
কাশ্মীরে মদ ইস্যু ঘিরে চলে বিতর্ক। ক্ষমতাসীন দল ন্যাশনাল কনফারেন্সের (এনসি) সভাপতি ও মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর পিতা ড. ফারুক আবদুল্লাহ বলেছেন, রাজস্ব আয় জড়িত থাকায় জম্মু–কাশ্মীরে পুরোপুরি মদ বিক্রি নিষিদ্ধ সম্ভব নয়। অন্যদিকে বিরোধী দলগুলো এবং কাশ্মীরের প্রধান ধর্মীয় নেতা মিরওয়াইজ উমর ফারুক, জম্মু–কাশ্মীর সরকারকে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, জম্মু–কাশ্মীরে মদ নিষিদ্ধ করা যে সহজ কোনো সিদ্ধান্ত নয়, তা বোঝাতে গিয়ে ফারুক আবদুল্লাহ ১৯৭০-এর দশকে সাবেক ভারতীয় প্রধানমন্ত্রী মোরারজি দেশাইয়ের জম্মু–কাশ্মীর সফরের প্রসঙ্গ টানেন। তিনি বলেন, ‘মোরারজি দেশাই মদ নিষিদ্ধের পক্ষে ছিলেন। তখন আমার বাবা, তৎকালীন মুখ্যমন্ত্রী শেখ আবদুল্লাহ তাঁকে বলেছিলেন যে কেন্দ্র যদি রাজস্ব ক্ষতির ক্ষতিপূরণ দেয়, তাহলে মদ বিক্রি বন্ধের বিষয়টি বিবেচনা করা যেতে পারে।’
ফারুক আবদুল্লাহ বলেন, কেন্দ্রীয় সরকার যদি এখনও সেই রাজস্ব ঘাটতির ক্ষতিপূরণ দিতে রাজি হয়, তাহলে জম্মু–কাশ্মীর সরকার ‘দুই মিনিটেই’ মদ বিক্রি বন্ধ করে দিতে পারে।
এদিকে, পিপলস ডেমোক্রেটিক পার্টি (পিডিপি), জেঅ্যান্ডকে আপনি পার্টিসহ একাধিক বিরোধী দল এবং মিরওয়াইজ উমর ফারুক জম্মু–কাশ্মীরে মদ বিক্রিতে পূর্ণ নিষেধাজ্ঞা দাবি করেছেন। তারা জম্মু–কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর বক্তব্যেরও সমালোচনা করেছেন। ওমর আবদুল্লাহ বলেছিলেন, ‘কাউকে জোর করে মদ্যপানে ঠেলে দেওয়া হচ্ছে না।’ এই সমালোচনার জবাবে ফারুক আবদুল্লাহ বলেন, ‘শুধু বিধিনিষেধ আরোপ করলেই মদ্যপান বন্ধ করা যাবে না। যারা পান করতে চায়, নিষেধাজ্ঞা থাকলেও তারা কোনো না কোনোভাবে তা সংগ্রহ করবে।’
মদের দোকানের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন, তাদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, ‘অতীতে যখন বিভিন্ন এলাকায় এসব দোকান খোলা হচ্ছিল, তখন তারা চুপ ছিলেন কেন? আমরা মদের দোকান খুলিনি। যারা খুলেছিল, তারাই এখন প্রতিবাদ করছে।’
জেঅ্যান্ডকে আপনি পার্টির সভাপতি আলতাফ বুখারি ওমর আবদুল্লাহ সরকারকে তামিলনাড়ু সরকারের কাছ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘তামিলনাড়ুর নবনির্বাচিত মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় দেখিয়ে দিয়েছেন প্রকৃত জননেতৃত্ব কাকে বলে। তাঁর সিদ্ধান্তগুলো স্পষ্টভাবে সেই জনগণের ইচ্ছা ও আবেগের প্রতিফলন, যারা তাঁকে নির্বাচিত করেছে। মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র দুই দিনের মাথায় তিনি রাজ্যজুড়ে মন্দির, স্কুল ও বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত ৭১৭টি মদের দোকান বন্ধের নির্দেশ দিয়েছেন।’
বুখারি বলেন, মুখ্যমন্ত্রী বিজয়ের এই সিদ্ধান্ত জম্মু–কাশ্মীর সরকারের জন্যও সতর্কবার্তা হওয়া উচিত। তিনি বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে এখানে রাজনৈতিক দলগুলো এখন দোষারোপের খেলায় মেতে উঠেছে। শাসকদল বলছে, ক্ষমতায় থাকাকালে পিডিপিও মদ নিষিদ্ধ করেনি। সেটা সত্য হতে পারে। কিন্তু তাই বলে এবার বিপুল জনসমর্থন পাওয়া এনসিকেও পিডিপির পথ অনুসরণ করতে হবে, এমন তো নয়।’
কাশ্মীরের প্রধান ধর্মীয় নেতা মিরওয়াইজ উমর ফারুক বলেন, জম্মু–কাশ্মীর মুসলিম-অধ্যুষিত অঞ্চল এবং এখানে মদ্যপান ‘সামাজিক ও ধর্মীয়ভাবে নিরুৎসাহিত।’ তিনি বলেন, ‘ভারতের বেশ কয়েকটি অমুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যও সমাজের ওপর ক্ষতিকর প্রভাবের কারণে মদের ওপর নিষেধাজ্ঞা বা বিধিনিষেধ আরোপ করেছে। তামিলনাড়ুর নতুন সরকারের প্রথম পদক্ষেপগুলোর একটি ছিল ৭০০টি মদের দোকান বন্ধ করা।’
মদের ওপর পূর্ণ নিষেধাজ্ঞা দাবি করে মিরওয়াইজ বলেন, ‘মাদকচক্রের বিরুদ্ধে চলমান অভিযান কাঙ্ক্ষিত ফল দেবে না, যদি মদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া না হয়। কারণ এটিও পরিবার ধ্বংস করছে।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বর্ণাঢ্য আয়োজনে স্বাগত জানিয়েছে চীন। বুধবার (১৩ মে) সন্ধ্যায় বেইজিংয়ে পৌঁছালে তাঁকে ঘিরে আয়োজন করা হয় লাল গালিচা সংবর্ধনা। দুই দিনের গুরুত্বপূর্ণ বৈঠকের জন্য চীনে গেছেন ট্রাম্প।
৮ মিনিট আগে
তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয় তাঁর ঘনিষ্ঠ জ্যোতিষী রাধান পণ্ডিতকে বিশেষ দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তবে আজ বুধবার সমালোচনার মুখে তাঁর নিয়োগ বাতিল করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যুদ্ধ মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার নিরাপত্তা জোটগুলোর সমীকরণ বদলে দেওয়ার প্রেক্ষাপটে পাকিস্তান ইঙ্গিত দিয়েছে, সৌদি আরবের সঙ্গে তাদের পারস্পরিক প্রতিরক্ষা সহযোগিতা চুক্তিতে তুরস্ক ও কাতারও যুক্ত হতে পারে। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্য
৩ ঘণ্টা আগে
থালাপতি বিজয় আপাতত নিরাপদ। তামিলনাড়ু বিধানসভায় আস্থা ভোটে উতরে গেছে তাঁর মুখ্যমন্ত্রিত্ব এবং সরকার। আজ বুধবার বিজয়ের পক্ষে ভোট দেন ১৪৪ আইনপ্রণেতা। যদিও তাঁর দলের বিধায়কের সংখ্যা মাত্র ১০৭ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
৪ ঘণ্টা আগে