Ajker Patrika

‘চা অথবা অন্যকিছু’—রাহুল গান্ধীকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ছাত্রীর প্রস্তাব

আজকের পত্রিকা ডেস্ক­
‘চা অথবা অন্যকিছু’—রাহুল গান্ধীকে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভারতীয় ছাত্রীর প্রস্তাব
ছবি: এনডিটিভি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ভারতের বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে চায়ের আমন্ত্রণ জানিয়ে আলোচনায় এসেছেন দিল্লির শিক্ষার্থী রিধি কাপুর। মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রাহুল গান্ধীর সঙ্গে প্রশ্নোত্তর পর্বে তিনি দিল্লির বায়ুদূষণ সমস্যার একটি সমাধান তৈরি করেছেন দাবি করে চা খেতে খেতে এ বিষয়ে আলোচনার প্রস্তাব দেন। তাঁর কথায় উপস্থিত দর্শকদের মধ্যে হাসির রোল পড়ে যায়।

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইন্টারন্যাশনাল অ্যান্ড পাবলিক অ্যাফেয়ার্স আয়োজিত অনুষ্ঠানে রিধি কাপুর জানান, ভারতে বিক্ষোভ চলাকালে রাহুল গান্ধী আটক হওয়ার পর তিনি তাঁর পক্ষে নিজের ক্লাসে একটি বক্তব্য দিয়েছিলেন।

জবাবে রাহুল রসিকতা করে জানতে চান, এরপর তাঁকেও আটক করা হয়েছিল কি না। রিধি হেসে বলেন, না।

পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর পর্যায়ের এই শিক্ষার্থী এরপর ভারতে বিভিন্ন প্রতিবাদ আন্দোলনে রাহুল গান্ধীর সমর্থন, শিক্ষার্থী নেতা নেহা বোরার নেতৃত্বে আন্দোলন এবং দেশটির বর্তমান পরিস্থিতিতে নাগরিক সমাজের ভূমিকা নিয়ে প্রশ্ন করেন।

একপর্যায়ে দিল্লির বায়ুদূষণ সমস্যার প্রসঙ্গ তুলে রিধি বলেন, তিনি এ সমস্যার একটি ‘সমাধান’ তৈরি করেছেন। বিষয়টি শুনে আগ্রহী হয়ে রাহুল জানতে চান, দিল্লির দূষণ সমস্যার সমাধান কী?

তখন রিধি বলেন, ‘আপনি চাইলে চা খেতে খেতে বা এ রকম কোনো সময় বিষয়টি নিয়ে আলোচনা করতে পারি।’

এ কথা শুনে মিলনায়তনে হাসির পরিবেশ তৈরি হয়। রাহুলও ইতিবাচক সাড়া দিয়ে বলেন, ‘ঠিক আছে, ঠিক আছে। আমরা তা করতে পারি।’

পরে রিধি তাঁদের কথোপকথনের একটি ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টেও প্রকাশ করেন।

অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তৃতীয় মেয়াদে দেশটির প্রতিবাদ আন্দোলন কোন দিকে এগোচ্ছে, সে প্রশ্নের জবাবে রাহুল গান্ধী বলেন, এত দিন ভয়ই ভারতে ভিন্নমত প্রকাশের পথে বড় বাধা ছিল। তবে শিক্ষার্থীদের আন্দোলন সেই ভয় ভেঙে দিয়েছে।

তিনি বলেন, আগে অনেক মানুষ প্রকাশ্যে নিজেদের মতামত জানাতে ভয় পেতেন। এখন সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে। শিক্ষার্থীরা যে সাহস দেখিয়েছে, তাদের অভিভাবকেরাও অতীতে তা দেখাতে পারেননি বলে মন্তব্য করেন তিনি।

রাহুল আরও বলেন, ভারতের নির্বাচনী ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা পুনরুদ্ধার করা প্রয়োজন। তাঁর অভিযোগ, এই ব্যবস্থা ক্ষমতাসীন বিজেপিকে সুবিধা দিচ্ছে। নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারাও অনিয়মের তথ্য প্রকাশ করতে শুরু করেছেন বলে দাবি করেন তিনি।

অনুষ্ঠানে ভারতের অর্থনীতি নিয়েও মন্তব্য করেন রাহুল। তিনি বলেন, ‘ভারত একটি অর্থনৈতিক বিপর্যয়ের দিকে এগিয়ে যাচ্ছে।’ তাঁর এ বক্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। দলটির মুখপাত্র প্রদীপ ভান্ডারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে রাহুলকে ‘ভারতবিরোধী প্রচারণার নেতা’ বলে মন্তব্য করেন।

এ ছাড়া ২০৪৭ সালের মধ্যে ভারতকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়েও কটাক্ষ করেন রাহুল। নির্দিষ্ট কোনো সাল উল্লেখ করে উন্নয়নের প্রতিশ্রুতি দেওয়ার পক্ষপাতী নন বলে জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত