Ajker Patrika

ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি, টার্গেট ছিলেন মেলোনিও

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১১ নভেম্বর ২০২৬, ২২: ২৮
ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডের বিভিন্ন স্কুলে বোমা হামলার হুমকি, টার্গেট ছিলেন মেলোনিও
বোমা হামলার হুমকির পরে রোমের একটি স্কুলের সামনে তড়িঘড়ি শিক্ষার্থীদের নিতে আসেন অভিভাবকেরা। ছবি: এএফপি

ইতালি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডসহ ইউরোপের একাধিক দেশের হাজার হাজার স্কুলে ইমেইলে একযোগে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। আজ বুধবার (১১ নভেম্বর) পাঠানো এই হুমকির কারণে ইতালিজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অন্তত ৬ হাজার ৩০০ স্কুল থেকে শিক্ষার্থীদের তড়িঘড়ি করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। তবে পরে জানা যায়, হুমকির বিষয়টি ভুয়া ছিল। এই ভুয়া ই-মেইলে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকেও হত্যার হুমকি দেওয়া হয়েছিল।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সময় আজ বুধবার সকালে ইতালির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সরকারি ইমেইলে বার্তাটি আসে। এর পরপরই প্রশাসনিক নির্দেশে ইতালিজুড়ে প্রায় ৬,৩০০ স্কুলে ক্লাস স্থগিত করে শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়।

রোমের মাজ্জিনি মিডল স্কুলে সন্তানকে নিতে আসা এক অভিভাবক জানান, হঠাৎ স্কুল খালি করতে বলায় শিশুরা ভয় পেয়ে কান্নাকাটি শুরু করে। অনেক অভিভাবক কাজ ফেলে সন্তানদের বাসায় ফিরিয়ে আনতে বাধ্য হন।

জর্জিয়া মেলোনিকে দেওয়া হুমকির প্রতিক্রিয়ায় তিনি বলেছেন, বোমা-সংক্রান্ত এই বার্তাগুলো ভুয়া। পুলিশসহ নিরাপত্তা সংস্থাগুলো সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখছে।

এদিকে একই ধরনের বার্তা স্কটল্যান্ড, উত্তর আয়ারল্যান্ড এবং আয়ারল্যান্ড প্রজাতন্ত্রের বহু স্কুলের সরকারি ই-মেইল ঠিকানায় পাঠানো হয়। তবে স্থানীয় কর্তৃপক্ষ সেগুলোকে ভুয়া চিহ্নিত করায় সেখানকার স্কুলগুলোতে পাঠদান ব্যাহত হয়নি।

রয়টার্সের হাতে আসা প্রাপ্ত ই-মেইলের একটি প্রতিলিপিতে দেখা গেছে, বার্তাটি ‘মিখাইল আন্দ্রোপভ, প্রধান, ভিলায়াত অব মেসোজিনিস্তান’ নামে পাঠানো হয়েছে। ইতালির এক সাইবার নিরাপত্তা কর্মকর্তা রয়টার্সকে জানান, স্কুলের ই-মেইলগুলো সবার জন্য উন্মুক্ত। ফলে এভাবে একসঙ্গে হুমকি দেওয়া সহজ।

এর আগে গত শুক্রবারও আয়ারল্যান্ড ও বুলগেরিয়ার একাধিক গণমাধ্যম কার্যালয়ে একই নামে এই ভুয়া বোমা হামলার বার্তা পাঠানো হয়েছিল।

সন্দেহের তির রাশিয়া ও ইরানের দিকে

সাম্প্রতিক সময়ে ইউরোপজুড়ে বিভিন্ন সুপারমার্কেট, ব্লাড ব্যাংক, এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ও গণমাধ্যমে ধারাবাহিক সাইবার হামলা এবং ভুয়া হুমকির ঘটনা ঘটছে। ইউরোপীয় গোয়েন্দাদের একাংশের ধারণা, ইউক্রেনকে সমর্থন দেওয়ায় রাশিয়া অথবা ইরান ইউরোপীয়দের দৈনন্দিন জীবন অচল করতে এই ধরনের মনস্তাত্ত্বিক হামলা বা নাশকতামূলক প্রচার চালাচ্ছে।

তবে রাশিয়া এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে একে পশ্চিমাদের মনগড়া অপপ্রচার বলে দাবি করেছে। অন্যদিকে গত সপ্তাহে ফ্রান্সে শত শত সুপারমার্কেটের রেফ্রিজারেটর বিকল করে দেওয়া সাইবার হামলার অভিযোগ অস্বীকার করেছে ইরান।

ইতালির প্রতিরক্ষামন্ত্রী গুইদো ক্রোসেতো দেশটির বার্তা সংস্থা এডনক্রোনোসকে বলেন, মানুষের মনে ভয় ও উদ্বেগ ছড়িয়ে দেওয়াই এই ধরনের কৌশলের মূল লক্ষ্য। এটি সব সময় কোনো শত্রুভাবাপন্ন দেশের কাজ নাও হতে পারে। অনেক সময় মনোযোগ আকর্ষণকারী কোনো উন্মাদ ব্যক্তিও এমন আতঙ্ক ছড়িয়ে দিতে পারে।

ইতালির স্কুল প্রিন্সিপাল অ্যাসোসিয়েশনের প্রধান আন্তোনেলো জানেল্লি জানান, এসব হুমকি ভুয়া প্রমাণিত হলেও শিক্ষাপ্রতিষ্ঠান ও অভিভাবকদের ওপর এর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত