Ajker Patrika

রামমন্দিরের পর এবার মথুরায় কৃষ্ণমন্দির স্থাপনের টোপ বিজেপির

আজকের পত্রিকা ডেস্ক­
রামমন্দিরের পর এবার মথুরায় কৃষ্ণমন্দির স্থাপনের টোপ বিজেপির
গোপাষ্টমী উপলক্ষ্যে এক গাইকে মিষ্টি গুড় খাওয়াচ্ছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ছবি: এক্স

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে আগামী বিধানসভা নির্বাচন সামনে রেখে ফের ধর্মীয় ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের কৌশল নিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অযোধ্যায় রামমন্দির নির্মাণের পর এবার মথুরার বিতর্কিত স্থানে বিশাল কৃষ্ণমন্দির নির্মাণের দাবিকে নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান ইস্যু করছে দলটি। বিজেপির শীর্ষ নেতাদের সাম্প্রতিক বক্তব্যে সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে উঠেছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের খবরে বলা হয়েছে, গতকাল মঙ্গলবার মথুরায় বিজেপির দুই দিনব্যাপী নির্বাচনী কৌশল নির্ধারণী বৈঠকে অংশ নিয়ে উত্তর প্রদেশের উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য বলেন, ‘আয়োধ্যা হুই হামারি হ্যায়, আব মথুরা কি বারি হ্যায়’ (অযোধ্যা আমাদের হয়েছে, এবার মথুরার পালা)।

এর আগে সোমবারও তিনি বলেছিলেন, অযোধ্যার রামমন্দিরের মতো মথুরার শ্রীকৃষ্ণ জন্মভূমি-শাহী ঈদগাহ মসজিদ এলাকায় এক বিশাল কৃষ্ণমন্দির নির্মাণ করা হবে। আদালতের মাধ্যমে অথবা পারস্পরিক আলোচনার ভিত্তিতে এই উদ্যোগ বাস্তবায়ন করা হবে।

মুঘল সম্রাট আওরঙ্গজেবের নির্দেশে একটি মন্দির ভেঙে কৃষ্ণ জন্মস্থলের পাশে শাহী ঈদগাহ মসজিদ নির্মাণ করা হয়েছিল বলে দাবি রয়েছে কট্টর হিন্দু জাতীয়তাবাদীদের মধ্যে। তাদের বিশ্বাস, ওই স্থানেই হিন্দু ধর্মের ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। বিরোধের কেন্দ্রে রয়েছে ১৩ দশমিক ৩৭ একর জমির মালিকানা। মামলাকারীদের দাবি, জমিটি দেবতা শ্রীকৃষ্ণ বিরাজমানের সম্পত্তি।

মথুরার এই ইস্যুতে সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি অখিলেশ যাদবকেও সরাসরি চ্যালেঞ্জ জানিয়েছেন মৌর্য। তিনি বলেন, অখিলেশ যদি সত্যিই ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হন, তাহলে কৃষ্ণের জন্মস্থানে বিশাল মন্দির নির্মাণের উদ্যোগে তাঁরও অংশ নেওয়া উচিত।

মৌর্য আরও বলেন, ‘আমরা আজও এই কথা বলছি, আগামীকালও বলব—অযোধ্যা আমাদের হয়েছে, এবার পালা মথুরার।’ অখিলেশকে উদ্দেশ করে তিনি বলেন, কৃষ্ণমন্দির নির্মাণের কাজে যুক্ত হলে হয়তো তাঁর দলের নির্বাচনী প্রতীক ‘সাইকেল’ ডুবে যাওয়া থেকে রক্ষা পাবে এবং ২০১৭ সালের মতো অন্তত কিছুটা রাজনৈতিক অবস্থান ধরে রাখা সম্ভব হবে।

