Ajker Patrika

আবাসনসংকট-ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট

আজকের পত্রিকা ডেস্ক­
আবাসনসংকট-ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট
রাজধানী মাদ্রিদে বিক্ষোভে অংশ নেন প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ। ছবি: সংগৃহীত

আবাসনসংকট ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ১৪ বছর পর স্পেনে সাধারণ ধর্মঘট পালিত হয়েছে। বুধবার দেশটির প্রধান শ্রমিক সংগঠনগুলোর ডাকে আয়োজিত এ ধর্মঘটে কয়েক হাজার মানুষ অংশ নেন। এতে পরিবহনসহ বিভিন্ন জনসেবা কার্যক্রমে ব্যাপক বিঘ্ন ঘটে। বিক্ষোভ চলাকালে বার্সেলোনায় মুখোশ পরা বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

রাজধানী মাদ্রিদে বিক্ষোভে অংশ নেন প্রায় ১ লাখ ২০ হাজার মানুষ। বার্সেলোনায় এ সংখ্যা ছিল ৫০ হাজারের বেশি। দিনের শুরুতেই দুই শহরের বিভিন্ন এলাকায় বিশৃঙ্খলা দেখা দেয়। কয়েকটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বার্সেলোনায় মুখোশ পরিহিতদের ময়লার পাত্রে আগুন দিতে ও দোকানের জানালা ভাঙতে দেখা যায়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে।

বুধবার সন্ধ্যায় বার্সেলোনায় কঠোর অবস্থানে যায় পুলিশ। প্লাসা দে কাতালুনিয়ার কাছে পাসেই দে গ্রাসিয়া এলাকায়ও সংঘর্ষ হয়। রাস্তায় ময়লার পাত্রে আগুন দেওয়ায় সড়কের মাঝখানে ছোট ছোট আগুন জ্বলতে দেখা যায়।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বিক্ষোভকারীদের পুলিশের দিকে আতশবাজি ছুড়তে দেখা যায়। লেগো স্টোরসহ কয়েকটি দোকানে লুটপাটও চালানো হয়। বিক্ষোভকারীরা অ্যাপল স্টোরেও ঢোকার চেষ্টা করে।

দেশটির সংবাদমাধ্যমের খবরে আরও বলা হয়েছে, কয়েকটি আবাসন সংস্থার কার্যালয়েও হামলা হয়েছে।

স্পেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বিভিন্ন ঘটনায় অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

বিক্ষোভে কয়েকটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সংগৃহীত
বিক্ষোভে কয়েকটি প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ছবি: সংগৃহীত

তবে বিক্ষোভের বেশির ভাগ সময় পরিবেশ শান্তিপূর্ণ ছিল বলে দাবি করেন বার্সেলোনায় বিক্ষোভে অংশ নেওয়া এক নারী। বিবিসিকে তিনি বলেন, আবাসন ব্যয়ের প্রতিবাদ জানাতে বিক্ষোভে যোগ দিয়েছিলেন। সেখানে অনেক শিশু ও বয়স্ক মানুষ ছিলেন।

সন্ধ্যায় লাস রামব্লাস এলাকায় গিয়ে তিনি রাস্তায় আগুন জ্বলতে দেখেন। তাঁর ভাষায়, চারদিকে আগুন জ্বলছিল এবং পরিস্থিতি ছিল খুবই উত্তেজনাপূর্ণ।

মাদ্রিদে বিক্ষোভে অংশ নেওয়া এক ব্যক্তি বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা পুরো শহর অচল করে দিয়েছি।’ বৃষ্টির মধ্যেও মানুষ রাস্তায় নেমেছেন উল্লেখ করে তিনি বলেন, সাধারণ ধর্মঘটের প্রতি ব্যাপক সমর্থন রয়েছে। ৩৭ বছর বয়সী শিক্ষক ওলগা দোমিঙ্গোও বিক্ষোভে অংশ নেন। তিনি বলেন, ‘আবাসন পরিস্থিতি ভয়াবহ। বেতনের তুলনায় জীবনযাত্রার বর্তমান ব্যয় কোনোভাবেই বহনযোগ্য নয়।’

