ফের হামলার আতঙ্কে টুঙ্গিপাড়া থানা থেকে সরে যাচ্ছেন পুলিশ সদস্যরা

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পুনরায় হামলার আতঙ্কে পুলিশ সদস্যরা থানা ছেড়ে গোপালগঞ্জ পুলিশ লাইন ও পুলিশ সুপারের কার্যালয়ের উদ্দেশে যাচ্ছেন বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা। আজ বুধবার বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত টুঙ্গিপাড়া থানা এলাকায় এমন দৃশ্য দেখা গেছে।
সরেজমিনে দেখা যায়, পুলিশ সদস্যরা পোশাক, অস্ত্র, সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল নিয়ে ভ্যান ও ইজিবাইকে করে চলে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন, এ বিষয়ে কেউ কথা বলতে চাননি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক উপপরিদর্শক জানান, গত ১৩ নভেম্বর গোপালগঞ্জ থেকে ব্যাটালিয়ন ও আরআরএফের অফিসার ফোর্সের ২০০ পুলিশ সদস্য টুঙ্গিপাড়ায় আসেন। তাঁরা টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন।

ওই উপপরিদর্শক বলেন, মঙ্গলবার রাতে থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের পর পুলিশ সদস্যরা পুনরায় হামলার আতঙ্কে রয়েছেন। তবে কেউ পালিয়ে যাচ্ছেন না; সবাই গোপালগঞ্জ পুলিশ লাইন ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরে যাচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদসংলগ্ন এলাকা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ সময় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সমর্থকেরা থানা ঘেরাও করেন।
পরে পুলিশের সঙ্গে দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা হলে পুলিশ টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে বলে পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রের ভাষ্য, এরপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। আগুনে থানার ৯টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে যায়।









