ইউক্রেন যুদ্ধের ‘চূড়ান্ত সমাপ্তির’ আশায় আবুধাবিতে ত্রিপক্ষীয় বৈঠক, যা বলছে পক্ষগুলো

ইউক্রেন যুদ্ধের চূড়ান্ত অবসান এবং রাশিয়া-ইউক্রেন সংঘাতের একটি স্থায়ী সমাধানের লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) রাজধানী আবুধাবিতে ত্রিপক্ষীয় আলোচনা শুরু করেছে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্র। মঙ্গলবার প্রথম দিনের বৈঠকে প্রায় পাঁচ ঘণ্টা ধরে রুদ্ধদ্বার আলোচনা করেন তিন দেশের প্রতিনিধিরা। আজ বুধবার দ্বিতীয় দিনের আলোচনা হওয়ার কথা।
বৈঠকে যুদ্ধের অবসানের পাশাপাশি রাশিয়া, ইউক্রেন ও ইউরোপের নিরাপত্তা কাঠামো নিয়েও আলোচনা হয়েছে। তবে আলোচনার টেবিলে ইউরোপের কোনো প্রতিনিধি না থাকলেও বৈঠক শুরুর আগে ইউরোপীয় দেশগুলোর প্রতিনিধিদের সঙ্গে আলাদা বৈঠক করেছে মার্কিন ও ইউক্রেনীয় প্রতিনিধিদল।
এদিকে যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি বক্তব্যের মধ্যেই মার্কিন মধ্যস্থতাকারীদের অবস্থানে পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। অন্যদিকে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, সংঘাতের রাজনৈতিক সমাধানের আগে সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার কাঠামো নির্ধারণ করতে হবে।
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটির প্রেসিডেন্টের সহযোগী ভ্লাদিমির মেদিনস্কি রুশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলে রয়েছেন উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন ও সের্গেই রিয়াবকভ। অন্যদিকে ইউক্রেনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির বৈদেশিক গোয়েন্দা সংস্থার প্রধান রুস্তেম উমেরভ। তিনি জানিয়েছেন, যুদ্ধের অবসানসংক্রান্ত সব বিষয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি প্রতিনিধিদলকে অনুমোদন দিয়েছেন।
বৈঠকে রুশ ও ইউক্রেনীয় প্রতিনিধিদলের মাঝখানে বসে থাকতে দেখা গেছে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার এবং সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানকে।
আলোচনার মূল টেবিলে ইউরোপের কোনো প্রতিনিধি উপস্থিত ছিলেন না। তবে ইউক্রেনের সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, বৈঠক শুরুর আগে আলাদা একটি কক্ষে ইউক্রেনীয় প্রতিনিধিদল এবং ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধিরা।
ইউরোপীয় কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগাযোগে মস্কো বাধা দেবে না বলে জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। তবে এ ধরনের বৈঠক চলমান আলোচনায় কতটা কার্যকর ভূমিকা রাখবে, তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
সাংবাদিকদের লাভরভ বলেন, ‘ইউরোপীয়রা আবুধাবিতে উড়ে এসেছে। ঠিক আছে, তারা হোটেলে বসে থাকুক।’ একই সঙ্গে তিনি অভিযোগ করেন, ইউক্রেনের জন্য সময়ক্ষেপণের উদ্দেশ্যেই ইউরোপীয়রা এমন তৎপরতা চালাচ্ছে। লাভরভ বলেন, সংঘাতের সমাধানে পৌঁছানোর আগে রাশিয়া, ইউক্রেন এবং বৃহত্তর ইউরোপীয় অঞ্চলের নিরাপত্তার বিষয়টি নিয়ে আলোচনায় একটি কাঠামো বা পরিমাপক নির্ধারণ করা প্রয়োজন।
যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
আবুধাবিতে আলোচনা শুরুর পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি সম্পর্কে ইউক্রেনের মূল্যায়নকে সমর্থন করেছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘ভিন্ন বাস্তবতায়’ বাস করছেন বলে মন্তব্য করেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জেলেনস্কি জানান, আলোচনায় রাশিয়া দাবি করেছে, তারা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দনবাসের অর্ধেক দখল করেছে। জেলেনস্কি লেখেন, ‘এটাই সমস্যা। পুতিন ভিন্ন এক বাস্তবতায় বাস করছেন।’ তিনি আরও লেখেন, ‘আমি তাঁর জন্য এমন একটি ছবিও এঁকে দিতে পারি, যেখানে দেখা যাবে আমি পুরো রাশিয়া দখল করে নিয়েছি। কিন্তু সেটি তো সত্য নয়। ইতিবাচক বিষয় হলো, যুদ্ধক্ষেত্রে কী ঘটছে, সে বিষয়ে ইউক্রেনের মূল্যায়নকে মার্কিন পক্ষ সমর্থন করেছে।’
মার্কিন মধ্যস্থতাকারীদের অবস্থানে পরিবর্তন দেখছেন জেলেনস্কি
আবুধাবির আলোচনায় মার্কিন মধ্যস্থতাকারীদের দৃষ্টিভঙ্গিতে পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন জেলেনস্কি। এ পরিবর্তনে সন্তুষ্টি প্রকাশ করে তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফের কাছ থেকে পাওয়া বক্তব্য তাঁকে আশাবাদী করেছে।
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে এক সংবাদ সম্মেলনে শান্তি আলোচনা পরিচালনার পদ্ধতিতে মার্কিন দূতদের কোনো পরিবর্তন এসেছে কি না, এমন প্রশ্নের জবাবে জেলেনস্কি বলেন, ‘আমি পরিবর্তন দেখতে পাচ্ছি। তারা যা বলছেন, তা শুনে আমি খুবই খুশি। এখন দেখা যাক, কী করা সম্ভব।’ গত ফেব্রুয়ারির পর প্রথমবারের মতো অনুষ্ঠিত তিন পক্ষের এই আলোচনার প্রথম দিনকে ‘গঠনমূলক ও গুরুত্বপূর্ণ’ বলে বর্ণনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
তিনি জানান, আবুধাবির আলোচনার সূচিতে ইউরোপের জন্য নতুন একটি নিরাপত্তা কাঠামো প্রণয়নের বিষয়টিও অন্তর্ভুক্ত ছিল। মঙ্গলবার এর আগে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভও বিষয়টি উত্থাপন করেছিলেন।
তবে এ বিষয়ে সতর্ক অবস্থানের কথা জানিয়ে জেলেনস্কি বলেন, ‘এই বিষয়টি নিয়ে আমরা সবাই খুব সতর্ক। কারণ, তারা আসলে কী চায়, তা কেউই শতভাগ বুঝতে পারছে না। আমার মনে হয়, আমরা বুঝতে পারছি। কিন্তু রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্র কী আলোচনা করেছে, সে বিষয়ে কোনো নথিপত্র কেউ দেখেনি।’
রাশিয়া-ইউরোপের নতুন নিরাপত্তা কাঠামো নিয়ে উদ্বেগ
আবুধাবিতে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেন যুদ্ধের একটি ‘চূড়ান্ত সমাপ্তি’ নিশ্চিত করাই তাদের লক্ষ্য। এ লক্ষ্যে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবের একটি অংশে রাশিয়া ও ইউরোপের মধ্যে দীর্ঘমেয়াদি নতুন একটি ‘নিরাপত্তা কাঠামো’ তৈরির বিষয়টি রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রশাসনের কর্মকর্তারা।
তবে এ উদ্যোগ নিয়ে উদ্বেগ রয়েছে ইউরোপীয় কর্মকর্তাদের মধ্যে। তাদের আশঙ্কা, রাশিয়া ন্যাটোর সামরিক উপস্থিতি পূর্ব ইউরোপ থেকে কমিয়ে আনার বিষয়ে নিজেদের কঠোর দাবিতে অনড় থাকতে পারে। এ ধরনের দাবি বাস্তবায়িত হলে পূর্ব ইউরোপের ন্যাটো মিত্র দেশগুলো নিরাপত্তাঝুঁকির মুখে পড়তে পারে এবং মস্কোর প্রভাব বিস্তারের সুযোগ তৈরি হতে পারে।
আলোচনার শুরুতে মেদিনস্কি ও আমিরাতের পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য
আলোচনার উদ্বোধনী পর্বে রুশ প্রতিনিধিদলের প্রধান ভ্লাদিমির মেদিনস্কি আতিথেয়তার জন্য সংযুক্ত আরব আমিরাতকে ধন্যবাদ জানান। পাশাপাশি শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। রুশ প্রতিনিধিদলের সদস্যদের পরিবর্তিত বিন্যাস শান্তি প্রক্রিয়াকে এগিয়ে নিতে সহায়ক হবে বলেও আশা প্রকাশ করেন মেদিনস্কি।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ান আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলগুলোকে স্বাগত জানান। আয়োজক দেশ হিসেবে আমিরাতের ওপর আস্থা রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে ধন্যবাদ জানান তিনি।








-and-Russell-Brand-89e5ad-256x144.webp)
