা তাঁকে ব্যবসাসংক্রান্ত ভিডিও মুছে ফেলতে বলেন; অন্যথায় তাঁর অন্যান্য ব্যবসাও বন্ধের হুমকি দেওয়া হয়।
নবীন হাশেমি বলেন, প্রবাসজীবন শেষে করোনাকালে দেশে ফিরে তিনি এই উদ্যোগ শুরু করেন। তাঁর প্রতিষ্ঠানের লক্ষ্য ছিল কম দামে মানসম্মত পোশাক সরবরাহ করা এবং এর আয় দরিদ্র মানুষের কল্যাণে ব্যয় করা। প্রতিষ্ঠানটিতে প্রতিবন্ধী ব্যক্তি, হিজড়া সম্প্রদায় এবং মাদকাসক্তি থেকে ফিরে আসা ব্যক্তিরা কাজ করেন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি দাবি করেন, সরবরাহকারীদের কাছ থেকে কম দামে পণ্য পাওয়ায় তাঁরা মাত্র ৩০০ টাকায় পাঞ্জাবি-পায়জামা বিক্রি করতে সক্ষম হন। এতে ক্ষুব্ধ হয়ে আশপাশের কিছু ব্যবসায়ী সিন্ডিকেট—যার মধ্যে ‘প্রিন্স’ নামের একটি দোকানের মালিক মাইকেলও রয়েছেন—পুলিশকে সঙ্গে নিয়ে তাঁদের দোকান বন্ধ করে দেয় এবং ক্রেতাদের হয়রানি করে। বিষয়টি হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ গোলাম মুর্তজাকে জানানো হলেও তিনি কোনো ব্যবস্থা না নিয়ে সমঝোতায় যাওয়ার পরামর্শ দেন বলে অভিযোগ করেন তিনি।
সরকারের প্রতি আহ্বান জানিয়ে নবীন হাশেমি বলেন, নানা বাধা ও চাপের মধ্যে তাঁরা ব্যবসা পরিচালনা করছেন, কিন্তু কোনো ধরনের সহযোগিতা পাচ্ছেন না। সাধারণ মানুষের জন্য কাজ করতে গেলেও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।
অভিযোগ অনুযায়ী, ওই মার্কেটে পাঞ্জাবি ৪ হাজার ৫০০ টাকার নিচে এবং পায়জামা ১ হাজার ৫০০ টাকার নিচে বিক্রি না করার অলিখিত চাপ ছিল।
এ বিষয়ে হাতিরঝিল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুর্তজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে এবং খুদে বার্তা পাঠানো হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নওগাঁর সাপাহারে একটি আমবাগান থেকে রুবেল হক (২৬) নামের এক গ্রাম পুলিশের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গোয়ালা ইউনিয়নের কদমডাঙ্গা গ্রামের একটি আমবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়...
১১ মিনিট আগে
গাছের গুঁড়িবোঝাই একটি ট্রাক মহিপুর এলাকায় বিকল হলে খবর পেয়ে ওই দুই কর্মী সেখানে যান। পরে তাঁরা মহাসড়কের পাশের সড়ক বিভাজকের কাছে দাঁড়িয়ে ট্রাকটি মেরামতের কাজ করছিলেন। একপর্যায়ে ট্রাকটি তাঁদের ওপর হেলে পড়ে। এতে দুই কর্মী ও চালক চাপা পড়েন।
১২ মিনিট আগে
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্তবর্তী এলাকায় সীমান্ত নিরাপত্তা জোরদার এবং চোরাচালান, মাদকসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে নতুন বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ‘রহমতপুর’ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার সকালে নবনির্মিত বিওপিটির উদ্বোধন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ
২০ মিনিট আগে
সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামি তমাল সরকারকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
৩৫ মিনিট আগে