জাপানে স্কুলে অনিয়মিত শিক্ষার্থীর সংখ্যা উদ্বেগজনক, বুলিংয়ের ঘটনাও সর্বোচ্চ

জাপানে প্রাথমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের স্কুলে অনুপস্থিত থাকার সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। ২০২৫ অর্থবছরে দেশটির ৩ লাখ ৫৯ হাজার ৪২৪ জন শিক্ষার্থী নিয়মিত স্কুলে যায়নি। একই সময়ে স্কুলে বুলিং বা সহপাঠীদের দ্বারা নিপীড়নের ঘটনাও রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
জাপানের শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে (২০২৫ অর্থবছর বলতে ২০২৬ সালের মার্চ পর্যন্ত সময়কে বোঝানো হয়েছে)।
প্রতিবেদনে এমন শিক্ষার্থীদের হিসাব করা হয়েছে, যারা অসুস্থতা বা আর্থিক সমস্যার মতো নির্দিষ্ট কারণ ছাড়া শিক্ষাবর্ষে অন্তত ৩০ দিন স্কুলে অনুপস্থিত ছিল। অনুপস্থিত শিক্ষার্থীদের অর্ধেকের বেশি অন্তত ৯০ দিন স্কুলে যায়নি। তাদের মধ্যে ১০ হাজারের বেশি শিক্ষার্থী শিক্ষাবর্ষের এক দিনও স্কুলে উপস্থিত হয়নি।
বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুলের শিক্ষার্থীদেরও হিসাবের মধ্যে রাখা হয়েছে। আগের অর্থবছরের তুলনায় অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে ১ দশমিক ১ শতাংশ। এ নিয়ে টানা ১৩ বছর দেশটিতে স্কুলে না যাওয়া শিক্ষার্থীর সংখ্যা বাড়ল।
তবে করোনা মহামারির বছরগুলোর তুলনায় বৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে কমেছে। মহামারির একপর্যায়ে এ ধরনের শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৫ শতাংশ পর্যন্ত বেড়েছিল। ওই সময়ের পর গত এক দশকে জাপানে স্কুলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা প্রায় তিন গুণ হয়েছে। অন্যদিকে, একই সময়ে দেশটিতে শিশুর মোট সংখ্যা কমছে।
প্রতিবেদনে দেখা গেছে, অনুপস্থিত শিক্ষার্থীদের প্রায় ৩৪ শতাংশ স্কুলের ভেতরে বা বাইরে বিশেষজ্ঞদের কাছ থেকে কোনো পরামর্শ কিংবা সহায়তা পায়নি। তবে তাদের বেশির ভাগই শ্রেণিশিক্ষকদের কাছ থেকে নিয়মিত সহায়তা পেয়েছে।
জাপানের শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের শ্রেণি যত ওপরে অর্থাৎ বয়স যতো বেশি, নিয়মিত স্কুলে অনুপস্থিত থাকার প্রবণতাও তত বেড়েছে। প্রতি এক হাজার শিক্ষার্থীর মধ্যে নিম্নমাধ্যমিক পর্যায়ে প্রায় ৬৯ জন নিয়মিত স্কুলে অনুপস্থিত ছিল। এই হার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের তুলনায় প্রায় তিন গুণ।
মন্ত্রণালয়ের জরিপে অনুপস্থিত শিক্ষার্থীদের কাছে এর কারণ জানতে চাওয়া হয়েছিল। এতে দেখা গেছে, প্রাথমিক ও নিম্নমাধ্যমিক পর্যায়ের প্রায় ৩০ শতাংশ শিক্ষার্থী স্কুলে যাওয়ার আগ্রহ বা অনুপ্রেরণার অভাবকে অনুপস্থিতির কারণ হিসেবে উল্লেখ করেছে।
এক-চতুর্থাংশের বেশি শিক্ষার্থী জানিয়েছে, তাদের দৈনন্দিন জীবনযাপনের রুটিনে সমস্যা রয়েছে। প্রায় ২৪ শতাংশ শিক্ষার্থী উদ্বেগ ও বিষণ্নতাজনিত সমস্যার কথা জানিয়েছে।
অন্যদিকে, উচ্চমাধ্যমিক পর্যায়ে স্কুলে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ২০২৩ অর্থবছর থেকে মোটামুটি একই অবস্থায় রয়েছে। করোনা মহামারির বছরগুলোতে এই সংখ্যা বাড়লেও পরে তা স্থিতিশীল হয়েছে। ২০২৫ অর্থবছরে উচ্চমাধ্যমিক পর্যায়ে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬৭ হাজার ৮৪৪। আগের বছরের তুলনায় বেড়েছে ১০০ জনেরও কম।
বুলিংয়ের ঘটনাও রেকর্ড সর্বোচ্চ
শিক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদনে প্রাথমিক, নিম্নমাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে বুলিংয়ের ঘটনাও পর্যালোচনা করা হয়েছে। ২০২৫ অর্থবছরে দেশটিতে বুলিংয়ের নথিভুক্ত ঘটনা ছিল ৭ লাখ ৯১ হাজার ৭৮৪টি। বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুলের ঘটনাও এতে অন্তর্ভুক্ত। এ সংখ্যা এ পর্যন্ত সর্বোচ্চ।
২০২০ অর্থবছর বাদ দিলে গত এক দশকেরও বেশি সময় ধরে জাপানে বুলিংয়ের ঘটনা বাড়ছে।
এ বছর প্রথমবারের মতো যৌন হয়রানি ও যৌন আচরণসংক্রান্ত ঘটনার সংখ্যাও জরিপে অন্তর্ভুক্ত করেছে মন্ত্রণালয়। এর মধ্যে রয়েছে কারও সম্মতি ছাড়া যৌন ইঙ্গিতপূর্ণ ভিডিও বা ছবি ধারণ করা কিংবা পাঠানোর মতো ঘটনা। এ ধরনের ৮ হাজার ১৫৮টি ঘটনার তথ্য পাওয়া গেছে।
বুলিংয়ের ঘটনা সবচেয়ে বেশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে। মোট নথিভুক্ত ঘটনার প্রায় ৮০ শতাংশই এ পর্যায়ের শিক্ষার্থীদের সঙ্গে সংশ্লিষ্ট। তবে শ্রেণি যত ওপরে অর্থাৎ বয়স যত বেশি, বুলিংয়ের ঘটনা তত কমেছে।
বেশির ভাগ ঘটনায় হুমকি দেওয়া, উপহাস করা, বিদ্রূপ করা এবং কটু কথা বলার মতো আচরণ দেখা গেছে। তবে মোবাইল ফোন ও কম্পিউটারের মতো ডিজিটাল যন্ত্র ব্যবহার করে বুলিংয়ের ঘটনা উল্লেখযোগ্যভাবে বাড়ছে।
শুধু সাধারণ বুলিং নয়, গুরুতর নিপীড়নের ঘটনাও রেকর্ড সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। যেসব ঘটনায় শিক্ষার্থীরা গুরুতর শারীরিক বা মানসিক ক্ষতির শিকার হয়েছে কিংবা দীর্ঘ সময় স্কুলে অনুপস্থিত থাকতে বাধ্য হয়েছে, সেগুলোকে গুরুতর বুলিং হিসেবে বিবেচনা করা হয়েছে।
এ ছাড়া সব শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে স্কুলে সহিংসতার ঘটনাও সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। ২০২১ সাল থেকে গুরুতর বুলিং ও স্কুলে সহিংসতা—দুই ধরনের ঘটনাই ধারাবাহিকভাবে বাড়ছে।
তথ্যসূত্র: জাপান টাইমস









