
১৯৮০-এর দশকের শেষ দিক থেকে নিয়মিত উড়োজাহাজে যাতায়াত করতেন ব্রুস গ্যাম্বল। গাড়ি বিক্রির একজন পরামর্শদাতা হিসেবে পেশাগত দায়িত্ব পালনের জন্যই আলাবামার বার্মিংহাম থেকে এই যাত্রা শুরু হয়েছিল তাঁর। সুদীর্ঘ এই ভ্রমণ-জীবনে তাঁর পরিচয় গড়ে ওঠে বার্মিংহাম-শাটলসওয়ার্থ আন্তর্জাতিক বিমানবন্দরের ডেলটা এয়ারলাইনসের কর্মীদের সঙ্গে।
এই কর্মীদেরই একজন ৫৭ বছর বয়সী জিল হিকি। তিনি ছিলেন মূলত একজন খণ্ডকালীন কাস্টমার সার্ভিস এজেন্ট। চার বছর ধরে এই কাজ করছেন। প্রায় প্রতিবারই বিমানবন্দরে নেমে হিকির কাউন্টারে গিয়ে এক বোতল পানি নিতেন ব্রুস। হিকি বলেন, ‘আমি জানতাম, ব্রুসের কিছু স্বাস্থ্য সমস্যা রয়েছে। কিন্তু জানতাম না সেটা কতটা গুরুতর।’
২০২২ সালের নভেম্বর মাসে জানা গেল—৭১ বছর বয়সী ব্রুসের কিডনি প্রতিস্থাপন না হলে তিনি আর বাঁচবেন না। ২০০২ সাল থেকে টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্ত ব্রুসের কিডনি ফাংশন দ্রুত খারাপ হচ্ছিল। কোনো মৃত ব্যক্তির কাছ থেকে কিডনি পেতে তাঁর ব্লাড গ্রুপ অনুযায়ী অপেক্ষার তালিকায় থাকলে সময় লাগত ৩ থেকে ৫ বছর। বয়স বিবেচনায় তত দিনে হয়তো আর অস্ত্রোপচারের জন্যই উপযুক্ত থাকবেন না ব্রুস।
এ অবস্থায় বন্ধু, সহকর্মী, এমনকি বিমানবন্দরের কর্মীদের সঙ্গেও দেখা হলে কুশলাদি বিনিময়ের সময় ব্রুস বলতেন, ‘ভালো আছি, শুধু একটা কিডনি খুঁজছি।’
এমনই এক সন্ধ্যায় ডেলটা কর্মীরা আলোচনা করছিলেন কীভাবে ব্রুসকে সাহায্য করা যায়। হিকি সে কথা শুনে সিদ্ধান্ত নিয়ে ফেলেন, ব্রুসকে কিডনি দেওয়ার জন্য তিনি উপযুক্ত কি না টেস্ট করাবেন। তাঁর এমন সিদ্ধান্তের কথা শুনে প্রথমে তাঁর পরিবার, বিশেষ করে দুই মেয়ে শঙ্কিত হয়ে পড়েন। কিন্তু হিকি জানতেন, তিনি সুস্থ এবং সক্ষম হলে কিডনি দান করবেনই।
এয়ারলাইনসে চাকরির পাশাপাশি বছরের পর বছর ধরে শিক্ষকতা করছেন হিকি। পড়াতে গিয়ে তাঁর এমন শিশুদের সঙ্গেও দেখা হয়েছে, যারা কিডনির জন্য অপেক্ষা করছিল। সেই স্মৃতিই তাঁকে একটি কিডনি দান করার জন্য সাহসী করে তোলে।
তত দিনে ব্রুসকে কিডনি দিতে ইচ্ছুক এমন অন্তত ১০ জন স্বেচ্ছাসেবক কিডনি ম্যাচ করে কি না টেস্ট করিয়েছিলেন। কিন্তু কারও সঙ্গেই মিল হয়নি। হিকি ছিলেন ১১তম এবং একমাত্র, যার সঙ্গে ব্রুসের কিডনি পুরোপুরি মিলে যায়।
ব্রুস বলেন, ‘জিল যখন ফোন করে বললেন তিনি পুরোপুরি ম্যাচ, আমি বাক্রুদ্ধ হয়ে গিয়েছিলাম। ঈশ্বর আমার জন্য জিলকে পাঠিয়েছেন। তিনি আমার জীবন বাড়িয়ে দিয়েছেন।’
অস্ত্রোপচারের দিন হিকির এক বন্ধু তাঁকে একটি প্রার্থনার বই দেন। বইটির ওই দিনের প্রার্থনা পাতায় লেখা ছিল, ‘আজকের দিনটা আমি তোমাকে ধাপে ধাপে পথ দেখাব। যদি তোমার মন আমার ওপর থাকে, তবে বিপজ্জনক পথেও তুমি ভয় না পেয়ে হাঁটতে পারবে।’ হিকি বলেন, ‘সেই কথাগুলো যেন সব বিশ্বাস আরও জোরালো করে দিল।’
২০২৪ সালের ডিসেম্বরে বার্মিংহামে সফল অস্ত্রোপচার হয়। কিছু জটিলতা থাকলেও সবকিছু ভালোভাবেই শেষ হয়। এরপর ব্রুস ও হিকি তাঁদের জীবনসঙ্গীদের সঙ্গে ক্যালিফোর্নিয়ায়ও ঘুরতে গিয়েছিলেন।
সিএনএন জানিয়েছে, তাঁরা এখন আগের মতোই জীবন যাপন করছেন। ব্রুস আধা-অবসরে আর হিকি শিশুদের পড়ান এবং সন্ধ্যায় ডেলটায় কাজ করেন।
তবে একটি বিষয় আর কখনো আগের মতো হবে না। কী সেটা? হিকি বলেন, ‘আমরা একসময় ছিলাম সম্পূর্ণ অপরিচিত। কিন্তু এখন আমরা যেন একে অপরের পরিবার।’

আগামী ১ সেপ্টেম্বর থেকে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ১৬ বছরের কম বয়সী শিক্ষার্থীদের মোবাইল ফোন ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা জারি করার পরিকল্পনা করছে পোল্যান্ড। আজ বুধবার দেশটির শিক্ষামন্ত্রী বারবারা নোওয়াকা এই ঘোষণা দিয়েছেন।
৫ ঘণ্টা আগে
১৯৬০ সালের সেপ্টেম্বরে এক অভ্যুত্থানে তিনি ক্ষমতাচ্যুত হন এবং দুই মাস পর বন্দী হন। ১৯৬১ সালের জানুয়ারিতে বেলজিয়ামের পরোক্ষ সমর্থনে একটি ফায়ারিং স্কোয়াড লুমুম্বা ও তাঁর দুই সহযোগীকে গুলি করে হত্যা করে। এরপর তাঁর মরদেহ অ্যাসিডে গলিয়ে ফেলা হয়েছিল।
৬ ঘণ্টা আগে
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। এই হত্যাকাণ্ডের জন্য দায়ী ‘অপরাধী খুনিদের’ অচিরেই চড়া মূল্য দিতে হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
৬ ঘণ্টা আগে
ইসরায়েলের সঙ্গে মিলে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করায় বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিদেশের মাটিতে এই সমালোচনার পাশাপাশি ঘরের মাঠেও তাঁকে আইনি লড়াইয়ের মুখোমুখি হতে হচ্ছে। বিরোধী ডেমোক্র্যাট শিবিরের আইনপ্রণেতারা অভিযোগ করেছেন, ট্রাম্প কংগ্রেসকে...
৬ ঘণ্টা আগে