Ajker Patrika

লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজ ডোবানোর দায় স্বীকার ইউক্রেনের, ৭ নৌ ড্রোন ব্যবহার

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১৬: ৪৫
লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজ ডোবানোর দায় স্বীকার ইউক্রেনের, ৭ নৌ ড্রোন ব্যবহার
হামলায় আগুন ধরে যাওয়া রুশ যুদ্ধজাহাজ। ছবি: এএফপি

লিবিয়ার একটি বন্দরে সাতটি নৌ-ড্রোন ব্যবহার করে রাশিয়ার করভেট যুদ্ধজাহাজ ‘মেরকুরি’ ডুবিয়ে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। আজ সোমবার দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ তথ্য জানান। এর কিছুক্ষণ আগেই ফিনল্যান্ড উপসাগরে রাশিয়ার সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট একটি কার্গো জাহাজে ড্রোন হামলার ঘটনা ঘটে। খবর রয়টার্সের।

জেলেনস্কি জানান, গতকাল রোববার লিবিয়ার উপকূলে হামলার শিকার হওয়া দ্বিতীয় লক্ষ্যবস্তু ছিল রাশিয়ার শুকনো পণ্যবাহী জাহাজ এমভি আঙ্গারা। তাঁর দাবি, অস্ত্র পরিবহনের কাজে জাহাজটি ব্যবহার করত রাশিয়া। এ ছাড়া হামলায় রাশিয়ার একটি কেএ-২৭ সামরিক হেলিকপ্টারও ধ্বংস হয়েছে। তবে এসব হামলার বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

লিবিয়ার পূর্বাঞ্চলভিত্তিক সরকার জানিয়েছে, রোববার বেনগাজির নৌঘাঁটিতে নোঙর করা অবস্থায় সন্দেহভাজন ড্রোন হামলার শিকার হয় ‘মেরকুরি’। সরকারটির দাবি, সহযোগিতা চুক্তির আওতায় রাশিয়ায় ফেরার পথে জ্বালানি ও রসদ সংগ্রহের জন্য জাহাজটি সেখানে অবস্থান করছিল।

গৃহযুদ্ধের পর থেকে লিবিয়ার পশ্চিমাঞ্চল ত্রিপোলিভিত্তিক আন্তর্জাতিকভাবে স্বীকৃত জাতীয় ঐক্যের সরকারের (জিএনইউ) নিয়ন্ত্রণে রয়েছে। অন্যদিকে, দেশটির পূর্বাঞ্চল সামরিক কমান্ডার খলিফা হাফতারের নিয়ন্ত্রণে। তাঁর নেতৃত্বাধীন লিবিয়ান ন্যাশনাল আর্মির (এলএনএ) সঙ্গে রাশিয়ার সম্পর্ক রয়েছে।

পূর্বাঞ্চলভিত্তিক সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ জানিয়েছেন, তিনি জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদকে ঘটনাটি তদন্তের অনুরোধ জানিয়েছেন। তাঁর ভাষ্য, জাহাজগুলো পশ্চিম লিবিয়া থেকে পাঠানো হয়েছিল কি না, সে বিষয়ে সন্দেহের তদন্ত, দেশটিতে ইউক্রেনীয় বিশেষজ্ঞদের উপস্থিতি যাচাই এবং তাঁদের কর্মকাণ্ড সম্পর্কে কিয়েভের কাছে আনুষ্ঠানিক ব্যাখ্যা চাওয়া হয়েছে।

ফিনল্যান্ড উপসাগরে রুশ কার্গো জাহাজে ড্রোন হামলা

এদিকে, শনিবার ফিনল্যান্ড উপসাগরের আন্তর্জাতিক জলসীমায় রাশিয়ার আরেকটি কার্গো জাহাজে সন্দেহভাজন ইউক্রেনীয় ড্রোন হামলায় আগুন ধরে যায়। ‘স্পার্টা-২’ নামের জাহাজটি রাশিয়ার প্রতিরক্ষা খাতের লজিস্টিকস প্রতিষ্ঠান ওবোরনলজিস্টিকা পরিচালনা করে।

কিয়েভ এ হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে ফিনল্যান্ডের সামরিক বাহিনী জানিয়েছে, হামলাটি ইউক্রেনের চালানো হয়ে থাকতে পারে বলে তাদের ধারণা।

হামলার পর জাহাজটির ১৬ জন ক্রুকে কাছাকাছি অবস্থানরত রাশিয়ার আরেকটি জাহাজে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় একজন সামান্য আহত হন। আগুন নিয়ন্ত্রণে রাশিয়া, এস্তোনিয়া ও ফিনল্যান্ডের জাহাজগুলো কাজ করে। একপর্যায়ে আগুনে ক্ষতিগ্রস্ত ‘স্পার্টা-২’ ভেসে ফিনল্যান্ডের জলসীমায় প্রবেশ করে। পরে রোববার রাশিয়ার একটি জাহাজ সেটিকে টেনে অন্যত্র সরিয়ে নিতে শুরু করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত