নাগা পূর্বপুরুষের ৩৯ দেহাবশেষ ফেরত দিল অক্সফোর্ড জাদুঘর

ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ভারতের নাগা সম্প্রদায়ের কাছ থেকে নিয়ে যাওয়া ৩৯ জন মানুষের দেহাবশেষ ফিরিয়ে দিয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়। গতকাল সোমবার অক্সফোর্ডের পিট রিভার্স জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এসব দেহাবশেষ হস্তান্তর করা হয়। এ উপলক্ষে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় পার্বত্য রাজ্য নাগাল্যান্ড থেকে প্রায় ৩০ সদস্যের একটি প্রতিনিধিদল অনুষ্ঠানে যোগ দেয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিবিসি জানায়, ফেরত দেওয়া দেহাবশেষের অধিকাংশই মানুষের খুলি। নাগা সম্প্রদায়ের নেতারা জানিয়েছেন, ভারতে নিয়ে যাওয়ার পর এসব দেহাবশেষ যথাযথ সম্মানের সঙ্গে সমাহিত করা হবে। এ জন্য নাগাল্যান্ডের একটি পার্কে যৌথ স্মৃতিসৌধ নির্মাণ করে সেখানে সেগুলো সমাহিত করার পরিকল্পনা রয়েছে।
পিট রিভার্স জাদুঘরের পরিচালক লরা ভ্যান ব্রোকহোভেন এ ঘটনাকে ‘ঐতিহাসিক মুহূর্ত’ হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে এটি একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। দীর্ঘ আমলাতান্ত্রিক জটিলতা পেরিয়ে শেষ পর্যন্ত দেহাবশেষগুলো তাদের নিজ ভূমিতে ফেরার পথে।
বহু দশক ধরে এসব মানবদেহাবশেষ অক্সফোর্ডের জাদুঘরে প্রদর্শিত হয়েছে। তবে ঔপনিবেশিক শাসনের প্রভাবমুক্ত করার প্রক্রিয়ার অংশ হিসেবে ২০২০ সালে সেগুলো প্রদর্শনী থেকে সরিয়ে নেওয়া হয়।
পিট রিভার্স জাদুঘরে নাগা সংস্কৃতিসংশ্লিষ্ট ছয় হাজারের বেশি নিদর্শন রয়েছে। ধারণা করা হয়, বিশ্বের মধ্যে নাগা সংস্কৃতির সবচেয়ে বড় সংগ্রহ এটি। এসব নিদর্শনের অধিকাংশই ব্রিটিশ ঔপনিবেশিক শাসনামলে ভারত ও মিয়ানমার থেকে সংগ্রহ করা হয়েছিল।
১৯১০ থেকে ১৯৪০ সালের মধ্যে এই নিদর্শনগুলো সংগ্রহে যুক্ত করা হয়। মূলত তৎকালে নৃতত্ত্ববিদ হিসেবেও কাজ করা দুই ঔপনিবেশিক প্রশাসক এগুলো সংগ্রহ করেছিলেন। জাদুঘরের ওয়েবসাইটে বলা হয়েছে, ওই সময়ের অনেক নিদর্শনই স্বেচ্ছায় দেওয়া হয়নি; বরং সামরিক অভিযানের সময় জোর করে নিয়ে যাওয়া হয়েছিল।
নাগা প্রতিনিধিদলের নেতা থেজাও ভিহিয়েনুও বার্তা সংস্থা এএফপিকে বলেন, তাঁদের ভূমি থেকে এসব মানবদেহাবশেষ যেভাবে নিয়ে যাওয়া হয়েছিল, তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, কেউ নিজের বাবা বা দাদার খুলি অন্য কাউকে উপহার হিসেবে দেবেন, এমনটা বিশ্বাস করা কঠিন।
২০২৫ সালে অক্সফোর্ড সফরের সময় নাগা প্রতিনিধিদল আনুষ্ঠানিকভাবে দেহাবশেষগুলো ফেরত দেওয়ার আবেদন জানিয়েছিল। গত সেপ্টেম্বরে জাদুঘর কর্তৃপক্ষ এগুলো ফেরত দেওয়ার ঘোষণা দেয়। এর আগে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্রের আদিবাসী সম্প্রদায়ের কাছেও মানবদেহাবশেষ ফিরিয়ে দিয়েছে জাদুঘরটি। এবার শুধু ৩৯ জন নাগার পূর্বপুরুষের দেহাবশেষ ফেরত দেওয়া হলো।






-and-Russell-Brand-89e5ad-256x144.webp)


