Ajker Patrika

ব্রিটেনকে ‘ইসলামিক প্রজাতন্ত্র’ বললেন নেতানিয়াহু

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ১৪ আগস্ট ২০২৬, ২১: ৪৩
ব্রিটেনকে ‘ইসলামিক প্রজাতন্ত্র’ বললেন নেতানিয়াহু
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি: এএফপি

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাজ্যকে ‘ইসলামিক প্রজাতন্ত্র ব্রিটেন’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি দেশটিকে ‘পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামিক প্রজাতন্ত্র’ বলেও মন্তব্য করেছেন। ইসরায়েলি আর্মি রেডিওর একটি পডকাস্ট সাক্ষাৎকারে দেওয়া তাঁর এই মন্তব্যকে ব্রিটেনের মুসলিম জনগোষ্ঠীকে ঘিরে প্রচলিত ইসলামবিদ্বেষী ডানপন্থী বক্তব্যের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

সাক্ষাৎকারে নেতানিয়াহু সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ছেলে সাংবাদিক র‍্যান্ডলফ চার্চিলের ইসরায়েলপন্থী ইতিবাচক লেখালেখির প্রশংসা করেন। এরপর তিনি বলেন, ‘আজকের ব্রিটেনে এমন সমর্থন খুঁজে পাওয়া কঠিন।’

সাক্ষাৎকারগ্রহীতা ইউরোপের অন্য দেশগুলোর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য কি না জানতে চাইলে নেতানিয়াহু আরও বলেন, ‘পারমাণবিক অস্ত্রধারী প্রথম ইসলামিক প্রজাতন্ত্র হবে ইসলামিক প্রজাতন্ত্র ব্রিটেন।’

এদিকে পাকিস্তানই আনুষ্ঠানিকভাবে ‘ইসলামিক রিপাবলিক অব পাকিস্তান’ নামে পরিচিত এবং দেশটি ১৯৯০-এর দশক থেকে পারমাণবিক অস্ত্রের অধিকারী। ফলে নেতানিয়াহুর বক্তব্যটি বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক এবং রাজনৈতিক ব্যঙ্গ হিসেবেই এসেছে।

সাম্প্রতিক মাসগুলোতে ব্রিটেন ও ইসরায়েলের সম্পর্ক ক্রমেই উত্তেজনাপূর্ণ হয়েছে। গাজায় ইসরায়েলের সামরিক অভিযানের বিষয়ে ব্রিটিশ সরকারের অবস্থান নিয়ে প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম চাপ বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। তিনি ইসরায়েলি সরকারের ওপর আরও নিষেধাজ্ঞা এবং অবৈধ বসতিতে উৎপাদিত পণ্যের বাণিজ্য নিষিদ্ধ করার সম্ভাবনার কথাও বলেছেন।

নেতানিয়াহুর মন্তব্যের সমালোচনা করেছেন ইসরায়েলের বিরোধী দল ডেমোক্র্যাটস পার্টির নেতা আভি দাবুশ। তিনি বলেন, ইসরায়েল যখন নজিরবিহীন আন্তর্জাতিক বিচ্ছিন্নতার মুখে, তখন একটি গুরুত্বপূর্ণ মিত্রকে উপহাস করা ‘ভয়াবহ কূটনৈতিক ব্যর্থতার’ প্রকাশ।

এর আগে ২০২৪ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণায় ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও ব্রিটেনকে ভবিষ্যতে ‘প্রথম সত্যিকারের ইসলামপন্থী দেশ’ হিসেবে পারমাণবিক অস্ত্র অর্জনের সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছিলেন।

এদিকে যুক্তরাজ্যের মুসলিম নেতারা বলছেন, উগ্র ডানপন্থী বক্তব্য ও অভিবাসনবিরোধী রাজনীতির উত্থানের মধ্যে মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষমূলক অপরাধ উদ্বেগজনকভাবে বেড়েছে। নেতানিয়াহুর মন্তব্য ইসরায়েল সরকারের আনুষ্ঠানিক অবস্থান কি না, সেই বিষয়ে তাঁর দপ্তর তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরও এই বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত