Ajker Patrika

ফ্রান্সের সুপারশপে সাইবার হামলার নেপথ্যে ইরানের ‘শহীদ কাবেহ’ ইউনিট

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ২২: ২৮
ফ্রান্সের সুপারশপে সাইবার হামলার নেপথ্যে ইরানের ‘শহীদ কাবেহ’ ইউনিট
ছবি: সংগৃহীত

ফ্রান্সের শত শত সুপারমার্কেটের ফ্রিজের তাপমাত্রা দূর থেকে বাড়িয়ে দিয়ে বিপুল পরিমাণ খাদ্যপণ্য নষ্ট করার ঘটনায় ইরানের সঙ্গে সংশ্লিষ্ট একটি সাইবার ইউনিটকে দায়ী করেছে ফরাসি সরকার। ‘শহীদ কাবেহ’ নামের ওই গোষ্ঠী ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে যুক্ত বলে দাবি করেছে ফরাসি গোয়েন্দা সংস্থাগুলো। তবে এই অভিযোগ অস্বীকার করেছে তেহরান।

ফরাসি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, গত ১১ ও ১২ অক্টোবরের সাইবার হামলায় দেশটির প্রায় ৭০০টি বাণিজ্যিক স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এর মধ্যে বিভিন্ন সুপারমার্কেটের শীতাতপনিয়ন্ত্রণ ও হিমায়নব্যবস্থাও ছিল। হ্যাকাররা দূর থেকে ফ্রিজের তাপমাত্রা বাড়িয়ে দেওয়ায় কয়েক মিলিয়ন ইউরো মূল্যের খাদ্যপণ্য নষ্ট হয়। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো এই হামলাকে ‘আগ্রাসনের মাত্রার দিক থেকে নজিরবিহীন’ বলে অভিহিত করেছেন।

প্যারিসের সরকারি কৌঁসুলির কার্যালয় এক বিবৃতিতে হামলার জন্য শহীদ কাবেহকে দায়ী করে। তাদের দাবি, এটি আইআরজিসির সাইবার ইলেকট্রনিক কমান্ডের (সিইসি) অধীন একটি আক্রমণাত্মক সাইবার ইউনিট। ফ্রান্সের গোয়েন্দা ও সাইবার নিরাপত্তা সংস্থাগুলোর প্রকাশিত প্রতিবেদনে হামলার সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে তিনজনের নাম উল্লেখ করা হয়েছে। তাঁরা হলেন সিইসির প্রধান হিসেবে চিহ্নিত হামিদ রেজা লাশগারিয়ান এবং শহীদ কাবেহ ইউনিটের কমান্ডার হিসেবে চিহ্নিত মাহদি লাশগারিয়ান ও রেজা সালারভান্দ।

তবে আজ মঙ্গলবার এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এসব অভিযোগকে ‘ভিত্তিহীন ও পক্ষপাতদুষ্ট’ বলে প্রত্যাখ্যান করেছে। তেহরানের দাবি, ইরানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট করার উদ্দেশ্যেই এ ধরনের অভিযোগ তোলা হয়েছে। জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ইরান দ্বিধা করবে না বলেও বিবৃতিতে সতর্ক করা হয়েছে। তবে শহীদ কাবেহ ইউনিটের অস্তিত্ব নিয়ে কোনো মন্তব্য করেনি দেশটি।

পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলোর দাবি, ইরান সরকার কখনো আনুষ্ঠানিকভাবে শহীদ কাবেহ ইউনিটের অস্তিত্ব স্বীকার করেনি। ধারণা করা হয়, ১৯৮৬ সালে ইরান-ইরাক যুদ্ধে নিহত আইআরজিসি কমান্ডার মাহমুদ কাবেহর নামে গোষ্ঠীটির নামকরণ করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, ‘CyberAveng3 rs’ ও ‘Cyber Isnaad Front’-এর মতো বিভিন্ন হ্যাকার গোষ্ঠীর আড়ালে কার্যক্রম পরিচালনা করে শহীদ কাবেহ। এসব গোষ্ঠী হামলার দায় প্রকাশ্যে স্বীকার করে মূল ইউনিটের পরিচয় আড়াল করতে সহায়তা করে।

বিশেষজ্ঞদের মতে, ইরানের সাইবার হামলার সক্ষমতা ক্রমেই বাড়ছে। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) বিশ্লেষক নিকিতা শাহের মতে, ২০২৬ সালের মার্চ থেকে ইরানের সাইবার কার্যক্রম উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যে সাইবার গুপ্তচরবৃত্তি ও সংঘাতসংশ্লিষ্ট সাইবার অপরাধ রয়েছে।

ফ্রান্স ছাড়াও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিভিন্ন অবকাঠামো অতীতে ইরান-সংশ্লিষ্ট হ্যাকারদের লক্ষ্যবস্তু হয়েছে। ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের পানি সরবরাহব্যবস্থায় ব্যবহৃত ইসরায়েলি প্রযুক্তিতে হামলা চালানো হয়। চলতি বছরের মার্চে যুক্তরাষ্ট্রভিত্তিক চিকিৎসা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান স্ট্রাইকারেও ধ্বংসাত্মক সাইবার হামলার দাবি করে ইরান-সংশ্লিষ্ট একটি গোষ্ঠী।

ফরাসি গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, শহীদ কাবেহ ও এর সহযোগী গোষ্ঠীগুলোর হামলার প্রধান লক্ষ্য ইসরায়েল ও যুক্তরাষ্ট্র হলেও ফ্রান্সসহ ইউরোপের অন্যান্য দেশও তাদের লক্ষ্যবস্তুর তালিকায় রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত