Ajker Patrika

পুতিনের ইচ্ছায় মানুষের আয়ু বাড়াতে বানরের ওপর গবেষণা করছে রাশিয়া

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২২: ২৬
পুতিনের ইচ্ছায় মানুষের আয়ু বাড়াতে বানরের ওপর গবেষণা করছে রাশিয়া
ছবি: ডেইলি মেইল

দীর্ঘায়ু ও বার্ধক্য জয় করার রহস্য খুঁজতে হাজারো বৃদ্ধ বানরের ওপর গবেষণা চালাচ্ছেন রাশিয়ার বিজ্ঞানীরা। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকার আকাঙ্ক্ষাকে ঘিরে দেশটিতে এই গবেষণা কার্যক্রম জোরদার হয়েছে বলে এক প্রতিবেদনে জানায় ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইল। এর নেতৃত্ব দিচ্ছেন পুতিনের ঘনিষ্ঠ বিজ্ঞানবিষয়ক উপদেষ্টা হিসেবে পরিচিত ৮০ বছর বয়সী মিখাইল কোভালচুক।

বুধবার (১১ নভেম্বর) ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার অন্যতম প্রধান গবেষণা প্রতিষ্ঠান কুরচাতভ ইনস্টিটিউটে ২২ প্রজাতির সাত হাজারের বেশি বানর রয়েছে। এসব প্রাণীর মধ্যে ৩০ বছরের বেশি বয়সী বানরের একটি বিশেষ দল নিয়ে গবেষণা করছেন বিজ্ঞানীরা। তাদের রক্ত, মস্তিষ্ক ও অভ্যন্তরীণ অঙ্গপ্রত্যঙ্গ পরীক্ষা করে দীর্ঘায়ু হওয়ার জৈবিক রহস্য খুঁজছেন তাঁরা।

মস্কোর এক বিজ্ঞানবিষয়ক ফোরামে কোভালচুক বলেন, ১৮ থেকে ৩০ বছরের বেশি বয়সী বানরদের বার্ধক্যের বিভিন্ন পর্যায় পর্যবেক্ষণ করা হচ্ছে। এ জন্য বায়োকেমিক্যাল পরীক্ষা, শারীরিক গঠন বিশ্লেষণ, রক্তনালির পরীক্ষা ও মস্তিষ্কের স্ক্যানসহ পূর্ণাঙ্গ স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে। মানুষের সঙ্গে সবচেয়ে বেশি মিল থাকায় গবেষণার জন্য প্রাইমেট বা বানরজাতীয় প্রাণী গুরুত্বপূর্ণ।

কোভালচুক আরও বলেন, মানুষের আয়ু বাড়ানোর জন্য একটি নিয়ন্ত্রণব্যবস্থা তৈরির ভিত্তি হিসেবে কাজ করবে এই গবেষণা। এ ছাড়া অস্বাভাবিক দীর্ঘায়ু বানরদের রক্তের নমুনা সংরক্ষণে একটি বিশেষ ব্লাড ব্যাংকও তৈরি করেছেন গবেষকেরা।

পেট্রোভস্কি রুশ বৈজ্ঞানিক সার্জারি কেন্দ্রের সঙ্গে যৌথভাবে পরিচালিত হচ্ছে প্রকল্পটি। প্রতিষ্ঠানটির পরিচালক কনস্তানতিন কোটেনকোর মতে, এসব নমুনা বার্ধক্যের জৈবিক প্রক্রিয়া বুঝতে গবেষকদের সহায়তা করবে।

এদিকে কোভালচুকের ভাই ইউরি কোভালচুক রাশিয়ার একজন ধনকুবের এবং পুতিনের ঘনিষ্ঠ সহযোগী। তাঁকে প্রায়ই ‘পুতিনের অর্থভান্ডার’ বলে অভিহিত করা হয়।

পুতিনের দীর্ঘায়ু প্রকল্পে মিখাইল কোভালচুকের পাশাপাশি যুক্ত রয়েছেন প্রেসিডেন্টের মেয়ে ও অন্তঃক্ষরা রোগ বিশেষজ্ঞ মারিয়া ভরোন্তসোভা। সম্প্রতি রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে বার্ধক্য প্রতিরোধী ওষুধ তৈরির পরিকল্পনার কথা জানান মারিয়া। তাঁর মতে, দীর্ঘায়ু গবেষণার অন্যতম প্রধান চালিকাশক্তি হলো মৃত্যুভীতি।

গত বছর বেইজিং সফরের সময় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে পুতিনের অঙ্গ প্রতিস্থাপন ও ১৫০ বছর বেঁচে থাকার সম্ভাবনা নিয়ে আলোচনার বিষয়টি প্রকাশ্যে আসে। পরে কৃত্রিম বুদ্ধিমত্তাবিষয়ক এক সম্মেলনে পুতিন বলেন, মানুষের আয়ু ১৫০ বছর পর্যন্ত বাড়ানো সম্ভব হতে পারে।

এ ছাড়া রাশিয়ায় জীবন্ত টিস্যুর ত্রিমাত্রিক (থ্রিডি) প্রিন্টিং, জেনেটিকভাবে সামঞ্জস্যপূর্ণ ক্ষুদ্র শূকরের দেহে মানব অঙ্গ তৈরির গবেষণা এবং বার্ধক্য বিলম্বিত করতে আরএজিই জিন নিষ্ক্রিয় করার ওষুধ তৈরির কাজও চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত