
ফিলিপাইনের জনগণকে ‘বানর’ হিসেবে উপস্থাপন করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভিডিও প্রচার করায় চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চায়না ডেইলির তীব্র নিন্দা জানিয়েছে ফিলিপাইন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ভিডিওটিকে বর্ণবাদী, অপমানজনক এবং মানসিকভাবে কষ্টদায়ক বলে অভিহিত করেছে। একই সঙ্গে ভিডিওটি অবিলম্বে সরিয়ে নেওয়ার দাবি জানিয়েছে ম্যানিলা।
চায়না ডেইলির ফেসবুক পেজে গত ১০ জুলাই প্রকাশিত ভিডিওতে দেখা যায়, ফিলিপাইনের ঐতিহ্যবাহী পোশাক পরা একটি বানরকে যুক্তরাষ্ট্র ও জাপানের প্রতীকী দুটি হাত কী গান গাইতে হবে তা নির্দেশ দিচ্ছে। পরে ‘দক্ষিণ চীন সাগর সালিশি রায়’ লেখা একটি কাগজ বের করতেই বানরটিকে সমুদ্রে ছুড়ে ফেলা হয় এবং জলকামান দিয়ে আক্রমণ করা হয়।
ভিডিওটি প্রকাশ করা হয় দক্ষিণ চীন সাগর নিয়ে আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালের ঐতিহাসিক রায়ের দশম বার্ষিকীর দিন। ২০১৬ সালের ওই রায়ে দক্ষিণ চীন সাগরে চীনের বিস্তৃত দাবিকে আইনগতভাবে ভিত্তিহীন ঘোষণা করা হয়েছিল। তবে বেইজিং সেই রায় বরাবরই প্রত্যাখ্যান করে আসছে এবং স্কারবরো শোল (চীনের ভাষায় হুয়াংইয়ান দ্বীপ) ও আশপাশের জলসীমার ওপর নিজেদের ‘অবিসংবাদিত সার্বভৌমত্ব’ দাবি করে।
ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী গিলবার্তো তেওদোরো ভিডিওটিকে ‘আঞ্চলিক নেতৃত্বের দাবি করা কোনো রাষ্ট্রের জন্য লজ্জাজনক’ বলে মন্তব্য করেন। তাঁর ভাষায়—যুক্তি, প্রমাণ ও আন্তর্জাতিক আইনের মাধ্যমে নিজেদের দাবি প্রতিষ্ঠায় ব্যর্থ হয়ে চীন এখন বর্ণবাদ, ভয়ভীতি ও ঘৃণার আশ্রয় নিচ্ছে। তিনি আরও বলেন, এই ভিডিও ফিলিপাইনের জনগণ ও সেনাদের বিরুদ্ধে সহিংসতাকে মহিমান্বিত করেছে এবং চীনের প্রচারযন্ত্রের নৈতিক ও বুদ্ধিবৃত্তিক দেউলিয়াত্ব প্রকাশ করেছে।
দক্ষিণ চীন সাগরে প্রবেশাধিকার ও মাছ ধরার অধিকার নিয়ে সাম্প্রতিক সময়ে চীন ও ফিলিপাইনের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। সম্প্রতি স্কারবরো শোলের প্রবেশমুখে চীন একটি প্রতিবন্ধক স্থাপন করলে ফিলিপাইনের প্রতিবাদের মুখে সেটি সরিয়ে নেওয়া হয়। তবে ফিলিপিনো জেলেদের অভিযোগ, চীনা কোস্টগার্ড এখনো তাদের নৌকায় জলকামান ব্যবহার করছে এবং নোঙরের দড়ি কেটে দিয়ে এলাকা ছাড়তে বাধ্য করছে। এ ছাড়া স্কারবরো শোলের কাছে প্রাকৃতিক সংরক্ষণ এলাকা গঠনের চীনা পরিকল্পনাকেও ফিলিপাইন কার্যত ওই অঞ্চলে দখলদারির কৌশল হিসেবে দেখছে।
এ ঘটনায় চীনা কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান পরোক্ষ আলোচনার অংশ হিসেবে মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ইরানি বার্তা সংস্থা আইএসএনএ-এর এক প্রতিবেদনের বরাতে আল জাজিরা এ তথ্য জানিয়েছে...
১ ঘণ্টা আগে
মধ্যপ্রাচ্যে একের পর এক ‘ধাক্কা’ খাওয়ার পর যুক্তরাষ্ট্র এই অঞ্চল ছেড়ে যেতে বাধ্য হবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। আজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক লিখিত বিবৃতিতে তিনি এ কথা বলেন।
২ ঘণ্টা আগে
ইকুয়েডরের বন্দরনগরী মান্তা বিশ্বজুড়ে ‘টুনা মাছের রাজধানী’ হিসেবে পরিচিত। প্রজন্মের পর প্রজন্ম এখানকার মানুষ প্রশান্ত মহাসাগরের সমৃদ্ধ জলরাশিতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু দারিদ্র্য, সীমিত কর্মসংস্থান এবং বিপুল অর্থের হাতছানিতে মান্তার কিছু জেলে এখন জড়িয়ে পড়ছেন কোকেন পাচারের সঙ্গে।
২ ঘণ্টা আগে
জ্বালানি তেলের দামের ঊর্ধ্বগতি ও কঠোর নির্গমন নীতির প্রভাবে ইউরোপের গাড়ির বাজারে বড় পরিবর্তন দেখা দিয়েছে। চলতি বছরের প্রথম আট মাসে ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) প্রথমবারের মতো পেট্রলচালিত গাড়ির বিক্রিকে ছাড়িয়ে গেছে সম্পূর্ণ বৈদ্যুতিক গাড়ি (ইভি)।
২ ঘণ্টা আগে