দেশটির বৃহত্তম শ্রমিক সংগঠন ইউজিটির প্রধান পেপে আলভারেস ধর্মঘটকে সফল বলে উল্লেখ করেছেন। তাঁর ভাষায়, এতে ‘ব্যাপক’ অংশগ্রহণ ছিল। আরেক শ্রমিক সংগঠন সিসি ওওর নেতা উনাই সোরদো বলেছেন, ধর্মঘটে অংশগ্রহণ ছিল ‘উল্লেখযোগ্য’।

আবাসনসংকট ও জীবনযাত্রার ব্যয় নিয়ে ক্ষোভ

সাশ্রয়ী আবাসনের অভাব এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে সাম্প্রতিক সময়ে স্পেনে বিক্ষোভ জোরালো হয়েছে। এর মধ্যে বিশেষভাবে আলোচনায় এসেছে ৮৭ বছর বয়সী মারিকারমেন আবাস্কালকে মাদ্রিদের একটি ফ্ল্যাট থেকে উচ্ছেদের ঘটনা। ওই ফ্ল্যাটে তিনি সাত দশক ধরে বসবাস করেছিলেন। উচ্ছেদের কয়েক সপ্তাহ পর হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

স্পেনে গড় মোট বেতনের প্রায় অর্ধেকই ব্যয় হচ্ছে বাড়িভাড়ায়। ছবি: সংগৃহীত
স্পেনে গড় মোট বেতনের প্রায় অর্ধেকই ব্যয় হচ্ছে বাড়িভাড়ায়। ছবি: সংগৃহীত

মাদ্রিদের দক্ষিণাঞ্চলের আর্গানজুয়েলা এলাকায় ভাড়াটিয়াদের অধিকার নিয়ে কাজ করা একটি আবাসন অধিকার সংগঠনের স্বেচ্ছাসেবী গনসালো আলভারেসের মতে, আবাস্কালকে উচ্ছেদের ঘটনাই এবারের বিক্ষোভের সূত্রপাত ঘটানো ‘ছোট্ট স্ফুলিঙ্গ’।

পেশায় বিক্রয়কর্মী ২৭ বছর বয়সী আলভারেস বিবিসিকে বলেন, বাড়িওয়ালারা আবাস্কালের বাড়িভাড়া তিন গুণ বাড়িয়ে দিয়েছিলেন। তাঁর সঙ্গে এমন আচরণে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছিলেন।

আলভারেস নিজেও আবাসন ব্যয়ের চাপে রয়েছেন। মাদ্রিদের আর্গানজুয়েলা এলাকায় ছোট এক শয়নকক্ষের একটি ফ্ল্যাটে সঙ্গীকে নিয়ে ভাড়া থাকেন তিনি। ভাড়া দিতে হয় মাসে ১ হাজার ইউরো। দুজনেই চাকরি করেন তবুও অন্যান্য বিল পরিশোধের আগেই তাঁদের বেতনের প্রায় অর্ধেক চলে যায় বাড়িভাড়ায়।

আলভারেস বলেন, ‘এটা একেবারেই পাগলামি। খাবার, বিদ্যুৎ, পানি, গ্যাস—সবকিছুর খরচই তো আছে।’ নিজের বাড়ি কেনার স্বপ্নও দেখেন না তিনি। তাঁর ভাষায়, একটি বাড়ি কেনার জন্য অবিশ্বাস্য পরিমাণ অর্থ জমাতে হবে, যা বর্তমান বেতনে অসম্ভব।

আবাসনবিষয়ক ওয়েবসাইট আইডিয়ালিস্তার তথ্য অনুযায়ী, অক্টোবরে মাদ্রিদে ৫০ বর্গমিটারের একটি অ্যাপার্টমেন্টের গড় মাসিক ভাড়া ছিল ১ হাজার ১৭০ ইউরো। অন্যদিকে স্পেনে গড় মাসিক মোট বেতন প্রায় ২ হাজার ৪৬০ ইউরো। অর্থাৎ গড় মোট বেতনের প্রায় অর্ধেকই ব্যয় হচ্ছে বাড়িভাড়ায়। আবাসন বিশেষজ্ঞ ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সুপারিশ করা সাশ্রয়ী ভাড়ার ৩০ শতাংশ সীমার তুলনায় এ হার অনেক বেশি।

নির্বাচনের আগে ধর্মঘট উসকে দিচ্ছে রাজনৈতিক বিতর্ক

আগামী ২৯ নভেম্বর স্পেনে পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। আবাসন সংস্কারের পরিকল্পনা পার্লামেন্টে অনুমোদন না পাওয়ায় গত মাসে আগাম নির্বাচনের ঘোষণা দেন সমাজতান্ত্রিক প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

রক্ষণশীল প্রধানমন্ত্রী মারিয়ানো রাখয়ের সরকারের সময় ২০১২ সালে সর্বশেষ স্পেনে সাধারণ ধর্মঘট হয়েছিল। আগের ধর্মঘটগুলো ক্ষমতাসীন সরকারের জন্য রাজনৈতিক সমস্যার কারণ হলেও এবারের পরিস্থিতি ভিন্ন। সানচেজ ও তাঁর মন্ত্রিসভার সদস্যরা কর্মীদের কাজ বন্ধ রেখে সাশ্রয়ী আবাসনের দাবিতে আন্দোলনে নামতে উৎসাহিত করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে সানচেজ লিখেছেন, ‘আপনার আট ঘণ্টার কর্মদিবস, পেনশন, সরকারি স্বাস্থ্যসেবা— এসবই সম্মিলিত আন্দোলনের অর্জন।’ অতীতের ধর্মঘটে অংশ নেওয়া ব্যক্তিদের প্রশংসাও করেন তিনি।

এ সপ্তাহে স্পেনের টেলিভিশনকে সানচেজ বলেন, ‘শ্রমিকদের ধর্মঘট করার অধিকার নিয়ে প্রশ্ন তোলাটাই অর্থহীন।’

অন্যদিকে রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) অভিযোগ করেছে, নির্বাচনে রাজনৈতিক সুবিধা পেতে সরকার ধর্মঘটকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। দলটির নেতা আলবের্তো নুনিয়েস ফেইহো সাধারণ ধর্মঘটকে ‘অর্থহীন’ বলে আখ্যা দিয়েছেন। শ্রমিক সংগঠনগুলোকে তিনি ‘মাফিয়া’ ও ‘আবর্জনা’ বলেও মন্তব্য করেন।

জনমত জরিপে ফেইহোর দল এগিয়ে রয়েছে। দলটির মুখপাত্র মিগেল তেয়াদো অভিযোগ করেছেন, ২৯ নভেম্বরের নির্বাচনে ভোটারদের সতর্ক করতে সরকার ধর্মঘটকে কাজে লাগাচ্ছে, যাতে ডানপন্থী সরকার গঠনের সুযোগ না পায়। জরিপ অনুযায়ী, নির্বাচনের পর ডানপন্থী সরকার গঠনের সম্ভাবনাই বেশি।

স্পেনের বৃহত্তম ব্যবসায়ী সংগঠন সিইওইর সহসভাপতি মিগেল গারিদোও ধর্মঘটের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, আবাসন ব্যয়ের সঙ্গে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর তেমন কোনো সম্পর্ক নেই। তিনি বলেন, এটি শ্রমিকদের অধিকারসংক্রান্ত কোনো কারণে ডাকা ধর্মঘট নয়; বরং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং আগাম নির্বাচনের সঙ্গে এর ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

ধর্মঘটের প্রতি মানুষের সমর্থন বোঝার একটি সূচক হিসেবে শিল্প খাতে বিদ্যুতের চাহিদার দিকে নজর রাখা হচ্ছে। বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান রেড এলেকত্রিকার তথ্য অনুযায়ী, বুধবার ভোরের দিকে স্পেনে বিদ্যুতের ব্যবহার ৭ দশমিক ৫ শতাংশ কমে যায়। ১৪ বছর আগে সর্বশেষ সাধারণ ধর্মঘটের সময় একই সময়ে বিদ্যুতের ব্যবহার কমেছিল ১৫ শতাংশের বেশি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত