দণ্ডপ্রাপ্ত রাসেল ব্র্যান্ডের দ্বারা নির্যাতিত হয়েছিলেন ইমরান খানের সাবেক স্ত্রীও
-and-Russell-Brand-89e5ad-480x270.webp)
ব্রিটিশ অভিনেতা ও কৌতুকশিল্পী রাসেল ব্র্যান্ডের বিরুদ্ধে সহিংসতা, জবরদস্তিমূলক নিয়ন্ত্রণ ও নির্যাতনের অভিযোগ তুলেছেন তাঁর সাবেক প্রেমিকা জেমিমা গোল্ডস্মিথ। জেমিমা পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানেরও সাবেক স্ত্রী। তিনি দাবি করেছেন, ২০১৪ সালে রাসেল ব্র্যান্ডের সঙ্গে সম্পর্ক চলাকালে তিনি তাঁর হাতে নির্যাতনের শিকার হয়েছিলেন। সম্প্রতি ধর্ষণ ও যৌন নিপীড়নের মামলায় ব্র্যান্ডকে কারাদণ্ড দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এক দীর্ঘ বিবৃতিতে এসব কথা জানান জেমিমা।
৫২ বছর বয়সী জেমিমা জানান, ২০১৪ সালে একটি সহিংস ঘটনার পর ব্র্যান্ডকে তাঁর বাড়ি থেকে সরিয়ে নিতে পুলিশ ডাকতে হয়েছিল। তবে ওই ঘটনায় তিনি কোনো আইনি অভিযোগ দায়ের করেননি। সে সময় সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশ পেলে তাঁর কিশোর সন্তানদের ওপর নেতিবাচক প্রভাব পড়তে পারে—এমন আশঙ্কা থেকেই তিনি আইনি পদক্ষেপ নেওয়া থেকে বিরত ছিলেন।
গতকাল সোমবার (৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জেমিমা বলেন—রাসেল ব্র্যান্ডের বিচারে সাহসের সঙ্গে সাক্ষ্য দেওয়া নারীদের প্রতি তিনি গভীর শ্রদ্ধাশীল। ব্র্যান্ড অবশেষে বিচারের মুখোমুখি হয়েছেন, এতে তিনি স্বস্তিবোধ করছেন বলেও জানান।
সোমবার ব্রিটেনের আদালত ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে ব্র্যান্ডকে সাড়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন। ২০০৯ সালে নিজের বাড়িতে এক নারীকে ধর্ষণ এবং আরও তিন নারীর বিরুদ্ধে যৌন নিপীড়নের তিনটি অভিযোগে তাঁকে দোষী সাব্যস্ত করা হয়। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে চার নারীর সঙ্গে সংঘটিত এসব অপরাধের বিচার চলে লন্ডনের সাউথওয়ার্ক ক্রাউন কোর্টে। চার সপ্তাহের বিচার শেষে আদালত এ রায় দেন। তবে তাঁর বিরুদ্ধে আনা ধর্ষণের আরও দুটি অভিযোগ এবং শ্লীলতাহানির চেষ্টার একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়েছে।
জেমিমা বলেন, ২০১৪ সালের পর থেকে ব্র্যান্ডের সঙ্গে তাঁর আর দেখা বা কথা হয়নি। তবে ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ নিয়ে অনুসন্ধানী সাংবাদিকদের তিনি সহযোগিতা করেছিলেন। প্রয়োজনে তাঁর নির্যাতনমূলক আচরণের বিষয়ে আদালতে সাক্ষ্য দিতেও প্রস্তুত ছিলেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) বিবিসি জানায়, সম্পর্ক ভেঙে যাওয়ার পর ২০১৫ সালে জেমিমা ও ব্র্যান্ডের নেওয়া একটি আদালতের নিষেধাজ্ঞা নিয়েও ব্যাখ্যা দিয়েছেন তিনি। ওই নিষেধাজ্ঞায় সিলভিয়া বারকিকে তাঁদের হয়রানি করা এবং ব্র্যান্ডের বিরুদ্ধে অভিযোগ প্রকাশ থেকে বিরত রাখার নির্দেশ দেওয়া হয়েছিল।
জেমিমার দাবি, ২০১৪ সালের ৭ জুন বারকি তাঁর বাড়িতে ব্র্যান্ডকে ম্যাসাজ দিতে এসেছিলেন। তবে তিনি পৌঁছানোর পর ম্যাসাজ আর হয়নি। পরে বারকি পুলিশের কাছে অভিযোগ করেন, বাড়ি থেকে বের হওয়ার সময় ব্র্যান্ড তাঁকে ধাক্কা দিয়েছিলেন এবং জেমিমার কুকুরও তাঁকে আক্রমণ করেছিল। জেমিমা জানান, তিনি নিজে ওই সময় কোনো অস্বাভাবিক ঘটনা দেখেননি। পুলিশকে বক্তব্য ও সিসিটিভি ফুটেজ দেওয়ার পর তদন্তে অভিযোগের পক্ষে মামলা করার মতো প্রমাণ পাওয়া যায়নি।
জেমিমার অভিযোগ, এরপর বারকি তাঁকে ইহুদিবিদ্বেষী ও হুমকিমূলক বার্তা পাঠান এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অভিযোগ ছড়ান। এ অবস্থায় ব্র্যান্ডের আইনজীবীর পরামর্শে হয়রানি ঠেকাতে তিনি আদালতের নিষেধাজ্ঞা নিতে সম্মত হয়েছিলেন।
এদিকে ব্র্যান্ডের সাজা ঘোষণার সময় ভুক্তভোগীরা আদালতে তাঁদের মানসিক যন্ত্রণার কথা তুলে ধরেন। ধর্ষণের শিকার নারী বলেন, সেই ঘটনার মানসিক আঘাত তাঁকে প্রতিদিন বহন করতে হয়।
সাজা ঘোষণার পর ব্র্যান্ডকে লন্ডনের এইচএমপি ওয়ান্ডসওয়ার্থ কারাগারে নেওয়া হয়েছে। ব্রিটিশ আইনের নির্দেশনা অনুযায়ী, নির্দিষ্ট গুরুতর অপরাধে চার বছর বা তার বেশি সাজাপ্রাপ্ত বন্দীরা সাজার দুই-তৃতীয়াংশ শেষে মুক্তি পেতে পারেন। সে হিসাবে সাত বছর পর মুক্তির সুযোগ থাকতে পারে ব্র্যান্ডের। তবে মুক্তির পরও সাজা শেষ না হওয়া পর্যন্ত তাঁকে নির্দিষ্ট শর্ত মেনে চলতে হবে।









