Ajker Patrika

আবুধাবি বৈঠকে বড় পরিসরে বন্দিবিনিময়ে সম্মত রাশিয়া ও ইউক্রেন

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ১৯: ২৭
আবুধাবি বৈঠকে বড় পরিসরে বন্দিবিনিময়ে সম্মত রাশিয়া ও ইউক্রেন
আজ বুধবার বৈঠক নিয়ে ব্রিফ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার। ছবি: সংগৃহীত

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে বড় পরিসরে যুদ্ধবন্দী বিনিময়ের০বিষয়ে সমঝোতা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে দুই দিনের গুরুত্বপূর্ণ আলোচনার পর আজ বুধবার (১১ নভেম্বর) এই সম্মতিতে পৌঁছায় দুই দেশ। পাশাপাশি সম্ভাব্য যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সংঘাত প্রশমনের বাস্তবসম্মত পদ্ধতি নিয়েও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

আলোচনা শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত জ্যারেড কুশনার বলেন, এটি শান্তি প্রতিষ্ঠার পথে একটি ভালো প্রথম পদক্ষেপ। বন্দীদের সবচেয়ে বড় মানবিক মুক্তির বিষয়ে দুই পক্ষ একমত হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার এ বিষয়ে চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করা হবে।

তিনি আরও বলেন, যুদ্ধবিরতি কার্যকর হলে তা কীভাবে পর্যবেক্ষণ করা হবে এবং সংঘাত এড়াতে কী ধরনের সমঝোতা প্রয়োজন, সেই বিষয়ে আলোচনা হয়েছে। যুদ্ধ-পরবর্তী উত্তেজনা কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়েও অগ্রগতি হয়েছে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানায়, বৈঠকে রাশিয়ার আলোচক ভ্লাদিমির মেদিনস্কিও বড় পরিসরে বন্দিবিনিময়ের বিষয়ে সমঝোতার কথা নিশ্চিত করেছেন। আলোচনার জন্য অনুকূল পরিবেশ তৈরিতে সংযুক্ত আরব আমিরাতের ভূমিকার প্রশংসা করেন তিনি।

আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে কুশনারের পাশাপাশি অংশ নেন স্টিভ উইটকফ। তাঁরা জানিয়েছেন, আগামীকাল মস্কো সফরে গিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করবেন। আবুধাবির আলোচনায় উঠে আসা বিষয়গুলো নিয়ে তাঁর সঙ্গে আলোচনা এবং সমঝোতার ক্ষেত্র আরও বিস্তৃত করার চেষ্টা করবেন তাঁরা। এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করে তাঁকে আলোচনার অগ্রগতি জানানো হবে।

কুশনার বলেন, ইউরোপীয় দেশগুলোকে আলোচনার কাঠামোয় যুক্ত করে একে বহুপক্ষীয় রূপ দেওয়াও যুক্তরাষ্ট্রের অন্যতম লক্ষ্য। তবে আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের অন্তর্ভুক্তির বিষয়ে আপত্তি জানিয়েছে রাশিয়া। এই বিষয়ে রুশ পক্ষের মেদিনস্কি বলেন, ইউরোপীয় প্রতিনিধিদের সঙ্গে তাঁদের কোনো আলোচনা হয়নি এবং আলোচনায় তাঁদের অবস্থান কী, তা-ও স্পষ্ট নয়।

আরব আমিরাতের প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা আনোয়ার গারগাশ আলোচনাকে স্বাগত জানিয়ে বলেছেন, আবুধাবিতে এই বৈঠক আয়োজন আন্তর্জাতিক সংলাপ ও মতপার্থক্য দূর করতে দেশটির গঠনমূলক ভূমিকার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, আলোচনার মধ্য দিয়ে দীর্ঘদিনের যুদ্ধ অবসানের পথ তৈরি হবে।

এদিকে আলোচনার মধ্যেই ইউক্রেনে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে। আজ দেশটির মধ্যাঞ্চলের চারটি অঞ্চলে ছয়টি বড় বিদ্যুৎ উপকেন্দ্রে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ইউক্রেনের প্রধানমন্ত্রী সের্হি কোরেৎস্কি এ তথ্য জানিয়েছেন। টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি বলেন, বিদ্যুৎ অবকাঠামোর পাশাপাশি দেশটির পূর্ব ও মধ্যাঞ্চলের রেলপথেও হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, চলতি বছর আবুধাবিতে এটি রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তৃতীয় দফার আলোচনা। যুদ্ধ অবসানের পাশাপাশি বন্দিবিনিময় ও যুদ্ধ-পরবর্তী নিরাপত্তার নিশ্চয়তা এবারের আলোচনার অন্যতম প্রধান বিষয় ছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত