
গত বছরের ২৫ ডিসেম্বর আজারবাইজান এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বাকু থেকে রাশিয়ার গ্রোজনি যাওয়ার পথে কাজাখস্তানের আকতাউয়ের কাছাকাছি স্থানে বিধ্বস্ত হয়। এতে ৩৮ জনের প্রাণহানি ঘটে। এ ঘটনার শুরু থেকে ধারণা করা হচ্ছিল, এর পেছনে রাশিয়ার হাত ছিল। শেষ পর্যন্ত এ ধারণা সত্য প্রমাণিত হয়। ক্রেমলিন জানায়, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিহত করতে গিয়ে ভুলবশত যাত্রীবাহী ওই উড়োজাহাজ ভূপাতিত হয়।
এরপর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের কাছে রাশিয়ার আকাশসীমায় ঘটে যাওয়া ‘দুঃখজনক ঘটনার’ জন্য ক্ষমাও চান। তবে এবার পুতিন ওই হামলার দায় স্বীকার করলেন।
পুতিন স্বীকার করেছেন, গত বছরের ডিসেম্বর মাসে আজারবাইজানের একটি যাত্রীবাহী বিমান ভূপাতিত হওয়ার পেছনে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনীর ভুল দায়ী। পুতিন বলেছেন, ইউক্রেনের একটি ড্রোনকে লক্ষ্য করে রুশ বিমান প্রতিরক্ষা বাহিনী যে ক্ষেপণাস্ত্র ছুড়েছিল, তা আজারবাইজান এয়ারলাইনসের ওই বিমানের কাছাকাছি বিস্ফোরিত হয়।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে সাবেক সোভিয়েত দেশগুলোর এক সম্মেলনে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে বৈঠকে পুতিন এ বক্তব্য দেন। তিনি প্রতিশ্রুতি দেন, ঘটনার জন্য দায়ীদের বিচার করা হবে এবং নিহত ব্যক্তিদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
আজারবাইজানি কর্তৃপক্ষ জানায়, রুশ ক্ষেপণাস্ত্রের ভুল লক্ষ্যবস্তু হওয়ার কারণে বিমানটি আঘাতপ্রাপ্ত হয়। এরপর এটি পশ্চিম কাজাখস্তানে জরুরি অবতরণের চেষ্টা করলে বিধ্বস্ত হয়। বিমানে ৬৭ জন যাত্রী ছিলেন, তাঁদের মধ্যে ৩৮ জন মারা যান।
ঘটনার পরপরই পুতিন ‘দুঃখজনক দুর্ঘটনা’ বলে আলিয়েভের কাছে ক্ষমা চান, তবে তখন দায় স্বীকার করেননি। অপর দিকে আলিয়েভ অভিযোগ করেছিলেন, মস্কো ঘটনাটি ‘গোপন’ করার চেষ্টা করছে।
বিমান দুর্ঘটনাকে ঘিরে দুই দেশের আগের উষ্ণ সম্পর্কের অবনতি ঘটে। এ ছাড়া রাশিয়ার এক শহরে আজারবাইজানি বংশোদ্ভূত কয়েকজনের মৃত্যুর ঘটনাও উত্তেজনা বাড়িয়ে দেয়। একই সময় আজারবাইজানে কয়েকজন রুশ নাগরিককে গ্রেপ্তার করা হয়।
আজ আলিয়েভের সঙ্গে বৈঠকে পুতিন বলেন, ‘ইউক্রেনের ড্রোন লক্ষ্য করে আমাদের বিমান প্রতিরক্ষা ইউনিটের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রযুক্তিগত ত্রুটির কারণে আজারবাইজানের বিমানের দিকে নিক্ষিপ্ত হয়। দুটি ক্ষেপণাস্ত্র বিমানটির মাত্র ১০ মিটার দূরে বিস্ফোরিত হয়েছিল।’
পুতিন আরও বলেন, ‘রাশিয়া অবশ্যই ক্ষতিপূরণ দেবে এবং দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এ কথাগুলো নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি নৈতিক সহায়তা হলেও আমরা যাঁদের হারিয়েছি, তাঁদের ফিরিয়ে আনতে পারব না।’
পুতিন আশাবাদ ব্যক্ত করেন, এ ঘটনায় দুই দেশের মধ্যে যে টানাপোড়েন সৃষ্টি হয়েছে, তা শিগগির কাটিয়ে ওঠা যাবে। তিনি বলেন, ‘আমি আশা করি, আমাদের সহযোগিতা পুনরায় আগের মতো বন্ধুত্বপূর্ণ ও মিত্রতার মনোভাবেই এগিয়ে যাবে।’
এদিকে ইলহাম আলিয়েভ রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনি ব্যক্তিগতভাবে বিষয়টি তদারক করছেন—এটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
আলিয়েভ আরও বলেন, ‘আজ আমরা দ্বিপক্ষীয় বিষয়ে ইতিবাচক আলোচনার সুযোগ পেয়েছি এবং আশা করি, আমাদের এই বার্তা দুই দেশের জনগণের কাছেও ইতিবাচক প্রতিক্রিয়া পাবে।’

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় ইউক্রেনকে ক্ষমা চাইতে বলেছে। ইউক্রেনে আটক উত্তর কোরিয়ার দুই যুদ্ধবন্দীকে সিউলের কাছে হস্তান্তরের বিষয়টি গোপন রাখার জন্য যে সমঝোতা হয়েছিল, তা অস্বীকার করায় কিয়েভকে ক্ষমা চাইতে বলেছে।
৯ মিনিট আগে
নাইজেরিয়ার লাগোসের মুরতালা মোহাম্মদ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৫ লাখ ৫০ হাজার আফিম ট্যাবলেট বা ওপিওয়েড জব্দ করেছে ন্যাশনাল ড্রাগ ল এনফোর্সমেন্ট এজেন্সি (এনডিএলইএ)। সংস্থাটি দাবি করছে, এসব ট্যাবলেট ভারত ও বাংলাদেশ থেকে পাচার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
চলতি বছরের ২৪ সেপ্টেম্বর সকালে ৪০ বছর বয়সী সাইকুন খান তাঁর ছেলেকে বলেছিলেন, তিনি মোটরসাইকেলের জন্য নতুন টায়ার কিনতে বাজারে যাচ্ছেন। শিগগিরই ফিরে এসে তাদের জমিতে বোনা পেঁয়াজের পরিচর্যা করবেন। তিনি আর ফিরে আসেননি।
২ ঘণ্টা আগে
টানা এক বছরেরও বেশি সময় ধরে চলা দুর্নীতিবিরোধী তীব্র ছাত্র আন্দোলন ও ক্রমবর্ধমান জন অসন্তোষের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুচিচ। রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্টের কার্যালয়ের বাইরে সমর্থকদের উদ্দেশে দেওয়া এক ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
২ ঘণ্টা আগে