বিজেপির এই নতুন রাজনৈতিক অবস্থান এমন এক সময়ে সামনে এসেছে, যখন রামমন্দির এবং মন্দিরের অনুদানের অর্থ চুরির অভিযোগ নিয়ে বিরোধীদের আক্রমণের মুখে রয়েছে দলটি। একই সঙ্গে আগামী ১২ ডিসেম্বর রামমন্দির পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে অখিলেশ যাদবের। এটিই হবে মন্দিরে তাঁর প্রথম সফর।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, কৃষ্ণমন্দির ইস্যুতে অখিলেশকে চাপে ফেলার পেছনে বিজেপির বিশেষ রাজনৈতিক হিসাব রয়েছে। যাদব সম্প্রদায়ের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। অখিলেশ যাদবও বিভিন্ন সময়ে নিজের যদুবংশীয় পরিচয়ের কথা তুলে ধরেছেন। ফলে কৃষ্ণমন্দির নির্মাণের দাবিতে তাঁকে প্রকাশ্যে অবস্থান নিতে বাধ্য করে বিজেপি তাঁর রাজনৈতিক অবস্থানকে চ্যালেঞ্জ জানাতে চাইছে।

২০২৭ সালের নির্বাচনে জয় পেতে অখিলেশ যে পিডিএ জোটের ওপর নির্ভর করছেন, তার মধ্যে রয়েছে অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি, দলিত এবং সংখ্যালঘু সম্প্রদায়। বিজেপির এই ইস্যুতে অখিলেশ সরাসরি অবস্থান নিলে তাঁর সংখ্যালঘু সমর্থকদের মধ্যে অস্বস্তি তৈরি হতে পারে। আবার অবস্থান না নিলে যাদব সম্প্রদায়ের একাংশের মধ্যে প্রশ্ন উঠতে পারে। এভাবেই তাঁকে রাজনৈতিকভাবে কঠিন পরিস্থিতিতে ফেলতে চাইছে বিজেপি।

পাঁচ মাস আগে থেকেই মথুরা ইস্যুতে সক্রিয় বিজেপি

মথুরায় কৃষ্ণমন্দির নির্মাণের দাবি সামনে আনার পরিকল্পনা নতুন নয়। গত ২৯ জুন হাতরাসে একটি সরকারি অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অখিলেশ যাদবকে কৃষ্ণ জন্মভূমি ‘মুক্ত’ করার আন্দোলনে প্রকাশ্যে সমর্থন জানানোর আহ্বান জানিয়েছিলেন।

এ সময় তিনি ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংসের মধ্য দিয়ে শেষ হওয়া রাম জন্মভূমি আন্দোলনের প্রসঙ্গ টেনে বলেন, ‘এবার প্রস্তুতি নিন, যাতে ভগবান কৃষ্ণ-কানাইয়ার জন্যও আমরা কিছু করতে পারি। এবার মথুরার কথা বলুন।’ অখিলেশ নিজেকে ধর্মপ্রাণ মনে করলে তাঁকে প্রকাশ্যে কৃষ্ণ জন্মভূমির দাবির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বানও জানান যোগী।

তবে বিজেপির এই অবস্থানের সঙ্গে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) সাম্প্রতিক বক্তব্যের কিছুটা পার্থক্য রয়েছে। অযোধ্যা বিরোধের আদালতের মাধ্যমে নিষ্পত্তির পর আরএসএস আনুষ্ঠানিকভাবে অন্যান্য ধর্মীয় বিরোধ নিয়ে নতুন আন্দোলন থেকে নিজেদের দূরে রাখার অবস্থান জানিয়েছিল। ২০২২ সালে বারাণসীর জ্ঞানবাপী মসজিদ নিয়ে বিতর্কের সময় আরএসএস প্রধান মোহন ভাগবত প্রশ্ন তুলেছিলেন, প্রতিটি মসজিদে কেন শিবলিঙ্গ খুঁজতে হবে। তিনি বলেছিলেন, এ ধরনের ইস্যুতে আরএসএস নতুন কোনো আন্দোলন শুরু করার পক্ষে নয়।

এর দুই বছর পরও ভাগবত বলেন, অযোধ্যার রামমন্দির হিন্দুদের বিশ্বাসের বিষয়। তবে চরম ঘৃণা, বিদ্বেষ, শত্রুতা ও সন্দেহের কারণে প্রতিদিন নতুন নতুন বিতর্কিত ইস্যু সামনে আনা গ্রহণযোগ্য নয়।

বিজেপিকে দুর্নীতির অভিযোগে পাল্টা আক্রমণ বিরোধীদের

মথুরা ইস্যুতে মৌর্যের বক্তব্যের পাল্টা জবাব দিয়েছেন অখিলেশ যাদব। তিনি মৌর্যের ধর্মীয় জ্ঞান ও আচার-অনুষ্ঠান পালনের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে তাঁকে ‘ভণ্ড’ বলে আখ্যা দেন। অখিলেশ বলেন, ‘তিনি কোনো স্তোত্র জানেন না, কোনো ধর্মীয় আচার-অনুষ্ঠানও পালন করেন না। তিনি একজন ভণ্ড মানুষ।’

অন্যদিকে, বিজেপির কৃষ্ণমন্দির নির্মাণের দাবিকে কেন্দ্র করে ধর্মীয় রাজনীতির পরিবর্তে দুর্নীতি, জমি অধিগ্রহণ ও উচ্ছেদের অভিযোগ সামনে এনেছে কংগ্রেস ও সমাজবাদী পার্টি। তাদের অভিযোগ, ধর্মীয় উন্নয়ন প্রকল্পকে নির্বাচনী স্বার্থে ব্যবহার করছে ক্ষমতাসীন দল।

কংগ্রেসের মুখপাত্র সুরেন্দ্র রাজপুত বলেন, ‘অযোধ্যায় তারা লুটপাট করেছে। এবার কি মথুরাও সেই তালিকায় যুক্ত হবে?’ তাঁর অভিযোগ, প্রস্তাবিত করিডর নির্মাণের নামে মথুরায় মানুষের বাড়িঘর ভেঙে ফেলা হচ্ছে। সমাজবাদী পার্টির সংসদ সদস্য রাজীব রায়ও অভিযোগ করেন, বিজেপি ধর্মীয় স্থানগুলোকে নিজেদের রাজনৈতিক এলাকা হিসেবে বিবেচনা করছে। অযোধ্যায় মন্দিরের দান করা অর্থ ও জমি চুরির অভিযোগ তুলে তিনি আশঙ্কা প্রকাশ করেন, মথুরা হতে পারে বিজেপির পরবর্তী লক্ষ্য।

এ প্রসঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ফৈজাবাদ আসনে বিজেপির পরাজয়ের বিষয়টিও তুলে ধরেন রাজীব রায়। উল্লেখ্য, অযোধ্যা ফৈজাবাদ লোকসভা কেন্দ্রের অন্তর্ভুক্ত। এ ছাড়া বারাণসী, প্রয়াগরাজ ও মথুরায় সাম্প্রতিক বিধান পরিষদ (এমএলসি) নির্বাচনেও বিজেপির পরাজয়ের কথা উল্লেখ করেন তিনি। রাজীব রায় বলেন, ‘যদি তাদের উদ্দেশ্য হয়, তারা লুটপাটের জন্য নতুন একটি জায়গা খুঁজে পেয়েছে এবং এবার মথুরায় গিয়ে লুটপাট করবে, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যেন তাদের সুবুদ্ধি দেন।’

সব মিলিয়ে, উত্তর প্রদেশের ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে মথুরার কৃষ্ণমন্দির ইস্যু বিজেপির রাজনৈতিক কৌশলে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। অযোধ্যার রামমন্দিরকে ঘিরে দীর্ঘদিনের রাজনৈতিক প্রচারণার পর এবার মথুরাকে সামনে এনে ধর্মীয় মেরুকরণের পাশাপাশি বিরোধী শিবিরের সামাজিক সমীকরণেও চাপ তৈরি করতে চাইছে দলটি। তবে এই কৌশল নির্বাচনে কতটা প্রভাব ফেলবে, তা নির্ভর করবে ভোটারদের প্রতিক্রিয়া এবং বিরোধীদের পাল্টা রাজনৈতিক অবস্থানের ওপর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত