Ajker Patrika

‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’—বিক্ষোভকারী শিক্ষার্থীদের মুম্বাই পুলিশের হুমকি

আজকের পত্রিকা ডেস্ক­
আপডেট : ২৩ জুলাই ২০২৬, ১৯: ৩৬
‘মাদক মামলায় ফাঁসিয়ে দেব’—বিক্ষোভকারী শিক্ষার্থীদের মুম্বাই পুলিশের হুমকি
গতকাল দিল্লির যন্তর মন্তর থেকে বেশ কিছু শিক্ষার্থীকে আটক করে পুলিশ। ছবি: এএফপি

ভারতে বিক্ষোভকারী শিক্ষার্থীদের হুমকি দিচ্ছেন মুম্বাই পুলিশের এক কর্মকর্তা। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই পুলিশ কর্মকর্তা বলছেন—‘আন্দোলনে এলে মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে দেব।’ দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, মুম্বাই কংগ্রেসের এক্স হ্যান্ডলে প্রথমে ভিডিওটি প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, একটি পুলিশ ভ্যানে আটক কয়েকজন শিক্ষার্থীর উদ্দেশে ইউনিফর্ম পরা এক পুলিশ সদস্য হুমকি দিচ্ছেন।

ভিডিওতে ওই পুলিশ সদস্যকে বলতে শোনা যায়, ‘তোমরা যদি আবার এখানে আসো, আমি তোমাদের জীবন শেষ করে দেব।’ এরপর তিনি বলেন, ‘তোমাদের ব্যাগে ৫০-৫০ গ্রাম পাউডার ঢুকিয়ে দেব, তারপর তোমাদের জীবন শেষ হয়ে যাবে।’ এ সময় ওই পুলিশ সদস্য অভিযোগ করেন, আন্দোলনের কারণে তাঁর নিজের জীবনও কঠিন হয়ে উঠেছে।

ভিডিওটি প্রকাশ করে মুম্বাই কংগ্রেস দাবি করেছে, যদি অভিযোগ সত্য হয়ে থাকে, তবে এটি শুধু শিক্ষার্থীদের ভয় দেখানোর চেষ্টা নয়, বরং গণতান্ত্রিক অধিকারের ওপর সরাসরি আঘাত। দলটি বলছে, নিজের মত প্রকাশ করা কোনো অপরাধ নয়। শিক্ষার্থীদের প্রশ্নের জবাব জবাবদিহির মাধ্যমে দেওয়া উচিত, হুমকি দিয়ে নয়।

ঘটনার পর মুম্বাই পুলিশ জানিয়েছে, ভিডিওটির সত্যতা ও ঘটনার পরিস্থিতি খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ভিডিওতে দেখা যাওয়া ইউনিফর্মধারী পুলিশ সদস্যকে বর্তমান দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তদন্তের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ।

এদিকে শিক্ষার্থীদের বিক্ষোভ দমনে মুম্বাই পুলিশের কৌশল নিয়েও প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, আন্দোলনকারীদের ওপর ডিজিটালি নজরদারি করা হচ্ছে এবং তাঁদের বাড়িতে গিয়েও সতর্ক করা হচ্ছে।

বিভিন্ন থানা থেকে আগের বিক্ষোভে অংশ নেওয়া কিংবা যাঁদের বিরুদ্ধে মামলা বা আইনি নোটিশ রয়েছে, তাঁদের ফোন করা হয়েছে বলেও অভিযোগ করেছেন কয়েকজন আন্দোলনকারী। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত স্ক্রিনশটে দেখা গেছে, পুলিশ কয়েকজনকে বাড়িতে অবস্থান করার নির্দেশ দিয়েছে এবং তা নিশ্চিত করতে হোয়াটসঅ্যাপের লাইভ লোকেশন চালু রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া অ্যাপের মাধ্যমে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ৩৫(৩) ধারায় আইনি নোটিশ পাঠিয়ে আগের বিক্ষোভে অংশ নেওয়ার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য অনেককে থানায় হাজির হতে বলা হয়েছে।

অন্যদিকে, রাজধানী দিল্লিতেও বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছে পুলিশ। দিল্লি পুলিশের শীর্ষ পর্যায়ের একটি সূত্রের বরাতে ইন্ডিয়া টুডে জানিয়েছে, দাঙ্গা বা সহিংসতায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তাঁদের পাসপোর্ট বাতিলের প্রক্রিয়াও শুরু করা হবে।

সম্প্রতি ককরোচ জনতা পার্টির (সিজেপি) ‘সংসদ চলো’ কর্মসূচিতে সংঘর্ষের পর এই সিদ্ধান্তের কথা জানানো হয়। গত সোমবার সংসদ ভবনের নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাস, লাঠিপেটা ও দাঙ্গা নিয়ন্ত্রণে ব্যবহৃত বিশেষ যান মোতায়েন করে নিরাপত্তা বাহিনী। এ সময় সংঘর্ষে কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হন।

এর প্রতিবাদে আগামীকাল শুক্রবার (২৪ জুলাই) দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভের ঘোষণা দিয়েছে সিজেপি। দলটি জানিয়েছে, নিট আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর পুলিশি নির্যাতনের প্রতিবাদে দেশের প্রতিটি জেলায় কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে ছাত্রসংগঠন ও বিভিন্ন সংগঠনকে স্থানীয়ভাবে আন্দোলনের সমন্বয়, শিক্ষার্থীদের দাবিগুলো জনসম্মুখে তুলে ধরা এবং পুলিশি অভিযানে ক্ষতিগ্রস্তদের প্রতি সংহতি প্রকাশের আহ্বান জানিয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত