Ajker Patrika

মস্কোই ‘তৃতীয় রোম’, খ্রিস্টানদের ত্রাতা হয়ে উঠতে পারে রাশিয়া: পুতিন

আজকের পত্রিকা ডেস্ক­
মস্কোই ‘তৃতীয় রোম’, খ্রিস্টানদের ত্রাতা হয়ে উঠতে পারে রাশিয়া: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: সিএনএন

রাশিয়ার সভ্যতা বিশ্বের খ্রিষ্টান বিশ্বাসীদের জন্য আশ্রয়স্থল বা ‘তরী’ বা ত্রাতা হয়ে উঠতে পারে বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। একই সঙ্গে তিনি বলেছেন, ‘মস্কোই তৃতীয় রোম, আর চতুর্থ কোনো রোম হবে না।’ তাঁর মতে, খ্রিষ্টধর্মের আধ্যাত্মিক ঐতিহ্যের উত্তরাধিকার বহন করছে রাশিয়া এবং দেশটি সেই ঐতিহ্যের রক্ষক।

রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিনের বিবৃতি থেকে জানা গেছে—সার্বীয় চলচ্চিত্র নির্মাতা এমির কুস্তুরিৎসার সঙ্গে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পুতিন। ‘আওয়ার ব্যাপটিজম: দ্য প্যাট্রিয়ার্ক’ শীর্ষক একটি চলচ্চিত্র প্রকল্পের জন্য সাক্ষাৎকারটি নেওয়া হয়। গত ২০ নভেম্বর এটি প্রকাশ করে ক্রেমলিন।

সাক্ষাৎকারে কুস্তুরিৎসা জানতে চান, রুশ সভ্যতা খ্রিষ্টে বিশ্বাসী বিশ্বের সব মানুষের জন্য একধরনের ‘তরী’ হয়ে উঠতে পারে কি না। জবাবে পুতিন বলেন, ‘এটি হতে পারে। অবশ্যই।’ তিনি আরও বলেন, তাঁর এই বক্তব্যের তাৎপর্য কেবল ধর্মতাত্ত্বিক নয়, বরং এর সঙ্গে বর্তমান সময়েরও সম্পর্ক রয়েছে।

একই ‘আওয়ার ব্যাপটিজম’ প্রকল্পের জন্য দেওয়া আরেক সাক্ষাৎকারে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ দাবি করেন, জেনেভায় এক বৈঠকে যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেন পুতিনকে বলেছিলেন, ওয়াশিংটন তাঁকে শত্রু হিসেবে বিবেচনা করে না।

‘তৃতীয় রোম’ ধারণার ঐতিহাসিক ব্যাখ্যা

‘তৃতীয় রোম’ মতবাদের উৎপত্তি ষোড়শ শতকের শুরুর দিকে। পসকভের সন্ন্যাসী ফিলোথিউস মস্কোর গ্র্যান্ড প্রিন্স তৃতীয় ভাসিলিকে লেখা এক চিঠিতে এই ধারণার ব্যাখ্যা দেন। তাঁর যুক্তি ছিল, ধর্মীয় ভ্রষ্টতার কারণে রোমের পতন ঘটেছে এবং ১৪৫৩ সালে অটোমানদের হাতে কনস্টান্টিনোপলের পতনের পর অর্থোডক্স খ্রিষ্টধর্মের রক্ষকের দায়িত্ব এসে পড়েছে মস্কোর ওপর।

ফিলোথিউসের বিখ্যাত বক্তব্য ছিল, ‘দুটি রোমের পতন হয়েছে, তৃতীয় রোম টিকে আছে, আর চতুর্থ কোনো রোম থাকবে না।’ ইতিহাসবিদদের মতে, এই বক্তব্যের মধ্য দিয়ে মস্কোকে সাম্রাজ্য প্রতিষ্ঠার দাবি জানানো হয়নি; বরং অর্থোডক্স খ্রিষ্টধর্ম রক্ষার দায়িত্বের কথা তুলে ধরা হয়েছিল। কয়েকজন ইতিহাসবিদ এই ধারণার সঙ্গে ১৪৭২ সালে রুশ শাসক তৃতীয় ইভানের সঙ্গে বাইজেন্টাইন রাজবংশের রাজকন্যা সোফিয়া পালাইওলোগিনার বিয়ের সম্পর্কও খুঁজে পান। ওই বিয়ের পর রাশিয়া দ্বিমস্তক ঈগল প্রতীক গ্রহণ করে।

আধুনিক সময়ে রাশিয়ার জাতীয়তাবাদী রাজনীতি ও ক্রেমলিনের বক্তব্যে ‘তৃতীয় রোম’ ধারণাটি নতুন করে গুরুত্ব পেয়েছে। পুতিনের ব্যাখ্যা অনুযায়ী, খ্রিষ্টধর্মের যাত্রা শুরু হয়েছিল প্রাচীন রোমে। রোমের পতনের পর এর কেন্দ্র চলে যায় বাইজেন্টিয়ামে। পরে বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের সময় খ্রিষ্টধর্মের বিশ্বাস ও ঐতিহ্য রাশিয়ার ভূখণ্ডে পৌঁছে যায়। রাশিয়া সেই বিশ্বাসের উত্তরাধিকার গ্রহণ করে এর ‘আধ্যাত্মিক রক্ষক’ হয়ে ওঠে। রুশ চিন্তাবিদেরা শতাব্দীর পর শতাব্দী ধরে এই ধারণাকে লালন করে আসছেন বলেও মন্তব্য করেন তিনি।

এর আগেও একই বক্তব্য দিয়েছেন পুতিন। চার্চ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ক্ষমতায় থাকার ২৫ বছর পূর্তি উপলক্ষে ২০২৫ সালের মে মাসে নির্মিত একটি প্রামাণ্যচিত্রে তিনি বলেছিলেন, ‘মস্কোই তৃতীয় রোম, আর চতুর্থ কোনো রোম থাকবে না।’ তবে কনস্টান্টিনোপলের ইকিউমেনিক্যাল প্যাট্রিয়ার্ক প্রথম বার্থোলোমিউ এই মতবাদ প্রত্যাখ্যান করেছেন। তাঁর বক্তব্য, কেবল দুটি রোম রয়েছে—প্রাচীন রোম এবং নতুন রোম, অর্থাৎ কনস্টান্টিনোপল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত